০২:১০ এম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর পক্ষ থেকে বিষয়ভিত্তিক মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি। ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।
আজ রোববার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিষয়ভিত্তিক আবেদন সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি। ইংরেজি বিষয়ে আবেদন সংখ্যা কত তা তিনি জানাতে পারেননি, তবে আইসিটিতে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে আবেদনের সময় বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
গত ৩১ অক্টোবর প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
ফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি ও আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। বিষয় দুটিতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পুনর্নিরীক্ষণের আবেদনেও ইংরেজি ও আইসিটি এগিয়ে রয়েছে।
এদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার। তবে এ পর্যন্ত কতজন শিক্ষার্থী আবেদন করেছেন, তা আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
আরও পড়ুন: মাদরাসাশিক্ষার্থীদের জন্য আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স শুরু হচ্ছে: ড. মামুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন