১০:৫৭ পি.এম
গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরির পানির ট্যাংকিসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজার নির্দেশনায় এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বেপারী মো. জুয়েল রানার নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সম্রাট উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চলছে। বুধবারও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়। নতুন মজুরি কাঠামোতে ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে অস্থিরতা ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব বশির মাদবর, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাপ্পি মির্জা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মাসুদ খান, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফয়সাল বেপারী, জাতীয়তাবাদী প্রজন্ম দলের গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক বিএম সিকদার, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সদস্য আক্তারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে শ্রমিকদের দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে সড়ক অবরোধ, ভাঙচুর, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। বক্তারা আরও বলেন, শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিক, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজার নির্দেশনায় তাঁরা রাজপথে সক্রিয় রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন