০১:০৭ পি.এম
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপাতলা গ্রামের একটি কলাবাগান থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সূত্রে জানা গেছে, শ্রীনাথপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬১/৯-আর থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রুহান মিয়ার কলাবাগানে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে ওই ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামের ইয়াকুব হোসেন (৩৮) ও ইমামুল হোসেন (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিধি বাসুরিয়া গ্রামের হরপ্রসাদ মণ্ডল (৫৫) ও তাড়াইল গ্রামের অসীম মণ্ডল (৪২), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সকারিকাটি গ্রামের শিব কুমার মণ্ডল (৩২) এবং যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের ওলিয়ার রহমান (৩২)।
আরও পড়ুন: যশোরের মনিরামপুরে খালে প্লাস্টিকের বস্তায় মিলল বৃদ্ধের মরদেহ
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ছয় বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন