প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন করেছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদকে ভূষিত হয়েছেন।
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সপ্তাহটির উদ্বোধন করেন।
পরে, প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের মধ্যে ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী। তার খামারের নাম ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’।
জানা যায়, শখের বশে বিদেশি জাতের মুরগি পালন শুরু করেন জাহাঙ্গীর। একসময় সেই শখ বাণিজ্যিক খামারে পরিণত হয়। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যেতে চেয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার পর তিনি ভারতের চেন্নাইয়ে একটি মুরগির খামারে কাজ করেন। সেখানে বিদেশি জাতের মুরগির প্রতি তার আগ্রহ তৈরি হয়। দেশে ফেরার সময় উপহার হিসেবে পাওয়া দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে তিনি খামার গড়ার যাত্রা শুরু করেন।
বর্তমানে তার খামারে বিদেশি জাতের মুরগির পাশাপাশি রয়েছে ময়ূর, বিদেশি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটরও রয়েছে।
পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, "একসময় শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা ও পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও ভালো কিছু করতে চাই।"
উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৮টি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেয়া হয়েছে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন