বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৮ এম
দীর্ঘ ১০ বছরের আইনি লড়াই শেষে ফ্রান্সের একটি আঙুরের খামারের মালিকানা নিয়ে বিরোধের মীমাংসা করেছেন হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা জানান, পরিবারের স্বার্থে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন। তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান।
২০২২ সালে ব্র্যাড পিট মামলা করেন। তার অভিযোগ, যৌথ মালিকানাধীন শ্যাটো মিরাভাল নামের আঙুরের খামারে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধেক অংশ কেনার বিষয়ে সমঝোতা ভেঙে তিনি তা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন।
পরে অ্যাঞ্জেলিনা জোলির পাল্টা অভিযোগে ব্যক্তিগত বিমানে ঘটে যাওয়া কথিত নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে। ব্র্যাড পিট নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালের শেষ দিকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে পৃথক দুটি ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এই অর্থ উত্তোলন করেছেন ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ওই দিন রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ৩ হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের ৩৫০৫২০০০০১০৪৬ নম্বর ব্যাংক হিসাবে এ অর্থ জমা হয়। আগের স্থিতি ২৮ হাজার ৮৫৪ টাকাসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা জমা ছিল।
পরবর্তী সময়ে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই তুলে সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেন প্রশাসক। তবে অসুস্থতার অজুহাতে তিনি বারবার সময়ক্ষেপণ করতে থাকেন এবং নির্ধারিত দুই দফা বিতরণ তারিখেও অনুপস্থিত থাকেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টাকা বিতরণের দিন ধার্য ছিল। এর আগে ২২ নভেম্বর থেকে সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি; ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্দেহ হলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামকে সচিবের বাড়িতে পাঠানো হলেও তাকে সেখানে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসক সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গিয়ে ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করেন এবং যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন। স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার ওই হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে। প্রশাসকের দাবি, তাঁর স্বাক্ষর জাল করে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকের মাধ্যমে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে, অথচ একজন কৃষকও টাকা পাননি।
একইভাবে সোনালী ব্যাংক দুর্গাপুর শাখায় থাকা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩৫০৫৫০২০০০১২৬৩ নম্বর হিসাব থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ওই হিসাবে ১৬ লাখ ৮৯ হাজার ৩৪৬ টাকা স্থিতি ছিল। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ৮ লাখ ৫০ হাজার ৮০০ টাকা এবং ২২ জুন সরকারি বরাদ্দ বাবদ আরও ১ লাখ ৯৯ হাজার টাকা জমা হয়। সব মিলিয়ে ওই হিসাবে ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা থাকার কথা থাকলেও প্রশাসকের স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুটি হিসাব মিলিয়ে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই ২ নম্বর আসামি মো. উসমান গনি এবং ৩ নম্বর আসামি রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন।
ঘটনা জানার পর প্রশাসক তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ডেকে নেন। সেখানে ইউপি সদস্য ও ২ নম্বর আসামির ভায়রা ভাই মো. বিল্লাল মিয়ার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে উসমান গনি ও রিপন কর্মকার সচিবের সহায়তায় যোগসাজশে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন গাঁওকান্দিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা ও সাক্ষীদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে বন্যাকবলিত কৃষকদের মানবিক সহায়তা ও উন্নয়ন তহবিলের অর্থ লোপাটের অভিযোগে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত, ব্যাংকের লেনদেন যাচাই, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং পলাতক সচিবসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ফের বিক্ষোভে নামার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার নাগপুরে ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ শীর্ষক প্রতিবাদ ও জনসভার আয়োজন করেছে সংগঠনটি। স্থানীয় সময় বিকেল ৪টায় নাগপুরের সংবিধান চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ এবং দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা যোগ দেবেন বলে জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা-আহ্বায়ক অভিজিৎ দীপকে।
বুধবার এক সংবাদ সম্মেলনে দীপকে অভিযোগ করেন যে, দেশে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে এবং নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের রায়কে প্রভাবিত করা হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচন এখন নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, দেশ পরিচালিত হতে হবে ড. বি আর আম্বেদকরের প্রণীত সংবিধান অনুযায়ী।
এদিকে, খরাপীড়িত বিদর্ভ ও মারাঠওয়াড়া অঞ্চলের কৃষকদের দুর্দশা ও সমস্যার কথা তুলে ধরতে সিজেপি ছয় দিনের ‘ক্যা বলতি পাবলিক’ প্রচারাভিযান শুরু করবে। দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানান, বিদর্ভ ও মারাঠওয়াড়ায় কৃষকদের সঙ্গে কথা বলবেন দলের সদস্যরা।
মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লি, কেরল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থানেও এই প্রচারাভিযান চালানো হবে। তরুণ, কৃষক, শ্রমিক ও নারীদের নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরার মঞ্চ করে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।
সূত্র: দ্য প্রিন্ট
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের কারণে পোশাক শ্রমিকরা গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। যদিও কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছিল, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল পৌনে ৯টার দিকে বেশ কয়েকজন শ্রমিক ভোগড়া বাইপাস এলাকায় এসে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে, তাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এছাড়া সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উৎপাদন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরের ওপর হামলা বৃদ্ধি করেছে। বুধবার, তারা জিজান বন্দরে হামলা চালানোর পাশাপাশি জেদ্দা বন্দরের আকাশে ড্রোন পাঠায়। হুথিরা রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়ে। এসব হামলার বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিরোধের দাবি করেছে। ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি হামলার প্রতিক্রিয়ায় হুথিরা সৌদি আরবের বন্দরের ওপর হামলার হুমকি দেয়, যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় জোটটি।
পরে, জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুথিদের একটি ড্রোন ধ্বংস করেছে তাদের বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক আহত হননি।
জোটের বিবৃতির পর, ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, বলে জানান আলজাজিরার সংবাদদাতা নাবিল আল-ইউসুফি। পরে, সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার, রিয়াদের আর্থিক জেলায় একটি সুউচ্চ ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুথিরা, যার ফলে অন্তত ১১ জন আহত হন। রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এই প্রচেষ্টা দুই পক্ষের মধ্যে সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে।
ইরান-সমর্থিত হুথি এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
হুথি-সংযুক্ত ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে। এর আগে, বুধবার, হুথিরা সতর্ক করেছিল যে, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরের ওপর পাল্টা আঘাত হানা হবে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আলজাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি জানান, ইয়েমেনে আমদানি করা পণ্যের ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে দেশটির মানবিক পরিস্থিতি বিপর্যয়ের মুখে পড়তে পারে।
মাওরি আরও বলেন, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সঙ্গে বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লড়াই চলছে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বুধবার হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।
আলজাজিরার সংবাদদাতা মাহা আলী তাইজ থেকে জানান, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের পশ্চিমে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
মাহা আলী বলেন, প্রায় ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে তীব্র বিমান হামলা চলছে। তাইজের কেন্দ্রীয় অংশের ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জাবাল সাবের পর্বতমালা এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুস। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুথিরা।
অন্যদিকে, হুথিরা দাবি করেছে, বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট সানা ও ইয়েমেনের আরো ১০টি প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ