ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,


শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,

 

শেরপুরে যমুনা টেলিভিশনের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের খরমপুর এলাকায় অবস্থিত তাঁর বাসভবনের ভেতরে ভাড়ায় পরিচালিত ইতালিয়ান ব্র্যান্ড ‘লোটো’র শোরুমের গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গোডাউনে সংরক্ষিত বিপুল পরিমাণ জুতা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ করেই সাংবাদিক উজ্জ্বলের বাসভবনের ভেতরে অবস্থিত লোটো শোরুমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া ও শিখা দ্রুত ছড়িয়ে পড়তে দেখে শোরুমের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাঁদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল

তবে আগুনে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি ভবনের দুটি কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং পাশের দোতলা ভবনটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আশপাশের বসতবাড়ি ও অন্যান্য দোকানপাট বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাড়ির মালিক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা কেটে দিয়েছে। এর পর আবার আমার বাড়িতে আগুনের ঘটনা ঘটল। পরপর এমন ঘটনায় বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। ঘটনাটি শত্রুতামূলক বা পরিকল্পিত হতে পারে বলে আমার আশঙ্কা। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় জমায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।’

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদন্ত ও আইনগত পদক্ষেপের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: পিরোজপুরে বিআরডিবির নৈশপ্রহরীকে তালাবদ্ধ করে দুই গাড়িতে আগুন

সাংবাদিকের বাসভবনে পরপর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা যথাযথ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বুধবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত ২৩তম কাউন্সিল সভা এবং ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমআইএসটির ২৩তম কাউন্সিল সভায় একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার পর মন্ত্রী এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

পরে ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন ড. এহছানুল হক মিলন। তিনি গ্রাজুয়েট শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানান। শিক্ষামন্ত্রী বলেন, "একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা জরুরি।" এমআইএসটিকে একটি আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে মেধা ও মননের বিকাশের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

আইএসপিআর জানায়, এমআইএসটির ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। এর মধ্যে ৯৪৩ জন সামরিক, ২ হাজার ৭১৮ জন বেসামরিক এবং ৭ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, এমআইএসটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা লক্ষ্য করে নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ১৫ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৪০ জন অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের রায়ে ৬৩ কানুনগোকে ধারণাগত জ্যেষ্ঠতা দিল ভূমি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


আদালতের রায়ে ৬৩ কানুনগোকে ধারণাগত জ্যেষ্ঠতা দিল ভূমি মন্ত্রণালয়

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আদালতের রায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ৬৩ জন পদোন্নতিপ্রাপ্ত কানুনগোকে ২০১৬ সালের ১৭ নভেম্বর থেকে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকায় দায়ের করা এ.টি. মামলা নম্বর ৯১/২০২১-এর ২০ মার্চ ২০২৩ তারিখের রায়, এ.টি. আপিল মামলা নম্বর ৪৭৫/২০২৩-এর ১০ জানুয়ারি ২০২৪ তারিখের রায়, হাইকোর্ট বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা নম্বর ৩০৪৭/২০২৪-এর ১১ জানুয়ারি ২০২৬ তারিখের রায় এবং বাস্তবায়ন মামলা নম্বর ০৪/২০২৪-এর ১৬ জুলাই ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের ১১ ডিসেম্বর ২০১৯ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত সার্ভেয়ারদের কানুনগো পদে পদোন্নতি ১৭ নভেম্বর ২০১৬ তারিখ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই তারিখ থেকে ধারণাগত জ্যেষ্ঠতা লাভ করবেন।

তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এ জ্যেষ্ঠতার ভিত্তিতে বেতন নির্ধারণের সুবিধা ছাড়া অন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না।

প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত কর্মকর্তাদের মধ্যে জাকির হুসাইন সরদার, মো. আবু সাইদ, মো. রেজাউল করিম, মো. আসলাম সরকার, এম এম শাহাদাৎ হোসেন, মো. নজরুল ইসলাম, মো. সোহেল মিয়া, মো. বাবুল আক্তার, মো. ফারুক আলম, মো. সেলিম হাওলাদার, মো. ফজলুর রহমান, মো. মতিউল ইসলাম, মো. মজিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, জালাল আহমেদসহ মোট ৬৩ জন ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, তালিকাভুক্তদের মধ্যে যারা ইতোমধ্যে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন, অবসর গ্রহণ করেছেন অথবা মৃত্যুবরণ করেছেন, তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। বর্তমানে কানুনগো পদে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এ ধারণাগত জ্যেষ্ঠতা বিবেচিত হবে।

ভবিষ্যতে আদালতের কোনো মামলার নির্দেশনা অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা সংযোজনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের অকাল মৃত্যুর ঝুঁকি কম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


ভারতে উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের অকাল মৃত্যুর ঝুঁকি কম

ভারতের সবচেয়ে ধনী পরিবারের একজন পুরুষের কর্মক্ষম বয়সে মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে দরিদ্র পরিবারের পুরুষের তুলনায় ৬২ শতাংশ কম। নারীদের ক্ষেত্রেও এই ব্যবধান প্রায় একই রকম প্রকট; ধনী পরিবারের নারীদের মৃত্যুর ঝুঁকি দরিদ্র পরিবারের নারীদের তুলনায় ৪২ শতাংশ কম।

গত দুই দশক ধরে ভারতে প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার পর্যবেক্ষণ করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সীদের বেঁচে থাকার ক্ষেত্রে জাতি বা ধর্মের চেয়ে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতাই প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। গবেষণায় আরও উঠে এসেছে, তফসিলি জাতিভুক্ত (এসসি) নারীদের অকালমৃত্যুর ঝুঁকি এখনো বেশি, অন্যদিকে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি কম।

‘ডেমোগ্রাফিক রিসার্চ’ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এই গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের গবেষক মোরাধ্বজ ধাকড় এবং মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের (আইআইপিএস) নন্দিতা সাইকিয়া। তাঁরা ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপের (এনএফএইচএস) তিনটি পর্বের (১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১) তথ্য বিশ্লেষণ করে মৃত্যুহারের এই চিত্র তুলে ধরেছেন।

তথ্য অনুযায়ী, ১৫-৫৯ বছর বয়সী প্রতি ১,০০০ জন পুরুষের মধ্যে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোতে মৃত্যুর আশঙ্কা ছিল ২৮০ জন, যেখানে ধনী পরিবারগুলোতে এই সংখ্যা মাত্র ১৫৮। নারীদের ক্ষেত্রে দরিদ্র পরিবারে প্রতি ১,০০০ জনে ১৫৭ জনের মৃত্যুর ঝুঁকি থাকলেও ধনী পরিবারে তা কমে দাঁড়িয়েছে ৮৭ জনে।

গবেষকরা জাতি, ধর্ম, গ্রাম বা শহরের অবস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নিয়েও এই ব্যবধান বিশ্লেষণ করেছেন। এসব বিষয় সমন্বয় করার পরও দেখা গেছে, শীর্ষ ২০ শতাংশ ধনী পরিবারের পুরুষদের মৃত্যুর ঝুঁকি সর্বনিম্ন ২০ শতাংশ দরিদ্র পরিবারের পুরুষদের তুলনায় ৬২ শতাংশ কম। আর নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪২ শতাংশ কম।

জাতপাতের পার্থক্য ও মুসলিম পুরুষদের কম মৃত্যুহার

গবেষণায় দেখা গেছে, তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) পুরুষদের মধ্যে উচ্চ মৃত্যুহারের পেছনে মূলত তাদের অর্থনৈতিক দুরবস্থা ও ভৌগোলিক অবস্থান দায়ী।

২০১৯-২১ সালের জরিপ অনুযায়ী, প্রতি ১,০০০ জনে এসসি পুরুষদের মৃত্যুর আশঙ্কা ছিল ২৫৬ এবং এসটি পুরুষদের ২৫৪। বিপরীতে উচ্চবর্ণের হিন্দু পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল প্রতি হাজারে ১৯৭ জন। অর্থনৈতিক অবস্থা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নেওয়ার পরও উচ্চবর্ণের হিন্দু নারীদের তুলনায় এসসি নারীদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ১৯ শতাংশ বেশি পাওয়া গেছে।

তবে জরিপের তিনটি পর্বেই একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে—উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের প্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর ঝুঁকি ধারাবাহিকভাবে কম। ২০১৯-২১ সালের তথ্যানুযায়ী, পারিবারিক সম্পদ, বাসস্থান এবং রাজ্যভিত্তিক পার্থক্যগুলো বিবেচনায় নেওয়ার পরও মুসলিম পুরুষদের মৃত্যুর ঝুঁকি উচ্চবর্ণের হিন্দু পুরুষদের চেয়ে ২১ শতাংশ কম ছিল। আগের জরিপগুলোতেও একই প্রবণতা দেখা গিয়েছিল।

এর পেছনে সম্ভাব্য কারণ হিসেবে গবেষকরা মুসলিম প্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের কম প্রবণতা এবং বেশ কয়েকটি রাজ্যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নগরায়ণের উচ্চ হারকে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, শহরাঞ্চলে বসবাসের হার বেশি হওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও তাঁদের ক্ষেত্রে তুলনামূলক বেশি।

তবে মুসলিম নারীদের ক্ষেত্রে এই বাড়তি সুবিধা দেখা যায়নি। সর্বশেষ জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও ভৌগোলিক বিষয়গুলো সমন্বয় করার পর মুসলিম নারীদের মৃত্যুঝুঁকির সাথে উচ্চবর্ণের হিন্দু নারীদের মৃত্যুঝুঁকির তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।

নারীদের মৃত্যুহার কমার গতি বেশি

গবেষণায় আরও উঠে এসেছে যে, গত দুই দশকে পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুহার অনেক দ্রুতগতিতে কমেছে।

১৫ থেকে ৫৯ বছর বয়সী নারীদের মৃত্যুর আশঙ্কা ১৯৯৮-৯৯ সালে প্রতি ১,০০০ জনে ২০৮ থেকে কমে ২০১৯-২১ সালে ১২৫-এ দাঁড়িয়েছে, অর্থাৎ মৃত্যুহার কমেছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, একই সময়ে পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২৬৮ থেকে কমে ২২১-এ নেমেছে, যা মাত্র ১৭ শতাংশ হ্রাস নির্দেশ করে।

উল্টো ২০১৫-১৬ এবং ২০১৯-২১ জরিপের মধ্যবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক পুরুষদের মৃত্যুহার প্রতি হাজারে ২০৯ থেকে বেড়ে ২২১-এ দাঁড়িয়েছে। গবেষকরা এর পেছনে মূলত কোভিড-১৯ মহামারির সময় পুরুষদের অধিক মৃত্যু এবং পেশাগত ঝুঁকিকে দায়ী করেছেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, “অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন সব সামাজিক গোষ্ঠীর প্রাপ্ত বয়স্কদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীকেন্দ্রিক বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি হলেও, এর সর্বোচ্চ সুফল পেতে হলে বৃহত্তর অর্থনৈতিক ও স্বাস্থ্যনীতিগুলোর সাথে তা সমন্বয় করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%