১০:৪২ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রোববার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।
দীর্ঘ ১৫ বছর ধরে এই প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত লালন আখড়ায় লালনবাণীসহ লালন চর্চার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও সাধুদের উপস্থিতিতে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ এর মাধ্যমে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আয়োজকরা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এই প্রত্যন্ত স্থানে ২০১১ সাল থেকে প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষ রবিবার ভক্ত ও সাধুসন্নাসীদের আগমনের মাধ্যমে বাৎসরিক মিলন মেলা আয়োজন করা হয়ে থাকে। মিলন মেলাকে কেন্দ্র করে বসে জাঁকজমকপূর্ণ গ্রামীণ মেলা। স্থানীয় সাধু ছালেক শাহ প্রয়াত লালন সাঁইজির নামে ১০ শতক জমি ওয়াকফ করে গড়ে তুলেছেন ‘লালন আখড়াবাড়ি।’ বর্তমানে সেই আখড়াবাড়ি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় লালন উৎসব পালনের পর কুড়িগ্রামে অনুষ্ঠিত হয় এই লালন তিরোধান দিবস। দিনব্যাপী মেলা চলাকালীন সন্ধ্যার পর সাধু সঙ্গদের পরিবেশনায় রাতভর চলে ভাব-সংগীতের আসর। এই আসরে দেশের বিভিন্ন প্রান্তের লালন ভক্ত, বাউল ও অনুরাগীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা
সন্ধ্যায় ভাবসঙ্গীতের আসর উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা বিএনপির সদস্য ও সাংস্কৃতিক সংগঠক আলতাফ হোসেন, জেলা জাসাস আহ্বায়ক আহসান হাবীব সজিব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন অ্যাকাডেমির সভাপতি আবু নঈম, কুড়িগ্রাম লালন অ্যাকাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল।
এর আগে বিকেলে লালনের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান।
রাজশাহীর বাউল দুলাল শাহ জানান, "লালন শাহ মতাদর্শ দিয়ে গেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা সাধু সঙ্গের পদধূলি নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি।" অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউসুফ আলমগীর।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান জানান, এখানে বিভিন্ন জেলা থেকে সাধুরা এসেছেন। আগামীতে আমরা দেশের দ্বিতীয় চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
আরও পড়ুন: মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল
কুড়িগ্রাম লালন আখড়ার সাধারণ সম্পাদক নুরনবী জানান, কুষ্টিয়ায় অনুষ্ঠানের পর আমাদের এখানে দ্বিতীয় জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা এখানে ছুটে আসেন প্রাণের টানে। আমরা আগামীতে দুদিনব্যাপী লালন তিরোধান দিবস পালনের উদ্যোগ নেব।
কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ বলেন, "লালনপ্রিয় লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ বছর ধরে এই আখড়াটি পরিচালনা করে আসছি। এবার প্রথম জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রশাসনের লোকজন ও পুলিশ বিভাগ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আখড়ার সামনের রাস্তা সংস্কার ও পুকুরটি ভরাট করলে এখানে স্বাচ্ছন্দ্যে সারা দেশের মানুষ এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন