ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল: প্রেসিডেন্ট পেজেশকিয়ান


যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। বরং, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পেজেশকিয়ান বলেন, শত্রুদের চাপ মোকাবিলা করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ইরানিদের মধ্যে ঐক্য প্রয়োজন।

নতুন একটি নগর রেলপথের প্রথম পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সূত্রে জানা যায়, পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। তবে আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য দূরে সরিয়ে রাখতে হবে এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করে দৃঢ়তার সঙ্গে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর স্বাস্থ্যসেবা সুবিধা বাতিল

তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন অব্যাহত রেখেছে।’

দেশের ওপর চাপ ও প্রতিকূলতা সত্ত্বেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। তিনি জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ সক্ষমতা এবং জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করার আহ্বান জানান।

এএম

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান সচল রাখতে ৬২২ মিলিয়ন ডলারের সরঞ্জাম বিক্রি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পশুপাখির উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রাণিসম্পদ সেবা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মাধ্যমে প্রাণিসম্পদের সম্ভাবনা, উন্নত প্রযুক্তি ও সরকারি সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হবে। পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে এ খাতের আরও সম্প্রসারণ ঘটবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান সচল রাখতে ৬২২ মিলিয়ন ডলারের সরঞ্জাম বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান সচল রাখতে ৬২২ মিলিয়ন ডলারের সরঞ্জাম বিক্রি

যুক্তরাষ্ট্র ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বহরের কার্যক্ষমতা ও রক্ষণাবেক্ষণের জন্য ৬২২ মিলিয়ন ডলারের সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী বিক্রির অনুমোদন দিয়েছে। তবে এই চুক্তির সম্পূর্ণ অর্থ ইউরোপের চারটি সহযোগী দেশ প্রদান করবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য প্রকাশ করেছে। আরব নিউজের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে এই চুক্তির অর্থায়ন করবে। এতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, এই বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের কোনো তহবিল ব্যবহার করা হবে না।

এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে কার্টিজ অ্যাকচুয়েটেড ডিভাইস ও প্রোপেল্যান্ট অ্যাকচুয়েটেড ডিভাইস নামক বিস্ফোরকচালিত যন্ত্রাংশ, গবেষণাগারের সরঞ্জাম এবং পরিবহন সহায়তা। পূর্বে একটি ছোট বিক্রয় চুক্তির সঙ্গে এই প্যাকেজ যুক্ত হবে। ওই চুক্তির অর্থমূল্য মার্কিন কংগ্রেসকে জানানোর জন্য নির্ধারিত সীমার নিচে ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বিক্রির ফলে ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলা, নিজেদের প্রতিরক্ষা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় দেশটি আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

গত অক্টোবরের শুরুতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, রক্ষণাবেক্ষণের বিলম্ব এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ইউক্রেনের অর্ধেকের বেশি যুদ্ধবিমান অকেজো হয়ে পড়েছে। এমনকি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের তৈরি দেশটির সব যুদ্ধবিমান ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধবিমানগুলোর কার্যক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের কথা অস্বীকার করেছেন। যদিও তারা স্বীকার করেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের কিছু যন্ত্রাংশের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে প্রয়োজনের সময় এসব যন্ত্রাংশ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই উন্নত যুদ্ধবিমান সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন জানিয়ে আসছিল ইউক্রেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের চালান হাতে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রাণিসম্পদ পদকে ভূষিত হলেন কালুখালীর খামারি জাহাঙ্গীর হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


জাতীয় প্রাণিসম্পদ পদকে ভূষিত হলেন কালুখালীর খামারি জাহাঙ্গীর হোসেন

জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন করেছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদকে ভূষিত হয়েছেন।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সপ্তাহটির উদ্বোধন করেন।

পরে, প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের মধ্যে ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীর হোসেন বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী। তার খামারের নাম ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’।

জানা যায়, শখের বশে বিদেশি জাতের মুরগি পালন শুরু করেন জাহাঙ্গীর। একসময় সেই শখ বাণিজ্যিক খামারে পরিণত হয়। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যেতে চেয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার পর তিনি ভারতের চেন্নাইয়ে একটি মুরগির খামারে কাজ করেন। সেখানে বিদেশি জাতের মুরগির প্রতি তার আগ্রহ তৈরি হয়। দেশে ফেরার সময় উপহার হিসেবে পাওয়া দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে তিনি খামার গড়ার যাত্রা শুরু করেন।

বর্তমানে তার খামারে বিদেশি জাতের মুরগির পাশাপাশি রয়েছে ময়ূর, বিদেশি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটরও রয়েছে।

পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, "একসময় শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা ও পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও ভালো কিছু করতে চাই।"

উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৮টি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেয়া হয়েছে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর স্বাস্থ্যসেবা সুবিধা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর স্বাস্থ্যসেবা সুবিধা বাতিল

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসী স্বাস্থ্যসেবা সুবিধা হারানোর মুখোমুখি হচ্ছেন। এ বিষয়ে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন আইনের ফলে ২০২৭ সাল থেকে তারা আর সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় চিকিৎসাসেবা পাবেন না। উল্লেখ্য, অনেকেই দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং এই কর্মসূচিতে কর ও অর্থ প্রদান করে আসছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে যাওয়া ব্যক্তিদের মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসীরা অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এমনকি শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন। নতুন সিদ্ধান্তের আওতায় শরণার্থী, আশ্রয় পাওয়া ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিরাও রয়েছে। অনেকেই স্বাস্থ্যসেবার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্ত পূরণ করেছেন।

দ্য ওয়াশিংটন পোস্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠানো একটি চিঠির অনুলিপি পেয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, আইনের পরিবর্তনের কারণে আপনি হয়তো আর মেডিকেয়ার সুবিধা পাওয়ার যোগ্য নন।’

২০২৫ সালের জুলাইয়ে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের দলীয় ভোটে আইনটি পাস হয়। এইচআর-১ বা ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে পরিচিত এই আইনটির সমর্থকদের দাবি, সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করা এবং মার্কিন নাগরিকদের জন্য সুবিধা সংরক্ষণের স্বার্থে এসব পরিবর্তন আনা হয়েছে।

তবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, নতুন আইন বৈধ অভিবাসীর সংখ্যা বেশি—এমন বিভিন্ন জনগোষ্ঠী ও অঙ্গরাজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। সুবিধা হারাতে যাওয়া অনেকের বয়স ৬৫ বছরের বেশি। তাদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাস্টিস ইন এজিংয়ের ক্যালিফোর্নিয়া পরিচালক টিফানি হুয়েন-চো মন্তব্য করেন, ‘স্বাস্থ্যসেবার ইতিহাসে এই প্রথম সরকার কর্মসূচির আওতাভুক্ত ব্যক্তিদের কাছ থেকে স্বাস্থ্যসেবা সুবিধা কেড়ে নিচ্ছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে, যেখানে বলা হয়েছিল—আপনি কর দিলে অবসরকালীন জীবন বা প্রতিবন্ধী অবস্থায় এই সুবিধার ওপর নির্ভর করতে পারবেন।’

সামাজিক নিরাপত্তা প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, কংগ্রেস পাস করা আইন বাস্তবায়ন করা সংস্থাটির দায়িত্ব। যারা স্বাস্থ্যসেবার সুবিধা হারাতে যাচ্ছেন, তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কী করতে হবে, সে সম্পর্কেও জানানো হয়েছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগের পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে।

শুধু স্বাস্থ্যসেবা নয়, বৈধ অভিবাসীদের জন্য সরকারি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমার সুবিধা সীমিত করার বৃহত্তর উদ্যোগের অংশ এই সিদ্ধান্ত। এর আওতায় মেডিকেইড স্বাস্থ্যসেবা এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে স্বাস্থ্যবিমা কেনার সরকারি ভর্তুকিও রয়েছে। অনিবন্ধিত অভিবাসীরা আগে থেকেই এসব সুবিধা পাওয়ার যোগ্য নন।

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই পদক্ষেপের আগে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন মানবিক সুরক্ষা পাওয়া ব্যক্তিসহ লাখ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে তাদের অনেককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, এখন থেকে চার শ্রেণির মানুষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। তারা হলেন—যুক্তরাষ্ট্রের নাগরিক ও জাতীয় মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, দেশটিতে স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, কিউবা ও হাইতি থেকে আসা নির্দিষ্ট কিছু অভিবাসী এবং চুক্তির আওতায় নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে আসা অভিবাসী।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান প্যারাগন হেলথ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ব্রায়ান ব্লেজ এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, যেসব মানুষের জন্য সরকারি কর্মসূচিগুলো তৈরি করা হয়েছে, তাদেরই এসব সুবিধা পাওয়া উচিত।

এক বিবৃতিতে ব্রায়ান ব্লেজ উল্লেখ করেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় ভিসাধারী বা আশ্রয়প্রার্থীদের মতো স্থায়ী বাসিন্দা নন—এমন অভিবাসীরা এখনো অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের বিমা ব্যবস্থার মাধ্যমে বিমা কিনতে পারবেন। তবে তাদের কেউ কেউ সরকারি ভর্তুকি আর পাবেন না।’

বিশ্লেষকেরা জানান, স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে যাওয়া ব্যক্তিরা সম্প্রতি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী কিংবা নতুন আশ্রয়প্রার্থী নন। তাদের অধিকাংশই কেন্দ্রীয় সরকারের যাচাই-বাছাই শেষে আশ্রয় পাওয়া ব্যক্তি ও শরণার্থী। তাদের অনেকেই অন্তত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন।

কেন্দ্রীয় সরকারের তথ্যের ভিত্তিতে করা এক হিসাব অনুযায়ী, এসব অভিবাসী স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন। মেডিকেয়ার ও সামাজিক নিরাপত্তা খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাদের অনেকের গ্রিন কার্ডের আবেদন অনুমোদিত হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তৈরি হওয়া প্রক্রিয়াগত জটিলতায় তাঁরা এখনো হাতে গ্রিন কার্ড পাননি।

অঙ্গরাজ্যগুলোর ওপর বাড়বে চাপ

বিশ্লেষকদের আশঙ্কা, মেডিকেয়ার সুবিধা বন্ধ হলে যুক্তরাষ্ট্রে বিমাহীন মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তহবিল কমে যাওয়ায় বাজেট সংকটে থাকা অঙ্গরাজ্যগুলো নতুন করে স্বাস্থ্যসেবার ঘাটতি মোকাবিলায় চাপে পড়বে।

সুবিধা হারানো ব্যক্তিদের কেউ কেউ চিকিৎসা নিতে দেরি করতে পারেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধ্য হতে পারেন। আবার অঙ্গরাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের কর্মসূচির বিকল্প হিসেবে নিজস্ব স্বাস্থ্যসেবা চালুর চেষ্টা করতে পারে। তবে দুটি পরিস্থিতিই অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নির্দলীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের অভিবাসন নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শেলবি গনজালেস বলেন, ‘অঙ্গরাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের সুবিধার মতো বিকল্প কর্মসূচি চালু করে এই ঘাটতি পূরণের চেষ্টা করতে পারে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও নানা চ্যালেঞ্জের কারণে তাদের জন্য তা কঠিন হবে। কেন্দ্রীয় সরকার সরে যাওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়া অঙ্গরাজ্যগুলোর জন্য সহজ হবে না।’

তিনি আরো বলেন, ‘যারা শারীরিকভাবে দুর্বল এবং দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, নিয়মিত চিকিৎসা ও সেবা প্রয়োজন—নতুন এই সিদ্ধান্ত তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে।’

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আশঙ্কা, স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের সিদ্ধান্ত কারো কারো জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত বৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ বেশি। তাদের অনেকে দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস চিকিৎসার জন্য মেডিকেয়ার সুবিধা পেয়ে আসছেন।

বিশ্লেষকেরা বলছেন, এই বিশেষ সুবিধার আওতায় কতজন অভিবাসী চিকিৎসা পেয়েছেন, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই। তবে স্বাস্থ্যসেবা সুবিধা বন্ধ হয়ে গেলে তাদের অনেকেই নিয়মিত ডায়ালাইসিস করাতে পারবেন না।

ভুল সিদ্ধান্তে সুবিধা হারানোর আশঙ্কা

অধিকারকর্মীরা সতর্ক করেছেন, আগে স্বাস্থ্যসেবা পাওয়ার যোগ্য ছিলেন—এমন অনেক অভিবাসী হয়তো বুঝতেই পারবেন না যে তাঁদের সুবিধা বন্ধ হয়ে গেছে। আগামী ১ ফেব্রুয়ারির পর ওষুধ কিনতে কিংবা চিকিৎসকের কাছে যাওয়ার সময় তারা বিষয়টি জানতে পারেন।

শেলবি গনজালেসের মতে, সামাজিক নিরাপত্তা প্রশাসনের নথিপত্রে সবার সর্বশেষ তথ্য নাও থাকতে পারে। ফলে যারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন কিংবা গ্রিন কার্ডধারী, তাদের কারো কারো মেডিকেয়ার সুবিধাও ভুলবশত বাতিল হয়ে যেতে পারে।

স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের বিষয়ে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আপিল করার অধিকার থাকার কথা জানানো হয়েছে। এ জন্য তাদের সামাজিক নিরাপত্তা প্রশাসনের হটলাইনে ফোন করতে হবে অথবা অভিবাসন মর্যাদা পরিবর্তনের প্রমাণসংবলিত নথি অনলাইনে জমা দিতে হবে।

তবে অধিকারকর্মীদের আশঙ্কা, অনেকেই সুবিধা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সময়মতো আপিল করতে পারবেন না। ফলে আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যেতে পারে। এতে প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তিরাও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%