প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ মানেই একটি ভিন্ন রোমাঞ্চের সৃষ্টি। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচটি এই বিষয়টিকে আবারও প্রমাণ করেছে। যদিও এটি ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’ দলের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল, তবে ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই ম্যাচে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা ক্রিকেট অনুরাগীদেরকেও স্পর্শ করেছে। ফলে, ম্যাচের ফলাফলকে ছাপিয়ে দুই দলের ক্রিকেটারদের বিতর্কিত আচরণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দোহায় অনুষ্ঠিত ওই ম্যাচে খেলোয়াড়দের অতিরিক্ত স্লেজিং ও আক্রমণাত্মক উদ্যাপনকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং, এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও দুই দেশের ক্রিকেট বোর্ডের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা জয়ের পর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মাঠে যা ঘটেছে, তা মোটেও ঠিক নয়। এটি লজ্জাজনক এবং পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত খারাপ উদাহরণ তৈরি করছে।'
গত রোববার দোহায় অনুষ্ঠিত ম্যাচটি উত্তেজনার পারদ চড়তে শুরু করে খেলা শুরুর আগেই। টসের সময় ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা ও পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ প্রথাগত হাত মেলানো থেকে বিরত থাকেন। গত বছরের এশিয়া কাপ থেকেই দুই দলের মধ্যে এমন শীতল সম্পর্ক দেখা যাচ্ছে। তবে মাঠের লড়াই শুরু হলে তা তীব্র বাক্যবিনিময়ে রূপ নেয়।
পাকিস্তানের ব্যাটিং ইনিংসে ভারতীয় পেসার হর্ষিত রানার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান শামিল হুসাইন ও মাজ সাদাকাত। শামিলের ক্যাচ নেওয়ার পর এবং পরবর্তীতে রোহাইল নাজিরকে আউট করে আক্রমণাত্মক ভঙ্গিতে বিদায় জানান রানার।
ভারতের রান তাড়ার ইনিংসেও একই চিত্র দেখা যায়। বৈভব সূর্যবংশীর আউটের পর দুদলের খেলোয়াড়দের মধ্যে এক দফা উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শেষ দিকে হর্ষিত রানা আউট হওয়ার পর। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম তেড়ে গিয়ে রানার দিকে এগোলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সতীর্থদের প্রচেষ্টা ও আম্পায়ারদের সরাসরি হস্তক্ষেপে শেষ পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। এছাড়া পুরো ম্যাচেই দুদলের ফিল্ডাররা ব্যাটসম্যানদের লক্ষ্য করে যে ভাষায় স্লেজিং করেছেন, তা ক্রিকেটের স্বাভাবিক সৌজন্যবোধের সীমা ছাড়িয়ে গেছে।
মাঠের এই তিক্ততার রেশ কাটতে না কাটতেই টুর্নামেন্টে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দল খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’ দল। দুদল যদি নিজেদের সেমিফাইনালে জয়লাভ করে, তাহলে ফাইনালে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন