বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০২:০০ পি.এম
বলিউডের সুদর্শন অভিনেতাদের মধ্যে অর্জুন রামপালের নাম প্রথম দিকেই উঠে আসে। তিনি মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজের স্থান তৈরি করেছেন। ‘ডন’, ‘ওম শান্তি ওম’ এবং ‘রক অন’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। আজ ২৬ নভেম্বর, এই অভিনেতার জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে তার জন্ম হয়।
অর্জুন দিল্লির হিন্দু কলেজে অর্থনীতির উপর পড়াশোনা করেছেন। নব্বইয়ের দশকে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি লাভ করেন তিনি। ফ্যাশন ডিজাইনার রোহিত বালের নজরে আসার পর মডেল হিসেবে কাজের সুযোগ পান। অল্প সময়ের মধ্যে তিনি ভারতের জনপ্রিয় পুরুষ মডেলদের একজন হয়ে ওঠেন। এরপর তিনি বড় পর্দায় কাজের স্বপ্ন নিয়ে বলিউডে প্রবেশ করেন।
২০০১ সালে ‘পেয়ার ইশক অউর মহাব্বাত’ সিনেমার মাধ্যমে অর্জুনের অভিনয়ে অভিষেক ঘটে। প্রথম দিকে কিছু সিনেমায় অভিনয় করলেও তিনি বিশেষ সাফল্য অর্জন করতে পারেননি। ২০০৬ সালে শাহরুখ খানের সঙ্গে ‘ডন’ সিনেমায় অভিনয়ের পর তার পরিচিতি বৃদ্ধি পায়। পরের বছর ‘ওম শান্তি ওম’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের নজর কাড়েন।
অর্জুন ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রক অন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। এতে তিনি জোসেফ ম্যাসকারেনহাস চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় তার অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর ‘রাজনীতি’, ‘হাউসফুল’, ‘রা.ওয়ান’, ‘ডি-ডে’ এবং ‘ড্যাডি’-র মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে তাকে দেখা যায়।
অভিনয়ের পাশাপাশি অর্জুন প্রযোজনাতেও যুক্ত হয়েছেন। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন ও অপরাধভিত্তিক গল্পের চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তিনি বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন।
ব্যক্তিজীবনে অর্জুন রামপাল বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। ১৯৯৮ সালে সাবেক সুপারমডেল মেহর জেসিয়াকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে রয়েছে। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরে তিনি দক্ষিণ আফ্রিকান মডেল ও ডিজাইনার গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কে জড়ান। তাদের দুই ছেলে রয়েছে। ২০২৬ সালের আগস্টে গোয়ায় তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়।
মডেলিংয়ের মঞ্চ থেকে বলিউডের বড় পর্দা—দীর্ঘ পথ পেরিয়ে আজ ৫৪ বছরে পা দিলেন অর্জুন রামপাল। বয়সের সঙ্গে তার কাজের ধরন পরিবর্তিত হয়েছে, তবে পর্দায় তার উপস্থিতি ও অভিনয়ের বৈচিত্র্য এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার এ আলম সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।
আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের ডিম ও দুধ খাওয়নোর পাশাপাশি তাদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ (বাসস): কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট দেওয়ার সুযোগ থাকবে।
নির্বাচন কমিশন (ইসি) আজ ২৬ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে, যাতে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ভোটদানে সম্মতি প্রদান করতে পারেন এবং নতুন ভোটাররা নিবন্ধন করতে পারেন।
ইসির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের মধ্যে যারা পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছেন, তাদের ভোটদানে সম্মতির নোটিফিকেশন প্রদান করা হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি প্রাপ্তির পর প্রবাসীদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।'
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, 'কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যারা গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'Postal Vote BD' অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারা নতুনভাবে ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।'
বুধবার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
রিটার্নিং অফিসার মনোনয়ন বাছাই করবেন ৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থাকবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।
ইসি সচিব জানিয়েছেন, এই উপ-নির্বাচনে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা থাকবে।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া, এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
এটি উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন ওসমান ফারুক। তার পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৬২৪ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। বরং, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
পেজেশকিয়ান বলেন, শত্রুদের চাপ মোকাবিলা করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ইরানিদের মধ্যে ঐক্য প্রয়োজন।
নতুন একটি নগর রেলপথের প্রথম পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সূত্রে জানা যায়, পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। তবে আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য দূরে সরিয়ে রাখতে হবে এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করে দৃঢ়তার সঙ্গে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন অব্যাহত রেখেছে।’
দেশের ওপর চাপ ও প্রতিকূলতা সত্ত্বেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। তিনি জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ সক্ষমতা এবং জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করার আহ্বান জানান।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ