১১:৩৪ পি.এম
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিওতে মন্তব্য করে অভিনন্দন জানানোর কারণে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সফিপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের প্রথম সারিতে কালিয়াকৈর পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি অমিত হাসান হিমেলসহ কয়েকজন নেতাকে দেখা যায়।
মিছিলটি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে ব্যানার নিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে লাঠিসোটা দেখা যায়।
আরও পড়ুন: তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন
পরে অমিত হাসান হিমেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভিডিওটি শেয়ার করে মিছিলকারীদের শুভকামনা জানান। ভিডিওর নিচে কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ সরকার মন্তব্য করেন, ‘দোয়া ও ভালোবাসা অবিরাম আপনার জন্য’।
বিষয়টি জানাজানি হলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা নাহিদ সরকার দাবি করেন, তার মোবাইল ফোন থেকে অন্য কেউ ওই মন্তব্যটি করেছেন।
কালিয়াকৈর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ নিয়ে তদন্ত চলছে। দ্রুতই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন