ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কে পার্কিং টিকিটের জরিমানা কমানোর সুযোগ, জানুন নিয়ম


নিউইয়র্কে পার্কিং টিকিটের জরিমানা কমানোর সুযোগ, জানুন নিয়ম

নিউইয়র্ক সিটিতে পার্কিং টিকিটের জরিমানা একবারে পরিশোধ করতে না পারলে নির্দিষ্ট শর্তে কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়, প্রথমবার টিকিট পেলেই জরিমানা কমে যাওয়া বা মাসে মাত্র ২০ ডলার করে পরিশোধের যে দাবি করা হচ্ছে, তার সঙ্গে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের বর্তমান নিয়মের মিল নেই।

ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে পার্কিং ও ক্যামেরা ভায়োলেশনের বকেয়া জরিমানা কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। সাধারণ কিস্তি পরিকল্পনায় ৩৫০ ডলার বা তার বেশি বকেয়া থাকলে সাধারণত মোট বকেয়ার অন্তত ২০ শতাংশ আগে পরিশোধ করতে হয় এবং বাকি অর্থ সর্বোচ্চ ২৪ মাসে পরিশোধ করা যায়। ৩৫০ ডলারের কম বকেয়ার ক্ষেত্রে আলাদা শর্ত প্রযোজ্য।

কম আয়ের চালকদের জন্য আরও একটি বিশেষ কিস্তি পরিকল্পনা রয়েছে। ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের তথ্য অনুযায়ী, যাদের সমন্বিত বার্ষিক আয় ৮৬ হাজার ৪০০ ডলারের নিচে, তারা নির্দিষ্ট শর্ত পূরণ করলে মডারেট ইনকাম পেমেন্ট প্ল্যানের জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে ন্যূনতম ১৫ শতাংশ অগ্রিম পরিশোধের পর সর্বোচ্চ ১৮ মাসে বাকি অর্থ পরিশোধের সুযোগ থাকতে পারে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

আর্থিক সংকটে থাকা কিছু ব্যক্তির জন্য হার্ডশিপ পেমেন্ট প্ল্যানও রয়েছে। বেকারত্ব, পরিবারের উপার্জনক্ষম সদস্য হারানো বা প্রাকৃতিক দুর্যোগে বাড়ি হারানোর মতো নির্দিষ্ট পরিস্থিতিতে যোগ্য ব্যক্তিরা এ সুবিধার জন্য আবেদন করতে পারেন। এই পরিকল্পনায় ন্যূনতম ৫ শতাংশ অগ্রিম পরিশোধ এবং সর্বোচ্চ ২৪ মাসের কিস্তির সুযোগ থাকতে পারে। তবে আবেদন অনুমোদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ও আয়সংক্রান্ত তথ্য যাচাই করা হয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিস্তিতে পরিশোধের সুবিধা পাওয়া মানেই জরিমানা মাফ বা কমে যাওয়া নয়। বকেয়া অর্থের ওপর সুদ জমতে থাকে যতক্ষণ না পুরো অর্থ পরিশোধ করা হয়। নিয়মিত কিস্তি পরিশোধ করলে গাড়ি বুট করা বা টো করার মতো কিছু ব্যবস্থা এড়ানো যেতে পারে। 

এ ছাড়া কোনো পার্কিং টিকিট ভুলভাবে দেওয়া হয়েছে বলে মনে হলে সেটি নির্ধারিত সময়ের মধ্যে ডিসপিউট করার সুযোগ রয়েছে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স জানিয়েছে, টিকিট পাওয়ার পর সাধারণত ৩০ দিনের মধ্যে তা পরিশোধ বা ডিসপিউট করা উচিত। দেরি হলে অতিরিক্ত জরিমানা যোগ হতে পারে।

তাই ১১৫ বা ১৫০ ডলারের পার্কিং টিকিট পেলেই ৩০ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে কিংবা প্রথমবার টিকিট পাওয়ার কারণে জরিমানা কমে যাবে, এমন কোনো সাধারণ নিয়ম নেই। বরং যোগ্যতা অনুযায়ী কিস্তি পরিকল্পনা, আর্থিক সংকটের ক্ষেত্রে বিশেষ সুবিধা অথবা টিকিট ডিসপিউট করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়-জলোচ্ছ্বাস থেকে ম্যানগ্রোভ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


ঝড়-জলোচ্ছ্বাস থেকে ম্যানগ্রোভ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান

 

পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ম্যানগ্রোভ কনভেনশন -২০২৬। পরিবেশবাদী সংগঠন ইয়ুথ ফর ওসান কর্তৃক আয়োজিত এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। কুয়াকাটার প্রেসিডেন্ট পার্ক মিলনায়তনে সভাপতিত্ব করেন পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্যসচিব শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসাইন চৌধুরী, বরিশাল কোস্টাল সার্কেলের কনজারভেটর ড. মোল্লা রেজাউল করিম, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা (পটুয়াখালী) ড. মো: জাহিদুর রহমান মিয়া, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পরিবেশ সাংবাদিক মাহমুদ রাকিব, কৃষকমৈত্রী কেন্দ্রীয় সদস্য মর্জিনা বেগম।

উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন মন্ডল বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ ফর ওসান এর নির্বাহী পরিচালক আহসান রণি। স্বাগত বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কলাপাড়ার সমন্বয়কারী ও গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু। পরিবেশ আন্দোলন ও নদী রক্ষা আন্দোলন সংস্থা ওয়াটার কিপার্স বাংলাদেশ, মিশন গ্রীণ বাংলাদেশ এবং বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) যৌথভাবে এই কনভেনশনটি আয়োজন করে। তরুণ, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার আড়াই শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, "ম্যানগ্রোভ ধ্বংস নয়, রক্ষা করতে হবে"। পরবর্তী সময়ে ম্যানগ্রোভ রক্ষায় যুব ও তরুণ সমাজের করণীয় নির্ধারণের জন্য টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের ১৭ দিন পর বাড়ি ফিরলেন রনি, অপহরণচক্রের কবলে পড়ার বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


নিখোঁজের ১৭ দিন পর বাড়ি ফিরলেন রনি, অপহরণচক্রের কবলে পড়ার বর্ণনা

ফরিদপুরের কোতোয়ালি থানার গেরদা ইউনিয়নের পশড়া গ্রামের নিখোঁজ যুবক মো. রনি মোল্যা (২২) ১৭ দিন পর বাড়িতে ফিরে এসেছেন। গত ১৩ আগস্ট সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে রনি বাড়িতে ফিরে আসেন, যা তার পরিবারে স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাড়ি ফেরার পর রনি পরিবারের সদস্যদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি জানান, কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের সামনে পৌঁছালে দুই ব্যক্তি তাকে ভাঙ্গায় রডের কাজের হেলপার হিসেবে চাকরির প্রস্তাব দেন। তাদের প্রস্তাবে রাজি হয়ে রনি তাদের সাথে একটি অটোরিকশায় করে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হন।

রনির ভাষ্য অনুযায়ী, তালমা এলাকায় পৌঁছানোর পর ওই ব্যক্তিরা তাকে কোমল পানীয় (স্পিড) পান করতে দেন। সেটি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে একটি বদ্ধ ঘরের মধ্যে দেখতে পান। রনি আরও জানান, জ্ঞান ফিরে পেলে তাকে খাবার দেওয়া হয় এবং বলা হয়, তিনি অসুস্থ হয়ে পড়ায় সেখানে রাখা হয়েছে। কাজের বিষয়ে জানতে চাইলে তাকে জানানো হয়, কাজটি একটি হাসপাতালে এবং পরদিন তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। এ সময় তিনি সন্দেহ করেন যে, তিনি কোনো প্রতারক চক্রের কবলে পড়েছেন।

পরে রনি সেখান থেকে পালানোর সুযোগ খুঁজতে থাকেন। একপর্যায়ে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে বেরিয়ে আসেন। এরপর তিনি প্রায় ছয় ফুট উঁচু একটি দেয়াল টপকে দৌড়ে হাইওয়ে সড়কে পৌঁছান। রনির বর্ণনা অনুযায়ী, হাইওয়েতে একটি বাস যাত্রী ওঠানোর জন্য থামলে তিনি বাসটির পেছনের সিঁড়ি দিয়ে ছাদে উঠে পড়েন। পরে বাসটি যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে বাসের হেলপার তাকে দেখতে পেয়ে জাগিয়ে তোলেন। কোথা থেকে বাসে উঠেছেন—এমন প্রশ্নের উত্তর তিনি তখন দিতে পারেননি।

এরপর রনি একটি বিরিয়ানির দোকানে গিয়ে সাহায্য চান। দোকানের মালিক তাকে আশ্রয় দেন এবং পরে ফরিদপুরে পাঠানোর ব্যবস্থা করেন। দুই দিন পর ওই দোকানের মালিকের সহযোগিতায় রনি বাড়িতে ফিরে আসেন।

রনির মা রওশন আরা বেগম জানান, গত ১৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন তার ছেলে। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি, ফলে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাও সন্ধান না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

রনি বাড়ি ফিরে আসার পর পরিবারের সদস্যরা স্বস্তি পেলেও তার শারীরিক ও মানসিক অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিবারের দাবি, নিখোঁজ থাকার সময় তাকে কোনো ধরনের ওষুধ বা মাদকজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। রনিও বর্তমানে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে, রনি মোল্যার দেওয়া বর্ণনা অনুযায়ী তিনি কীভাবে নিখোঁজ হয়েছিলেন এবং কারা তাকে নিয়ে গিয়েছিল, বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছে পরিবার। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরদের প্রাণ বাঁচাতে গুরুতর আহত নারী, চিকিৎসার দায়িত্ব নিলেন টেলর সুইফট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


কিশোরদের প্রাণ বাঁচাতে গুরুতর আহত নারী, চিকিৎসার দায়িত্ব নিলেন টেলর সুইফট

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে কিশোরদের প্রাণ বাঁচাতে গিয়ে গুরুতর আহত এক মাকে ৫০ হাজার ডলার অনুদান দিয়েছেন সংগীতশিল্পী টেলর সুইফট। আহত অ্যাশলি টন্টনের চিকিৎসা ব্যয়ে সহায়তার জন্য এই অর্থ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে এনবিসি নিউজ।

তিন সন্তানের মা অ্যাশলি টন্টন গত ১৮ জুলাই প্রবল বৃষ্টির মধ্যে রোড আইল্যান্ডের হপকিনটনে আন্তঃরাজ্য ৯৫ নম্বর মহাসড়কে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তিনি সামনে থাকা একটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে যেতে দেখেন। গাড়িতে থাকা কিশোরদের সহায়তা করতে তিনি নিজের গাড়ি থামিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

অ্যাশলি যখন দুর্ঘটনাকবলিত কিশোরদের সাহায্য করছিলেন, তখন আরেকটি গাড়িও বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে দ্রুত এগিয়ে আসে। তার স্বামী জো টন্টনের ভাষ্য অনুযায়ী, অ্যাশলি মুহূর্তের মধ্যে অন্য একজনকে বিপদ থেকে সরিয়ে দেন। এতে দ্বিতীয় গাড়িটির আঘাতের বড় অংশ তার শরীরে লাগে।

দুর্ঘটনায় অ্যাশলি গুরুতর পায়ে আঘাত পান। একই সঙ্গে তার শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গও ক্ষতিগ্রস্ত হয়। তার ক্ষুদ্র ও বৃহদান্ত্রে আঘাত লাগে, লিভারে ক্ষত তৈরি হয় এবং ডায়াফ্রাম ছিঁড়ে যাওয়ায় একটি ফুসফুস ধসে পড়ে।

জো টন্টন জানান, অ্যাশলির অন্তত তিনটি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার সময় তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নাকে খাবার ও ওষুধ দেওয়ার নলও লাগানো হয়েছিল। পরবর্তীতে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন এবং পায়ে বিশেষ সহায়ক যন্ত্র ব্যবহার করে সুস্থ হওয়ার চেষ্টা করছেন।

অ্যাশলি তার চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থার ছবি থেকে শুরু করে বাড়িতে ফেরার পর পায়ে সহায়ক যন্ত্র ব্যবহারের ছবিও তিনি শেয়ার করেছেন।

চিকিৎসা ব্যয় মেটাতে অ্যাশলির জন্য অনলাইন তহবিল সংগ্রহ করা হচ্ছে। সেই তহবিলে টেলর সুইফট ৫০ হাজার ডলার অনুদান দিয়েছেন। শুক্রবার অ্যাশলি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুদানের কথা জানিয়ে বিস্ময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাশলি জানান, সুইফটের এই সহায়তার খবর তার জন্য অত্যন্ত বিস্ময়কর ও আবেগপূর্ণ ছিল। তিনি সুইফটকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাশলির স্বামী এর আগে জানিয়েছিলেন, দুর্ঘটনার সময় তার স্ত্রী নিজের নিরাপত্তার কথা না ভেবে কিশোরদের সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন। কিশোরদের বিপদ থেকে সরিয়ে দিতে গিয়ে তিনি নিজেই দ্বিতীয় গাড়িটির আঘাতের শিকার হন।

অ্যাশলির দুর্ঘটনার ঘটনা ও পরবর্তী চিকিৎসার বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তার সুস্থতার খবরও অনুসারীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেওয়া হয়েছে। পরে টেলর সুইফটের অনুদানের খবর প্রকাশ্যে আসে।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধাকে মারধরের পর বাড়ি থেকে উৎখাতের হুমকি, থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


বৃদ্ধাকে মারধরের পর বাড়ি থেকে উৎখাতের হুমকি, থানায় অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ৬২ বছর বয়সী স্বরসতি দাস নামের এক বৃদ্ধাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে বৃদ্ধা স্বরসতি দাস অভিযোগ করেন, স্থানীয় শামীম ও মিজান প্যাদা তার স্বামীর কিছু জমি বিক্রি করেছেন। জমি বিক্রির পর থেকে তারা বিক্রিত জমির পাশাপাশি তাদের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, গত কয়েকদিন আগে তাদের বসতবাড়ির একটি গাছ বিক্রি করা হয়। গাছ বিক্রিতে বাধা দেয় শামীম ও মিজান। তাদের বাধা উপেক্ষা করে গাছ বিক্রি করায় শনিবার (২৯ আগস্ট) বিকেলে শামীম ও মিজান তাকে মারধর করে গুরুতর আহত করে।

অভিযোগে তিনি আরও বলেন, ওই বাড়িতে তার শ্বশুর ও স্বামী ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। সেই বাড়ি থেকে তাদের উৎখাতের হুমকি দেওয়া হচ্ছে। এই কারণে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হামলার অভিযোগ অস্বীকার করে শামীম প্যাদা বলেন, "আমার জমির গাছ কেটে নিয়েছে তারা। এনিয়ে তর্কবিতর্ক হয়েছে। হামলার অভিযোগ সঠিক নয়।" তিনি আরও বলেন, তাদেরকে উৎখাতের কোন হুমকি দেওয়া হয়নি এবং অভিযোগের কোন সত্যতা নেই। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, অভিযোগের তদন্তের জন্য শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%