ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার


যশোরে ২৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি, এটি সাম্প্রতিক সময়ে যশোরে উদ্ধার হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান।

রবিবার বিকেলে শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে শার্শা উপজেলার নাভারণ পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে রিপনকে গ্রেফতার করা হয়।

রাতে যশোর কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রিকশায় থাকা রিপনকে আটক করে তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

পুলিশের ভাষ্য, রিপন চট্টগ্রাম থেকে বাসে করে ইয়াবার চালান নিয়ে যশোরে আসেন। ঝুমঝুমপুর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিপনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুউক’র অভিযানে কুমিল্লায় ৪ ভবনের কাজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১১ পি.এম


কুউক’র অভিযানে কুমিল্লায় ৪ ভবনের কাজ বন্ধ

কুমিল্লা, ৩০ আগস্ট, ২০২৬ : ইমারত নির্মাণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা না মানার অভিযোগে নগরীতে অভিযান চালিয়ে নির্মাণাধীন চারটি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় 

অভিযানে নির্মাণকাজের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র না থাকা, ভবনে পর্যাপ্ত চলাচলের পথ না রাখা, পার্কিং ও সেটব্যাকের জায়গা না রাখা এবং ফুটপাত দখল করে সিঁড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।

অভিযানে নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন, বাদুরতলা সড়কের ইব্রাহিম কাজী টাওয়ার, নূরজাহান ট্রেড সেন্টার এবং রামঘাট এলাকার আলম ভিলার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ফৌজদারি মোড় এলাকার ডেলমন ডেভেলপারসের লতিফ কুঞ্জ, সিলভার শফিউল টাওয়ার ও কাউসার গার্ডেন ভবনকে নোটিশ দেওয়া হয়েছে। 

এসব ভবনের মালিকদের নির্মাণকাজের অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার প্রকৌশলী মো. শরিফুল হক বাসসকে বলেন, অভিযানে কয়েকটি ভবনের নির্মাণকাজের অনুমোদনের কাগজপত্র পাওয়া যায়নি। কিছু ভবনে বিধিমালা অনুযায়ী চলাচলের জায়গা না রেখেই বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি পার্কিং বে ও সেটব্যাক না রাখা, সিঁড়ি ও সীমানাপ্রাচীর ফুটপাতের ওপর নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, অভিযানে চারটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কুমিল্লাকে পরিকল্পিত, নিরাপদ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভবন মালিক, ডেভেলপার ও সংশ্লিষ্ট সবাইকে নির্মাণবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক গুম দিবসে ঢাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১২ পি.এম


আন্তর্জাতিক গুম দিবসে ঢাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)।

রবিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাত ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, গুমের অভিযোগের তদন্ত ও বিচার প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে রেখে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে পরিচালনা করা এবং অভিযুক্ত বাহিনীকে তদন্তের দায়িত্ব না দেওয়া।

এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব গুমের অভিযোগ দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি গুমের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।

গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বাস্তবায়নে সীমাবদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর অগ্রগতি নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশের দাবিও জানায় সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের গুরুদাসপুরে ধানুড়া বালিকা বিদ্যালয় নির্মানের ৩ বছরেই ভবন ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর.রাজশাহী প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


নাটোরের গুরুদাসপুরে ধানুড়া বালিকা বিদ্যালয় নির্মানের ৩ বছরেই ভবন ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নাটোরের গুরুদাসপুরে সরকারি নির্দেশনা ছাড়া একটি বিদ্যালয়ের একতলা বিশিষ্ট নতুন ভবন এবং একটি আধাপাকা ভবন ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনা ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া বালিকা বিদ্যালয়ে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গুরুদাসপুর অফিসের সূত্রে জানা গেছে, জাপানের সাহায্য সংস্থা (জাইকা) অর্থায়নে ২২ লাখ টাকায় নির্মিত একতলা ভবনটি ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

কিন্তু মাত্র তিন বছর যেতে না যেতেই প্রধান শিক্ষক মো. আলমগীর ভবনটি ভেঙে রড ও ইট বিক্রি করে সমূদয় আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। নতুন ভবনের পাশাপাশি আরেকটি আধাপাকা ভবনও ভেঙে বিক্রি করার অভিযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি এবং উপজেলা প্রশাসনও অবগত নয়।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, “শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) নির্দেশনার আলোকে গঠিত তদন্ত বা কারিগরি কমিটির মাধ্যমে প্রথমে ভবনটিকে ঝুঁকিপূর্ণ বা ব্যবহার অনুপযোগী/পরিত্যক্ত ঘোষণা করতে হয়।

বিশেষজ্ঞ মূল্যায়ন: প্রকৌশলী বা বিশেষজ্ঞ দ্বারা স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট (Structural Assessment) বা পরীক্ষা সম্পন্ন করে ভবনটি ভাঙার পক্ষে মতামত নিতে হয়।

অনুমোদন ও নিলাম: হঠাৎ করে বা নিজস্ব সিদ্ধান্তে কোনো স্কুল ভবন ভাঙা বা বিক্রি করা আইনগতভাবে নিষিদ্ধ। ভবন ভাঙার আগে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশে নিলাম বা বিধিমালা মেনে অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটি কোনো প্রক্রিয়াই অনুসরণ করেননি।

রোববার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, যেখানে জাপানের সাহায্য সংস্থা (জাইকা) একতলা ভবনটির অস্তিত্ব ছিল, সেখানে এখন কিছুই নেই। ভবনের বীমের খনন করা হয়েছে। পুরাতন আধাপাকা ভবনটিও নেই। এগুলো ভাঙচুরের পর ইট-রড কিংবা কোনো খোয়ার অস্তিত্ব নেই। সুনিপুণভাবে সকল আলামত নিশ্চিহ্ন করা হয়েছে। বোঝার উপায় নেই, সেখানে একটি পাকা ও একটি আধাপাকা ভবন ছিল। অন্য ভবনে পাঠদান চলছে যথারীতি।

স্থানীয়রা জানায়, গেল প্রায় দুই মাস ধরে মিস্ত্রিরা নতুন ও পুরাতন ভবন দুটি ভেঙেছেন। প্রধান শিক্ষক মো. আলমগীর এবং পরিচালনা কমিটির সভাপতি সরকারি দলের আশীর্বাদপুষ্ট হওয়ার কারণে কেউ প্রতিবাদও করেননি। উপরন্তু, ভবন দুটি ইট-রডসহ অন্যান্য উপকরণ প্রধান শিক্ষক বিক্রি করেছেন।

প্রধান শিক্ষক মো. আলমগীর ভবন ভেঙে বিক্রি করার অভিযোগটি স্বীকার করে বলেন, স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজের সহায়তায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের অনুমোদন হয়েছে। গত ২৬ আগস্ট তা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি।

নতুন এই ভবনটির অনুমোদন পেতে আগের একতলা বিশিষ্ট ভবনসহ পুরাতন ভবনটি ভেঙে ফেলা হয়েছে। জায়গা সংকটের কারণে এটি করতে বাধ্য হয়েছেন তিনি। সময় স্বল্পতার কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে পারেননি। তবে মাইকিং করে একজন দরদাতার কাছে প্রায় ১ লাখ টাকায় নতুন ও পুরাতন ভবন দুটি বিক্রি হয়েছে বলে দাবি করেন প্রধান শিক্ষক। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশনের কথা দাবি করা হলেও তা দেখাতে পারেননি প্রধান শিক্ষক।

উপজেলা প্রকৌশলী মিলন মিয়া বলেন, নারী শিক্ষা প্রসারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে উপজেলা পরিষদের সুপারিশে জাপানি সংস্থা (জাইকা) অর্থায়নে ২২ লাখ টাকায় ভবনটি তৈরি করা হয়েছিল। হঠাৎ করেই সম্প্রতি জানতে পারেন ওই ভবনটি ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়নি। বিষয়টি ইউনওকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ দুঃখ প্রকাশ করে বলেন, নিয়মনীতি উপেক্ষা করেই প্রধান শিক্ষক নতুন একতলা ভবনটি ভেঙে বিক্রি করে দিয়েছেন। তাঁর অনুমোদন নেওয়ার প্রয়োজনবোধ করেননি। প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) বর্তমান সভাপতি রনি আহম্মেদ মুঠোফোনে বলেন, “দেড়-দুই মাস ধরে দায়িত্বে রয়েছেন তিনি। ভবন ভাঙা ও বিক্রির বিষয়টি জানা নেই তাঁর। তাছাড়া প্রতিষ্ঠানের হিসাব-নিকাশের বিষয়টিও অজ্ঞাত রয়েছে। এডহক কমিটির সভাপতি হওয়ার কারণে হিসাব চাইতেও পারছেন না। দায়দায়িত্ব প্রধান শিক্ষকের বলে জানান তিনি।

সাবেক সভাপতি মোতালেব হোসেন বলেন, বিদ্যালয়ে নতুন ভবন হবে- এই কারণে জমির মাপজোক বিষয়ে মিটিং হয়েছিল। তবে ভবন ভাঙা এবং নীতিমালা প্রণয়ন, কত টাকায় তা বিক্রি হয়েছে, সে টাকা কোথায় কিভাবে ব্যয় হয়েছে, প্রধান শিক্ষক বলতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

সংসদ ভবন, ৩০ আগস্ট, ২০২৬ : অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকার ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে শেরপুর-১ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সদস্য এম রাশেদুল ইসলাম রাশেদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ই-কমার্স ব্যবসা একটি চলমান প্রক্রিয়া। ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নিবন্ধিত মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনা হবে।

তিনি বলেন, দেশে কোভিড-১৯ মহামারির আগে ও পরে অনলাইন ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। এসব এমএলএম কোম্পানিকে আইনি কাঠামোর আওতায় আনতে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ডিজিটাল কমার্স নীতি, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকাসহ বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে।

ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউ-কম, ধামাকা শপিং ও আলিশা মার্টসহ কয়েকটি এমএলএম কোম্পানির আর্থিক প্রতারণার প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মোট ৫৮ হাজার ৭২০টি আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন।

এসব অভিযোগের বিপরীতে আর্থিক দাবির পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০২২ সাল পর্যন্ত দেশে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি ও নিবন্ধনের জন্য কোনো আইনগত কর্তৃপক্ষ ছিল না। পরবর্তীতে, বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা জারি করে এবং এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়ার দায়িত্ব যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) দেওয়া হয়।

তিনি জানান, এ পর্যন্ত আরজেএসসি প্রায় ১ হাজার ৯০২টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল নিবন্ধন দিয়েছে।

অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়েরের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩১ কোটি টাকা উদ্ধার করেছে বলেও জানান মন্ত্রী।

উদ্ধার করা অর্থের মধ্যে ৪৭২ কোটি টাকা ইতোমধ্যে প্রকৃত ভোক্তাদের হিসাবে বিতরণ করা হয়েছে। বাকি অর্থ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত ভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%