ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন


তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা লক্ষ্য করে নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ১৫ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৪০ জন অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের রায়ে ৬৩ কানুনগোকে ধারণাগত জ্যেষ্ঠতা দিল ভূমি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


আদালতের রায়ে ৬৩ কানুনগোকে ধারণাগত জ্যেষ্ঠতা দিল ভূমি মন্ত্রণালয়

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আদালতের রায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ৬৩ জন পদোন্নতিপ্রাপ্ত কানুনগোকে ২০১৬ সালের ১৭ নভেম্বর থেকে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকায় দায়ের করা এ.টি. মামলা নম্বর ৯১/২০২১-এর ২০ মার্চ ২০২৩ তারিখের রায়, এ.টি. আপিল মামলা নম্বর ৪৭৫/২০২৩-এর ১০ জানুয়ারি ২০২৪ তারিখের রায়, হাইকোর্ট বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা নম্বর ৩০৪৭/২০২৪-এর ১১ জানুয়ারি ২০২৬ তারিখের রায় এবং বাস্তবায়ন মামলা নম্বর ০৪/২০২৪-এর ১৬ জুলাই ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের ১১ ডিসেম্বর ২০১৯ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত সার্ভেয়ারদের কানুনগো পদে পদোন্নতি ১৭ নভেম্বর ২০১৬ তারিখ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই তারিখ থেকে ধারণাগত জ্যেষ্ঠতা লাভ করবেন।

তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এ জ্যেষ্ঠতার ভিত্তিতে বেতন নির্ধারণের সুবিধা ছাড়া অন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না।

প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত কর্মকর্তাদের মধ্যে জাকির হুসাইন সরদার, মো. আবু সাইদ, মো. রেজাউল করিম, মো. আসলাম সরকার, এম এম শাহাদাৎ হোসেন, মো. নজরুল ইসলাম, মো. সোহেল মিয়া, মো. বাবুল আক্তার, মো. ফারুক আলম, মো. সেলিম হাওলাদার, মো. ফজলুর রহমান, মো. মতিউল ইসলাম, মো. মজিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, জালাল আহমেদসহ মোট ৬৩ জন ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, তালিকাভুক্তদের মধ্যে যারা ইতোমধ্যে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন, অবসর গ্রহণ করেছেন অথবা মৃত্যুবরণ করেছেন, তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। বর্তমানে কানুনগো পদে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এ ধারণাগত জ্যেষ্ঠতা বিবেচিত হবে।

ভবিষ্যতে আদালতের কোনো মামলার নির্দেশনা অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা সংযোজনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের অকাল মৃত্যুর ঝুঁকি কম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


ভারতে উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের অকাল মৃত্যুর ঝুঁকি কম

ভারতের সবচেয়ে ধনী পরিবারের একজন পুরুষের কর্মক্ষম বয়সে মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে দরিদ্র পরিবারের পুরুষের তুলনায় ৬২ শতাংশ কম। নারীদের ক্ষেত্রেও এই ব্যবধান প্রায় একই রকম প্রকট; ধনী পরিবারের নারীদের মৃত্যুর ঝুঁকি দরিদ্র পরিবারের নারীদের তুলনায় ৪২ শতাংশ কম।

গত দুই দশক ধরে ভারতে প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার পর্যবেক্ষণ করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সীদের বেঁচে থাকার ক্ষেত্রে জাতি বা ধর্মের চেয়ে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতাই প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। গবেষণায় আরও উঠে এসেছে, তফসিলি জাতিভুক্ত (এসসি) নারীদের অকালমৃত্যুর ঝুঁকি এখনো বেশি, অন্যদিকে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি কম।

‘ডেমোগ্রাফিক রিসার্চ’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এই গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের গবেষক মোরাধ্বজ ধাকড় এবং মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের (আইআইপিএস) নন্দিতা সাইকিয়া। তাঁরা ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপের (এনএফএইচএস) তিনটি পর্বের (১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১) তথ্য বিশ্লেষণ করে মৃত্যুহারের এই চিত্র তুলে ধরেছেন।

তথ্য অনুযায়ী, ১৫-৫৯ বছর বয়সী প্রতি ১,০০০ জন পুরুষের মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতে মৃত্যুর আশঙ্কা ছিল ২৮০ জন, যেখানে ধনী পরিবারগুলোতে এই সংখ্যা মাত্র ১৫৮। নারীদের ক্ষেত্রে দরিদ্র পরিবারে প্রতি ১,০০০ জনে ১৫৭ জনের মৃত্যুর ঝুঁকি থাকলেও ধনী পরিবারে তা কমে দাঁড়িয়েছে ৮৭ জনে।

গবেষকরা জাতি, ধর্ম, গ্রাম বা শহরের অবস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নিয়েও এই ব্যবধান বিশ্লেষণ করেছেন। এসব বিষয় সমন্বয় করার পরও দেখা গেছে, শীর্ষ ২০ শতাংশ ধনী পরিবারের পুরুষদের মৃত্যুর ঝুঁকি সর্বনিম্ন ২০ শতাংশ দরিদ্র পরিবারের পুরুষদের তুলনায় ৬২ শতাংশ কম। আর নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪২ শতাংশ কম।

জাতপাতের পার্থক্য ও মুসলিম পুরুষদের কম মৃত্যুহার

গবেষণায় দেখা গেছে, তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) পুরুষদের মধ্যে উচ্চ মৃত্যুহারের পেছনে মূলত তাদের অর্থনৈতিক দুরবস্থা ও ভৌগোলিক অবস্থান দায়ী।

২০১৯-২১ সালের জরিপ অনুযায়ী, প্রতি ১,০০০ জনে এসসি পুরুষদের মৃত্যুর আশঙ্কা ছিল ২৫৬ এবং এসটি পুরুষদের ২৫৪। বিপরীতে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল প্রতি হাজারে ১৯৭ জন। অর্থনৈতিক অবস্থা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নেওয়ার পরও উচ্চবর্ণের হিন্দু নারীদের তুলনায় এসসি নারীদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ১৯ শতাংশ বেশি পাওয়া গেছে।

তবে জরিপের তিনটি পর্বেই একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে—উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ধারাবাহিকভাবে কম। ২০১৯-২১ সালের তথ্যানুযায়ী, পারিবারিক সম্পদ, বাসস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নেওয়ার পরও মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি উচ্চবর্ণের হিন্দু পুরুষদের চেয়ে ২১ শতাংশ কম ছিল। আগের জরিপগুলোতেও একই প্রবণতা দেখা গিয়েছিল।

এর পেছনে সম্ভাব্য কারণ হিসেবে গবেষকরা মুসলিম প্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের কম প্রবণতা এবং বেশ কয়েকটি রাজ্যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নগরায়ণের উচ্চ হারকে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, শহরাঞ্চলে বসবাসের হার বেশি হওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও তাঁদের ক্ষেত্রে তুলনামূলক বেশি।

তবে মুসলিম নারীদের ক্ষেত্রে এই বাড়তি সুবিধা দেখা যায়নি। সর্বশেষ জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও ভৌগোলিক বিষয়গুলো সমন্বয় করার পর মুসলিম নারীদের মৃত্যুঝুঁকির সাথে উচ্চবর্ণের হিন্দু নারীদের মৃত্যুঝুঁকির তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।

নারীদের মৃত্যুহার কমার গতি বেশি

গবেষণায় আরও উঠে এসেছে যে, গত দুই দশকে পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুহার অনেক দ্রুতগতিতে কমেছে।

১৫ থেকে ৫৯ বছর বয়সী নারীদের মৃত্যুর আশঙ্কা ১৯৯৮-৯৯ সালে প্রতি ১,০০০ জনে ২০৮ থেকে কমে ২০১৯-২১ সালে ১২৫-এ দাঁড়িয়েছে, অর্থাৎ মৃত্যুহার কমেছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, একই সময়ে পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২৬৮ থেকে কমে ২২১-এ নেমেছে, যা মাত্র ১৭ শতাংশ হ্রাস নির্দেশ করে।

উল্টো ২০১৫-১৬ এবং ২০১৯-২১ জরিপের মধ্যবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২০৯ থেকে বেড়ে ২২১-এ দাঁড়িয়েছে। গবেষকরা এর পেছনে মূলত কোভিড-১৯ মহামারির সময় পুরুষদের অধিক মৃত্যু এবং পেশাগত ঝুঁকিকে দায়ী করেছেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, “অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন সব সামাজিক গোষ্ঠীর প্রাপ্ত বয়স্কদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীকেন্দ্রিক বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি হলেও, এর সর্বোচ্চ সুফল পেতে হলে বৃহত্তর অর্থনৈতিক ও স্বাস্থ্যনীতিগুলোর সাথে তা সমন্বয় করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সোয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সোয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তার বক্তব্যে উল্লেখ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না, এমনটি দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল জানিয়েছেন যে, বৈধ ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন এবং এটি বাংলাদেশ ও সাবেক প্রধানমন্ত্রীর মধ্যকার একটি অভ্যন্তরীণ বিষয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে রাশেদ খান লেখেন, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা শুধুমাত্র বিদ্যমান বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই বাংলাদেশে ফিরতে পারবেন।

ভারতের মুখপাত্রের বক্তব্য বিশ্লেষণ করে রাশেদ খান আরো বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জয়সোয়ালের প্রশ্নোত্তর শুনে এটি স্পষ্ট যে, ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না। অর্থাৎ, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে না, রণধীর জয়সোয়াল এটি মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।

যা বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

এর আগে আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরা ও প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সোয়াল। জবাবে তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ—এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি জানান, প্রয়োজনীয় ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) নিয়ে কোনো নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে ভিন্ন একটি প্রক্রিয়া। অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ ভারত তার প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করছে বলেও জানান তিনি।

এ ছাড়া শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং এ বিষয়ে ভারতের কোনো ভূমিকা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা অস্বীকার এমপি মোশাররফের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা অস্বীকার এমপি মোশাররফের

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে উপজেলা বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেনের দাবি, দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেনি। তাদের বক্তব্য অনুযায়ী, কার্যালয়ের কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। পরে সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তাদের পরিচয় জানা যায়নি। আগুনের কারণে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা যায়।

বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা-পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই আগুনের ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%