ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটের কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর


সিলেটের কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেট, ১৫ আগস্ট, ২০২৬ : সিলেট অঞ্চলের কৃষির অপার সম্ভাবনা কাজে লাগিয়ে পতিত ও এক ফসলি জমিকে চাষাবাদের আওতায় আনা, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধার সম্প্রসারণ এবং নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সিলেট নগরীর হোটেল মেট্রোর সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিলেটের হাওর ও নিম্নাঞ্চলের অনেক এলাকায় বছরের একটি নির্দিষ্ট সময়ে পানি জমে থাকে। এসব এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে উল্লেখযোগ্য পরিমাণ জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে। একইভাবে সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা যেতে পারে।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

তিনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণ এবং শুষ্ক মৌসুমে সেচের পানি নিশ্চিত করতে খাল খনন কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি সিলেটে আগাম তরমুজ চাষের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের চাষ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের মতো শীতপ্রবণ এলাকায় বিট চাষের সম্ভাবনাও যাচাই করা যেতে পারে। এ ধরনের কৃষিপণ্যের সম্ভাবনা মূল্যায়নে পাইলট প্রকল্প গ্রহণের প্রয়োজন রয়েছে।

তিনি আরো বলেন, সিলেট বিভাগের কৃষি ও প্রাণিসম্পদের সম্ভাবনা, কৃষকদের প্রশিক্ষণ, কৃষি উপকরণ সরবরাহ এবং এলাকাভিত্তিক প্রকল্প গ্রহণের বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিশেষ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের বড় অংশ কৃষিনির্ভর। তাই কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদনশীলতা ও কৃষকের আয় বাড়াতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি করা গেলে দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্য, বিশেষ করে চাল উৎপাদন ও রপ্তানিতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে।

আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তিনি বলেন, নতুন ফসল চাষে ঝুঁকি নেওয়া কৃষকরাই কৃষির নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছেন। তরমুজ ও পেঁয়াজসহ বিভিন্ন নতুন ফসলের চাষ সম্প্রসারণে কৃষকদের আরো উৎসাহিত করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে সিলেটের কৃষির সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’ এর প্রকল্প পরিচালক মো. রাকিব উদ্দিনসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় চালকের বাসচাপায় কুয়েতে প্রাণ গেল বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ভারতীয় চালকের বাসচাপায় কুয়েতে প্রাণ গেল বাংলাদেশির

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় ভারতীয় এক চালকের বাসের চাপায় মৃত্যু হয়েছে এক বাংলাদেশি বাস চালকের।

এই ঘটনাটি ঘটে শুক্রবার (১৪ আগস্ট), জানিয়েছে আরব টাইমস অনলাইন।

প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি চালক তার বাসে রটিন পরীক্ষা করছিলেন। পরীক্ষা-নিরীক্ষার এক পর্বে তিনি বাসের সামনের দিকে যান। ঠিক সেসময়, তার বাসের সামনে দাঁড়ানো আরেকটি বাস হঠাৎ করে পেছন দিকে চলে আসায়, তিনি দুই বাসের মধ্যে চাপা পড়েন।

এ ঘটনায় বাংলাদেশি চালক গুরুতর আহত হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাংলাদেশি চালকের নাম প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, তার জন্ম ১৯৭৬ সালে। অন্যদিকে, যে বাসটি পেছন দিকে আসতে গিয়ে তাকে চাপা দিয়েছে, সেটি চালাচ্ছিলেন একজন ভারতীয়, তার নামও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। ওই ভারতীয় ব্যক্তির জন্ম ১৯৮১ সালে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানার জন্য তদন্ত করা হচ্ছে। সেইসঙ্গে পুলিশ স্টেশনে একটি মামলাও দায়ের করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোনসহ মোছাঃ জেসমিন খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট, ২০২৬) রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল জাদুনগর গ্রামে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, জাদুনগর গ্রামের মোঃ মঞ্জুর হোসেনের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে অভিযান চালিয়ে একটি নীল রঙের বড় প্লাস্টিকের ড্রামে সুকৌশলে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা।

উদ্ধারকৃত মোবাইলের মধ্যে রয়েছে:

Vivo: ১১০টি

Oppo: ৭০টি

Realme: ৩৬টি

Samsung: ২৫টি

Motorola: ১৫টি

Redmi: ১০টি

Poco: ১০টি

iQOO: ০৯টি

OnePlus (1+): ০৮টি

Narzo: ০৪টি

Poco (Coco): ০৩টি

অন্যান্য ব্র্যান্ড: ১০টি

অভিযানের সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ মঞ্জুর হোসেনের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


ময়মনসিংহে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ, ১৫ আগস্ট ২০২৬ : আজ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি, পাশাপাশি অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে করা হয়েছে।

আজ শনিবার দুপুর ২ টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এডভোকেট এম.এ হান্নান খান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে মহানগরী এবং সদর উপজেলার প্রতিটি মসজিদে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

এ সময় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী হিসাবে গড়ে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সাবেক আরএমও হোসেন ইমামের বিরুদ্ধে তদন্তে সত্যতা, বিভাগীয় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সাবেক আরএমও হোসেন ইমামের বিরুদ্ধে তদন্তে সত্যতা, বিভাগীয় মামলা

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তৎকালীন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা তদন্ত কমিটি পেয়েছে। এই কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখার সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিভাগীয় মামলার নম্বর ১০/২০২৬।

এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডা. হোসেন ইমামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ের ১১-২০ গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্নপত্র অন্যায়ভাবে ফাঁস করা হয়েছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।

এ কারণে চাকরি বিধিমালা অনুযায়ী কেন ডা. হোসেন ইমামকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো উপযুক্ত দণ্ড দেওয়া হবে না—সে বিষয়ে নোটিশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গভীর রাতে পরীক্ষার্থীদের বাসা থেকে বের হওয়ার অভিযোগ

জানা গেছে, ২০২৫ সালের ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর গভীর রাত, ভোর এবং সকালে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তৎকালীন আরএমও ডা. হোসেন ইমামের নিজ বাসা থেকে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে বের হতে দেখা যায়।

এই ঘটনার অভিযোগ ওঠে, অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় কিছু পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। বিষয়টি তখন ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং বিভিন্ন মহল থেকে ঘটনার তদন্তের দাবি ওঠে। পরীক্ষা পরিচালনার সঙ্গে আরএমও হিসেবে ডা. হোসেন ইমামের সরাসরি কোনো সম্পৃক্ততা না থাকার কথা থাকলেও অভিযোগের গুরুত্ব বিবেচনায় তৎকালীন জেলা প্রশাসক বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি জানায়, তৎকালীন আরএমও ডা. হোসেন ইমামের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় সাতটি পদে মোট ১১৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ২০২৫ সালের ৪ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত।

পদগুলোর মধ্যে ছিল—

স্বাস্থ্য সহকারী — ৯৭ জন, পরিসংখ্যানবিদ — ৩ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান — ১ জন, স্টোর কিপার — ৪ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ৫ জন, ড্রাইভার — ৪ জন।

আরও কেউ জড়িত কী না, জানা নেই: সিভিল সার্জন

এ ঘটনায় ডা. হোসেন ইমাম ছাড়া অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে কি না—এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এসএম কামাল হোসেন বলেন, এ ধরনের তথ্য তার জানা নেই। বিষয়টি তদন্ত কমিটি জানাতে পারবে।

এদিকে, বিভাগীয় মামলার পর ডা. হোসেন ইমামের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত কী হয়, তা এখন দেখার বিষয়। কারণ দর্শানোর জবাব এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%