১০:৫৬ পি.এম
যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের উপর সর্বাধিক ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। তবে কিছু নির্দিষ্ট পণ্যের জন্য এ শুল্কের হার ১০ শতাংশ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের উদ্যোগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বেইজিং এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা ওভারক্যাপাসিটির অভিযোগ একটি মিথ্যা বিষয়।" তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহারের বিরোধিতা করেন।
আরও পড়ুন: চীনের পলিটব্যুরোতে নতুন ধাক্কা: তদন্তের মুখে সাংহাইয়ের দলীয় প্রধান চেন জিনিং
এছাড়া, তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু পণ্য বাদে চীনের অন্যান্য পণ্যে সর্বাধিক ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসংক্রান্ত ৩০১ ধারার তদন্তের আওতায় কার্যকর শুল্ক বাদ দিয়ে এ হার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া, প্রস্তাবের সংযুক্তি ‘এ’-তে চিহ্নিত পণ্যের ক্ষেত্রে সর্বাধিক ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে সংযুক্তি ‘বি’-তে তালিকাভুক্ত কিছু নির্দিষ্ট পণ্য এ শুল্ক থেকে অব্যাহতি পেতে পারে। এসব পণ্য যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ডের ‘৩০-ফর-৩০’ তালিকায় রয়েছে, যেখানে কম শুল্ক সুবিধার জন্য বিভিন্ন পণ্যের সুপারিশ করা হয়েছে।
ইউএসটিআর জানিয়েছে, নতুন শুল্কের প্রস্তাব তৈরির ক্ষেত্রে ২০২৫ সালের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে কুয়ালালামপুরে হওয়া যৌথ সমঝোতার অঙ্গীকার এবং ২০ শতাংশ শুল্কের ঘোষণাও বিবেচনায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রস্তাবে ভারতের ওপর বেশি চাপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন