০১:০৯ পি.এম
দীপাবলি উপলক্ষে এক ভিন্ন ধরনের ও অদ্ভুত চাকরির সুযোগ নিয়ে এসেছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুয়িশ’। কোম্পানিটি সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখার এবং প্ল্যাটফর্মে কোন বিষয়গুলো ট্রেন্ড করছে বা ভাইরাল হচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য কর্মী খুঁজছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের ভিত্তিতে, সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে চাকরির বিবরণ এবং আবেদনের প্রক্রিয়া সবার সামনে তুলে ধরেন।
ভিডিওটিতে প্রতিষ্ঠানটির একজন সদস্যকে বলতে শোনা যায়, তারা এমন একজন কর্মী খুঁজছেন যিনি সারাদিন ইনস্টাগ্রামে স্ক্রোল করবেন এবং প্ল্যাটফর্মে কী ভাইরাল হচ্ছে তা জানাবেন। যারা সত্যিকার অর্থে ইনস্টাগ্রাম ব্যবহার করে সময় কাটাতে ভালোবাসেন, মূলত তাদের জন্যই এই সুযোগ এবং কোম্পানি এই কাজের জন্য বেতনও প্রদান করবে।
আরও পড়ুন: স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী অন্দরমহল
উদয়পুরের প্রার্থীদের ভিডিওটিতে ‘হাই’ (Hi) কমেন্ট করতে বলা হয়েছে। এরপর সরাসরি মেসেজের মাধ্যমে তাদের আবেদনের লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে থাকা লিংকের মাধ্যমে আগ্রহীরা গুগল ফরম পূরণ করে আবেদন করতে পারছেন। আবেদন ফরমটিতে নাম, ফোন নম্বর এবং ঠিকানা দেওয়ার পাশাপাশি ফুলটাইম চাকরি নাকি ইন্টার্নশিপ—তা নির্বাচন করতে হয়। একই সঙ্গে কাঙ্ক্ষিত পদ, বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করে আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত বা সিভি আপলোড করতে হচ্ছে।
কোম্পানি জানিয়েছে, প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
গত ৪ নভেম্বর প্রকাশিত এই ইনস্টাগ্রাম ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশি মানুষ দেখেছেন এবং এটি অনলাইনে দারুণ সাড়া ফেলেছে। কোম্পানির দাবি, ১১ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে আবেদন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি
চাকরির এই অদ্ভুত বিজ্ঞাপনটি নেটদুনিয়ায় দারুণ কৌতূহল ও মজার সব প্রতিক্রিয়া তৈরি করেছে। এক ব্যবহারকারী এটিকে ‘নিখুঁত চাকরি’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ একে ‘স্বপ্নের চাকরি’ হিসেবে বর্ণনা করেছেন। অনেকে আবার রসিকতা করে কোম্পানিকে তাদের নিয়োগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন