বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৯ পি.এম
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যদি ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায়। এ তথ্য স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরাকি সংবাদপত্র আল-মাদা জানায়, সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছে এবং নতুন অবস্থান তৈরি করেছে। একইসাথে সেখানে অতিরিক্ত যোদ্ধা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এলাকায় ইরানি ও হুথি উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যার মধ্যে কাতাইব হিজবুল্লাহ অন্যতম।
এদিকে, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাবে কী পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো।
চলতি সপ্তাহের শুরুতে, ইরাকের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকে পৌঁছেছেন। ওই কর্মকর্তা জানান, তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে সমঝোতার পথ খুঁজতেই তিনি ইরাক সফর করছেন।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’। হাজীগঞ্জের ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন সাধারণ মানুষের ভয়, সংকোচ ও দ্বিধা দূর করতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, সেবাগ্রহীতারা কোনো পূর্বানুমতি ছাড়াই সরাসরি ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রতিদিন বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা পাওয়ার আশায় আসা মানুষের পদচারণায় মুখরিত থাকে তাঁর কার্যালয়। ইউএনও ধৈর্য সহকারে সবার কথা শুনছেন এবং সাধ্যমতো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিলাতী বেগম নামের সত্তরোর্ধ্ব এক নারী ইউএনওর সঙ্গে কথা বলছেন এবং তিনি মনোযোগ দিয়ে ওই নারীর সমস্যার কথা শুনছেন। ভূমিসংক্রান্ত বিরোধ, জন্মনিবন্ধন ও বিভিন্ন সরকারি ভাতাসংক্রান্ত সমস্যাসহ নানা প্রয়োজনে আসা সাধারণ মানুষের ব্যাপক চাপ সামলাতে হচ্ছে তাঁকে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ইউএনও এই ব্যবস্থা চালু করেছেন। আনুষ্ঠানিকতা ছাড়াই সরকারি সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে জনবান্ধব প্রশাসনের এ দৃষ্টান্ত স্থাপন করায় তিনি প্রশংসিত হচ্ছেন। সেবাগ্রহীতাদের প্রত্যাশা, দেশের অন্যান্য সরকারি দপ্তরেও যাতে সাধারণ মানুষ কোনো সংকোচ ছাড়াই সেবা নিতে পারেন, এমন ব্যবস্থা চালু হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, "প্রতিদিন প্রায় শতাধিক মানুষ নানা বিষয় নিয়ে আমার দপ্তরে আসেন। দাপ্তরিক কাজের ফাঁকে তাঁদের সেবা দেওয়ার চেষ্টা করি। এতে কাজে কিছুটা চাপ তৈরি হলেও দিন শেষে মানসিক তৃপ্তি পাই। তবে আমার পরে যিনি ইউএনও হিসেবে আসবেন, তিনি এ বিষয়টিকে কীভাবে নেবেন, তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্ল্যাক ফ্রাইডে, বছরের অন্যতম বৃহৎ কেনাকাটার আয়োজন, ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ তৈরি করে। এই সময়, অনলাইন ও অফলাইন দোকানে ক্রেতাদের ভিড় বৃদ্ধি পায়। তবে, এই ব্যস্ত কেনাকাটার মৌসুম খুচরা বিক্রেতাদের জন্য নতুন সাইবার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সাইবার হামলা দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠছে। অথচ, অনেক ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার বীমা নেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডের প্রেক্ষাপটে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। এআই প্রযুক্তির কারণে হামলাগুলো আরও দ্রুত এবং জটিল হয়ে উঠছে। অন্যদিকে, এ খাতের অনেক প্রতিষ্ঠানের সাইবার বিমা সুরক্ষা সীমিত।
বিমা প্রতিষ্ঠান সিএফসির দাবি ও পরিসংখ্যান অনুযায়ী, খুচরা বিক্রেতা, অবকাশ এবং আতিথেয়তা খাতে নভেম্বরে র্যানসমওয়্যার হামলার ঘটনা মাসিক গড়ের তুলনায় ৫০ শতাংশ বেশি ঘটে। র্যানসমওয়্যার হলো একটি ক্ষতিকর সফটওয়্যার, যা সাইবার অপরাধীরা প্রতিষ্ঠানের তথ্য বা কম্পিউটার ব্যবস্থা আটকে মুক্তিপণ দাবি করে।
সিএফসির তথ্য অনুযায়ী, ছোট ও মাঝারি আকারের খুচরা বিক্রেতাদের মাত্র ৪৩ শতাংশের সাইবার বিমা রয়েছে। বিপরীতে, আর্থিক সেবা খাতের ৮১ শতাংশ এবং প্রযুক্তি খাতের ৭১ শতাংশ প্রতিষ্ঠানের এ ধরনের বিমা রয়েছে।
সিএফসির বৈশ্বিক সাইবার উন্নয়ন বিভাগের প্রধান লিন্ডসে মাহের বলেন, ক্রেতাদের চাপ সামলাতে খুচরা বিক্রেতারা কয়েক মাস ধরে নিজেদের ওয়েবসাইট, পণ্যের মজুত ও সরবরাহব্যবস্থা প্রস্তুত করেন। তবে, ব্ল্যাক ফ্রাইডেকে শুধুমাত্র বিক্রির সুযোগ হিসেবে নয়, নিজেদের সাইবার নিরাপত্তা এবং সংকট মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের সময় হিসেবেও দেখা উচিত।
ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে খুচরা বিক্রেতাদের জন্য বছরের ব্যস্ততম সময়গুলোর মধ্যে পড়ে। এই সময়ে ক্রেতারা ছাড়ের খোঁজে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করেন। ফলে, বিক্রির পাশাপাশি প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ওপরও চাপ বাড়ে।
যুক্তরাজ্যের ক্রেতারা এবারের ব্ল্যাক ফ্রাইডেতে জনপ্রতি গড়ে ২৩৫ পাউন্ড ব্যয় করতে পারেন। পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির গবেষণা অনুযায়ী, দেশটিতে এ বছরের ব্ল্যাক ফ্রাইডের মোট ব্যয় ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আয়নের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সাইবার এবং আর্থিক পৃষ্ঠপোষকতা বিভাগের প্রধান ডেভিড মোলনি বলেন, খুচরা বিক্রেতারা সাধারণত শুধু একটি সপ্তাহান্তের জন্য বাড়তি সাইবার বিমা কেনেন না। বরং, নিজেদের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা ও শক্তিশালী করার দিকে মনোযোগ দেন। বছরের এই সময়ে বিক্রি অনেকাংশে প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ব্যস্ত বিক্রির মৌসুমে কোনো সাইবার হামলার কারণে ব্যবসা পরিচালনা বন্ধ হয়ে গেলে তা দ্রুত বড় ধরনের আর্থিক ক্ষতিতে পরিণত হতে পারে।
প্রতিবেদনে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা টার্গেটের সাইবার হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই বছরের ছুটির মৌসুমে প্রতিষ্ঠানটির তথ্যব্যবস্থা আক্রান্ত হওয়ার ফলে অন্তত ৪ কোটি ক্রেডিট কার্ডের তথ্য ঝুঁকিতে পড়ে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মোট ব্যয় দাঁড়ায় ২০ কোটি ২০ লাখ ডলার।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বেইজলির আন্তর্জাতিক সাইবার ঝুঁকি বিভাগের প্রধান সিডনি উইলিয়ামস বলেন, জটিল সরবরাহব্যবস্থা, বিপুল পরিমাণ ক্রেডিট কার্ডের তথ্য এবং ব্যস্ত কেনাকাটার মৌসুম—সব মিলিয়ে খুচরা বিক্রেতারা সাইবার হামলা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার বড় ঝুঁকিতে থাকেন। এআই একদিকে হামলার ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে প্রতিরক্ষাব্যবস্থার উন্নতিতেও ভূমিকা রাখছে।
বেইজলি সিকিউরিটির প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা ফ্রান্সিসকো দোনোসো বলেন, এআইয়ের কারণে সাইবার হামলার গতি বেড়েছে। পাশাপাশি, এক বছর আগের তুলনায় শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতার সংখ্যা প্রায় ছয় গুণ বেড়েছে। ফলে, প্রতিষ্ঠানগুলোর পক্ষে এসব ঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা কঠিন হয়ে পড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এই অভিযানের সময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে, রায়হানকে আশ্রয় দেওয়ার এবং তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, আরেকটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) এবং মো. মহরম আলী (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দিচ্ছিলেন। পাশাপাশি, তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘বুধবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষের জীবনে যুদ্ধের অভাব নেই। তবে, সবচেয়ে কঠিন যুদ্ধটি হলো নিজের নফসের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ের কোনো বাহ্যিক ময়দান নেই; এটি প্রতিনিয়ত মানুষের অন্তরে সংঘটিত হয়। যে প্রবৃত্তি মানুষকে হারামের দিকে টানে, যে অহংকার সত্য গ্রহণে বাধা দেয়, যে লোভ অন্যের অধিকার নষ্ট করতে প্ররোচিত করে, এসবের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করাই আত্মশুদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
আমরা অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভুল সংশোধনে অনেক সময় উদাসীন হয়ে পড়ি। মনে রাখতে হবে, প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে।
নফস কী এবং কেন এর বিরুদ্ধে সংগ্রাম প্রয়োজন?
আরবি নফস অর্থ আত্মা, সত্তা বা নিজস্ব অস্তিত্ব। মানুষের স্বাভাবিক চাহিদা খারাপ নয়; কিন্তু যখন সে আল্লাহর বিধান উপেক্ষা করে প্রবৃত্তির দাস হয়ে যায়, তখনই সমস্যা সৃষ্টি হয়।
আল্লাহ তাআলা বলেন, إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي। নিশ্চয়ই নফস মন্দ কাজের প্রতি প্রবলভাবে প্ররোচিত করে, তবে আমার রব যার প্রতি দয়া করেন সে ছাড়া। (সুরা ইউসুফ:৫৩) তাই নিজের প্রবৃত্তিকে অন্ধভাবে অনুসরণ না করে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করতে হবে।
নফসের তিনটি অবস্থা
কোরআনে নফসের তিনটি উল্লেখযোগ্য অবস্থার কথা পাওয়া যায়। ১. নফসে আম্মারা إِنَّ النَّفْسَ لَأَمَّারَةٌ بِالسُّوءِ, যে নফস মানুষকে মন্দ কাজের প্রতি প্ররোচিত করে। (সুরা ইউসুফ:৫৩)
২. নফসে লাওয়ামা, যে নফস অন্যায় করার পর নিজেকে তিরস্কার করে এবং সংশোধনের জন্য অনুতপ্ত হয়। আল্লাহ বলেন, وَلا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ। আমি শপথ করছি সেই আত্মার, যে নিজেকে তিরস্কার করে। (সুরা কিয়ামাহ:২)
গ. নফসে মুতমইন্নাহ, যে আত্মা আল্লাহর স্মরণে প্রশান্তি খুঁজে পায় এবং তাঁর প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ বলেন, يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ۞ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً। হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন অবস্থায়। (সুরা ফাজর:২৭–২৮)
নফসের প্রতারণা হলো নিজের ভেতরের দুর্বলতাকে চেনা। নফস সব সময় সরাসরি পাপের দিকে ডাকে না। কখনো ইবাদতের মধ্যেও অহংকার সৃষ্টি করে, দানের মধ্যে লোকদেখানো মনোভাব আনে, আবার দ্বীনের কথা বলেও মানুষকে আত্মতুষ্টিতে ভোগায়। কেউ নিজের ভুল না দেখে অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে, কেউ মানুষের প্রশংসার আশায় ভালো কাজ করে। এগুলো অন্তরের আত্মশুদ্ধির পথে বাধা।
আল্লাহ তাআলা বলেন, أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ। তুমি কি তাকে দেখেছ, যে নিজের প্রবৃত্তিকেই নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? (সুরা জাসিয়াহ:২৩) অতএব, নিজের ইচ্ছাকে নয়, আল্লাহর নির্দেশনাকেই জীবনের চূড়ান্ত মানদণ্ড বানাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ