ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ


অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

সংসদ ভবন, ৩০ আগস্ট, ২০২৬ : অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকার ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে শেরপুর-১ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সদস্য এম রাশেদুল ইসলাম রাশেদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ই-কমার্স ব্যবসা একটি চলমান প্রক্রিয়া। ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নিবন্ধিত মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনা হবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তিনি বলেন, দেশে কোভিড-১৯ মহামারির আগে ও পরে অনলাইন ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। এসব এমএলএম কোম্পানিকে আইনি কাঠামোর আওতায় আনতে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ডিজিটাল কমার্স নীতি, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকাসহ বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে।

ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউ-কম, ধামাকা শপিং ও আলিশা মার্টসহ কয়েকটি এমএলএম কোম্পানির আর্থিক প্রতারণার প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মোট ৫৮ হাজার ৭২০টি আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন।

এসব অভিযোগের বিপরীতে আর্থিক দাবির পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০২২ সাল পর্যন্ত দেশে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি ও নিবন্ধনের জন্য কোনো আইনগত কর্তৃপক্ষ ছিল না। পরবর্তীতে, বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা জারি করে এবং এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়ার দায়িত্ব যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) দেওয়া হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তিনি জানান, এ পর্যন্ত আরজেএসসি প্রায় ১ হাজার ৯০২টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল নিবন্ধন দিয়েছে।

অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়েরের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩১ কোটি টাকা উদ্ধার করেছে বলেও জানান মন্ত্রী।

উদ্ধার করা অর্থের মধ্যে ৪৭২ কোটি টাকা ইতোমধ্যে প্রকৃত ভোক্তাদের হিসাবে বিতরণ করা হয়েছে। বাকি অর্থ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত ভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী বছর দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে : ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


আগামী বছর দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে : ববি হাজ্জাজ

রংপুর, ৩০ আগস্ট, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৭ শিক্ষাবর্ষেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে।তিনি বলেন, চলমান পাইলটিং কর্মসূচির ফলাফলে কোনো ত্রুটি ধরা পড়লে বছরের শুরুতে না হলেও আগামী বছরের মধ্যেই এ কর্মসূচি চালু করা হবে।

আজ রোববার রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে এ কর্মসূচির পাইলটিং চলছে এবং এর ফলাফল ইতিবাচক। আগামীকাল দিনাজপুরে পাইলটিং কর্মসূচির ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আরও কিছু চিত্র পাওয়া যাবে।

তিনি বলেন, পাইলটিংয়ের ফলাফল সন্তোষজনক থাকলে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই দেশব্যাপী কর্মসূচি চালু করা হবে। কোনো ত্রুটি বা সমস্যা চিহ্নিত হলে কিছুটা বিলম্ব হলেও একই শিক্ষাবর্ষে এটি চালু করা হবে।

দেশে শিক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থী কমা-বাড়া বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো প্রত্যেক শিশু বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং সঠিক শিক্ষা লাভ করছে কি না।

ববি হাজ্জাজ বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যাতে মানসম্মত শিক্ষা দিতে পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রত্যেক শিশুর বিদ্যালয়ে যাওয়া এবং প্রতিটি বিদ্যালয়ে সঠিক শিক্ষা প্রদান-দুটি বিষয়ে কোনো আপস করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাজাগতিক রহস্যের খোঁজে মহাশূন্যে নাসার ৪০০ কোটি ডলারের টেলিস্কোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


মহাজাগতিক রহস্যের খোঁজে মহাশূন্যে নাসার ৪০০ কোটি ডলারের টেলিস্কোপ

মহাবিশ্বের জন্ম কীভাবে হলো? ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির আসল রহস্যই বা কী? সৌরজগতের বাইরে কি আরও এমন কোনো গ্রহ আছে? এসব মহাজাগতিক রহস্যের জট খুলতে এবার মহাশূন্যে পাড়ি জমাল নাসার নতুন স্পেস টেলিস্কোপ ‘ন্যান্সি গ্রেস রোমান’।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে চড়ে এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ৪০০ কোটি ডলারের এই প্রকল্প জ্যোতির্বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করবে।

রোমান টেলিস্কোপটি পৃথিবী থেকে প্রায় ১৬ লাখ কিলোমিটার দূরের কক্ষপথ ‘ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ২’-এর দিকে এগিয়ে যাচ্ছে। আপাতত এর মিশন পাঁচ বছরের হলেও, এতে আরও পাঁচ বছর চলার মতো পর্যাপ্ত জ্বালানি রয়েছে। এটি মূলত জেমস ওয়েব এবং হাবল টেলিস্কোপের কাজগুলোকে আরও এগিয়ে নেবে।

নাসার বিজ্ঞান মিশন দপ্তরের প্রধান নিকোলা ফক্স জানান, হাবল ও জেমস ওয়েব মহাবিশ্বকে অনেকটা দরজার ‘চাবির ছিদ্র’ দিয়ে দেখেছে। কিন্তু রোমান টেলিস্কোপ সরাসরি সেই দরজা ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করবে।

হাবলের মতোই তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে রোমানের। তবে এর কাজের গতি হাবলের চেয়ে অনেক বেশি। প্রজেক্ট বিজ্ঞানী জুলি ম্যাকএনারি জানান, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির জরিপ করতে হাবল টেলিস্কোপের প্রায় ১০০ বছর লাগত। অথচ রোমান মাত্র এক মাসেই সেই কাজ করতে পারবে। ওয়েব টেলিস্কোপ ক্যামেরার ‘জুম লেন্সের’ মতো কাজ করে। অন্যদিকে রোমান কাজ করবে ‘ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স’ হিসেবে। এটি একসঙ্গে মহাবিশ্বের বিশাল অংশের প্যানোরামিক ছবি তুলবে।

এই টেলিস্কোপ ২০০ কোটির বেশি গ্যালাক্সি পর্যবেক্ষণ করে মহাবিশ্বের সবচেয়ে বড় থ্রিডি ম্যাপ তৈরি করবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা অদৃশ্য ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারের আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা পরিমাপ করবেন। পাশাপাশি হাজার হাজার নতুন এক্সোপ্লানেট (সৌরজগতের বাইরের গ্রহ) আবিষ্কারেও এটি সাহায্য করবে। নির্ধারিত সময়ের ৯ মাস আগেই এই টেলিস্কোপটি সফলভাবে উৎক্ষেপণ করল নাসা।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইমচরে বিকল্প সড়ক ও বাজার দখলমুক্ত করার তাগিদ এমপি মানিকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


হাইমচরে বিকল্প সড়ক ও বাজার দখলমুক্ত করার তাগিদ এমপি মানিকের

চাঁদপুর, ৩০ আগস্ট, ২০২৬ : জেলার হাইমচরে বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু, বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয় পরিষ্কার এবং নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায়। 

একই সঙ্গে কৃষকদের জন্য সার সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিকল্প সড়ক প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, হাইমচর-চাঁদপুরের বিকল্প সড়কের বিষয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দ্রুতই সড়কটির কাজ শুরু করা হবে। সড়কটি চালু হলে হাইমচরের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জলাবদ্ধতা ও পরিবেশ রক্ষায় উপজেলার সরকারি-বেসরকারি সব পুকুর ও জলাশয় কচুরিপানামুক্ত রাখার নির্দেশনা দেন তিনি। জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মৎস্য সম্পদ সংরক্ষণে নদীতে নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার কথা বলেন সংসদ সদস্য। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, জনতা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। জনসাধারণের চলাচলের সড়ক ও জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি হাইমচর বাজারে দ্রুত একটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য জায়গা নির্ধারণের নির্দেশনা দেন তিনি।

সভায় কৃষকদের সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়ম ও হয়রানি বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ সংরক্ষণ, সার ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর থানার ওসি শাহ আলমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে পার্কিং টিকিটের জরিমানা কমানোর সুযোগ, জানুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


নিউইয়র্কে পার্কিং টিকিটের জরিমানা কমানোর সুযোগ, জানুন নিয়ম

নিউইয়র্ক সিটিতে পার্কিং টিকিটের জরিমানা একবারে পরিশোধ করতে না পারলে নির্দিষ্ট শর্তে কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়, প্রথমবার টিকিট পেলেই জরিমানা কমে যাওয়া বা মাসে মাত্র ২০ ডলার করে পরিশোধের যে দাবি করা হচ্ছে, তার সঙ্গে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের বর্তমান নিয়মের মিল নেই।

ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে পার্কিং ও ক্যামেরা ভায়োলেশনের বকেয়া জরিমানা কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। সাধারণ কিস্তি পরিকল্পনায় ৩৫০ ডলার বা তার বেশি বকেয়া থাকলে সাধারণত মোট বকেয়ার অন্তত ২০ শতাংশ আগে পরিশোধ করতে হয় এবং বাকি অর্থ সর্বোচ্চ ২৪ মাসে পরিশোধ করা যায়। ৩৫০ ডলারের কম বকেয়ার ক্ষেত্রে আলাদা শর্ত প্রযোজ্য।

কম আয়ের চালকদের জন্য আরও একটি বিশেষ কিস্তি পরিকল্পনা রয়েছে। ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের তথ্য অনুযায়ী, যাদের সমন্বিত বার্ষিক আয় ৮৬ হাজার ৪০০ ডলারের নিচে, তারা নির্দিষ্ট শর্ত পূরণ করলে মডারেট ইনকাম পেমেন্ট প্ল্যানের জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে ন্যূনতম ১৫ শতাংশ অগ্রিম পরিশোধের পর সর্বোচ্চ ১৮ মাসে বাকি অর্থ পরিশোধের সুযোগ থাকতে পারে।

আর্থিক সংকটে থাকা কিছু ব্যক্তির জন্য হার্ডশিপ পেমেন্ট প্ল্যানও রয়েছে। বেকারত্ব, পরিবারের উপার্জনক্ষম সদস্য হারানো বা প্রাকৃতিক দুর্যোগে বাড়ি হারানোর মতো নির্দিষ্ট পরিস্থিতিতে যোগ্য ব্যক্তিরা এ সুবিধার জন্য আবেদন করতে পারেন। এই পরিকল্পনায় ন্যূনতম ৫ শতাংশ অগ্রিম পরিশোধ এবং সর্বোচ্চ ২৪ মাসের কিস্তির সুযোগ থাকতে পারে। তবে আবেদন অনুমোদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ও আয়সংক্রান্ত তথ্য যাচাই করা হয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিস্তিতে পরিশোধের সুবিধা পাওয়া মানেই জরিমানা মাফ বা কমে যাওয়া নয়। বকেয়া অর্থের ওপর সুদ জমতে থাকে যতক্ষণ না পুরো অর্থ পরিশোধ করা হয়। নিয়মিত কিস্তি পরিশোধ করলে গাড়ি বুট করা বা টো করার মতো কিছু ব্যবস্থা এড়ানো যেতে পারে। 

এ ছাড়া কোনো পার্কিং টিকিট ভুলভাবে দেওয়া হয়েছে বলে মনে হলে সেটি নির্ধারিত সময়ের মধ্যে ডিসপিউট করার সুযোগ রয়েছে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স জানিয়েছে, টিকিট পাওয়ার পর সাধারণত ৩০ দিনের মধ্যে তা পরিশোধ বা ডিসপিউট করা উচিত। দেরি হলে অতিরিক্ত জরিমানা যোগ হতে পারে।

তাই ১১৫ বা ১৫০ ডলারের পার্কিং টিকিট পেলেই ৩০ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে কিংবা প্রথমবার টিকিট পাওয়ার কারণে জরিমানা কমে যাবে, এমন কোনো সাধারণ নিয়ম নেই। বরং যোগ্যতা অনুযায়ী কিস্তি পরিকল্পনা, আর্থিক সংকটের ক্ষেত্রে বিশেষ সুবিধা অথবা টিকিট ডিসপিউট করার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%