ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রস্তাবে ভারতের ওপর বেশি চাপ


যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রস্তাবে ভারতের ওপর বেশি চাপ

যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যে সর্বাধিক ১৮ শতাংশ এবং ভারতের পণ্যে সর্বাধিক ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে, যা শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দেশ দুটিসহ চীন, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অর্থনীতির বিরুদ্ধে নেওয়া হয়েছে।

বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বুধবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্কের প্রস্তাব দেন। এই প্রস্তাবে বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত শুল্কের মধ্যে ভিয়েতনামের পণ্যে সর্বাধিক ৩৫ শতাংশ, ভারতের পণ্যে ২৫ শতাংশ, চীন ও সিঙ্গাপুরের পণ্যে ২০ শতাংশ এবং বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বাধিক ১৮ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১৫ শতাংশ এবং জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে সর্বাধিক ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: সুদানের ব্লু নাইল অঙ্গরাজ্যে আরএসএফের ড্রোন হামলায় ১৯ জন নিহত

কিছু দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালে শুল্কের হার কমানোর সুযোগ রাখা হয়েছে।

জামিসন গ্রিয়ার এক বিবৃতিতে উল্লেখ করেন, "কয়েক দশক ধরে অনেক বাণিজ্যিক অংশীদার উৎপাদন খাতকে লক্ষ্য করে শিল্প কৌশল গ্রহণ করেছে।" তিনি বলেন, এসব নীতির মধ্যে শ্রমিকের মজুরি ও শ্রম অধিকার সংকুচিত করা, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা এবং বাজারব্যবস্থাকে বিকৃত করে এমন উপকরণ ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি দাবি করেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করছে এবং বাণিজ্যের ভারসাম্য অন্য দেশগুলোর পক্ষে নিয়ে যাচ্ছে।

চীনের ক্ষেত্রে অধিকাংশ পণ্যে সর্বাধিক ২০ শতাংশ এবং নির্দিষ্ট কিছু পণ্যে ১০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। তবে প্রায় ৩০ বিলিয়ন ডলারের ভোক্তাপণ্যকে শুল্ক ছাড়ের আওতায় রাখার প্রস্তাব রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ডের সুপারিশ এবং ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া সমঝোতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে ৫৫০ বিলিয়ন রিয়াল আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সউদী আরব

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা

সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান বন্ধ করার জন্য সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের চিহ্নিত করা জরুরি। তাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মো. শাহ আলম বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এসব মন্তব্য করেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম কর্মশালাটির আয়োজন করে।

মানব পাচার, অভিবাসী চোরাচালান এবং সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় কক্সবাজার সদর, মহেশখালী, রামু, টেকনাফ ও উখিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অভিবাসনের বর্তমান প্রবণতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালানের পরিবর্তিত চিত্র তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি সাংবাদিকতা জীবনে মানব পাচার নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "আমরা যদি মানব পাচার কিংবা মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারি, একদিন আপনার-আমার সন্তানেরাও এর শিকার হবে। তখন দেখবেন, এই এলাকাই ছাড়তে হবে। কাজেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।"

শরিফুল ইসলাম হাসান আরও উল্লেখ করেন, "দায়িত্বশীল সাংবাদিকতা শুধু তথ্য তুলে ধরে না, এটি মানুষকে সচেতন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখে এবং নিরাপদ অভিবাসনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

কর্মশালায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের লিগ্যাল সার্ভিসের সমন্বয়কারী বিশ্বজিৎ ভৌমিকও বক্তব্য দেন।

এর আগে সকালে ‘সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিআইডির ২৫ জন কর্মকর্তা অংশ নেন। সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো ছিল এ কর্মশালার লক্ষ্য।

এ কর্মশালায় মো. শাহ আলম সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর ও সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, "কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা ব্যবহার করে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানুষকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠানোর ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।"

কক্সবাজারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ কক্সবাজারকে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের একটি ‘রেড জোন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "এ অঞ্চলে সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে গুজরাটের তরুণ বরিশালে ১৭ বছরের কিশোরীকে বিয়ে করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


প্রেমের টানে গুজরাটের তরুণ বরিশালে ১৭ বছরের কিশোরীকে বিয়ে করলেন

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের মাধ্যমে শুরু হয় এক প্রেমের গল্প, যা ভারত থেকে বাংলাদেশে পৌঁছায়। গুজরাটের এক তরুণ বরিশালে এসে ১৭ বছরের কিশোরীকে বিয়ে করেছেন এবং বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এই তরুণের বয়স ২০ বছর।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে ঘটেছে। ভারতীয় তরুণের নাম সোরঠিয়া ফাইজান শাহ, যিনি হামজা নামেও পরিচিত। তিনি গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে।

অন্যদিকে, কিশোরী মাহি আক্তার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সিকদারের মেয়ে। তিনি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।

মাহির পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল সাড়ে দশটার একটি ফ্লাইটে ফাইজান শাহ ভারত থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে মাহির পরিবার তাকে রিসিভ করে বরিশালে নিয়ে আসে। পরবর্তীতে ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি ও মৌলভী ডেকে মাহির সঙ্গে ফাইজানের বিয়ে সম্পন্ন হয়। এরপর ফাইজানকে মেয়ে জামাইয়ের মর্যাদা দিয়ে বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহি আক্তারের মা শামীমা আক্তার এসব তথ্য জানান।

এদিকে, ভারতীয় তরুণের সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয়রা ভারতীয় তরুণকে একনজর দেখার জন্য ভিড় জমাতে শুরু করে।

কিশোরী মাহি আক্তার বলেন, "ফাইজান দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আমার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু। তার সঙ্গে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল আমার। গত তিন মাস আগে দুই পরিবার প্রেমের বিষয়টি জানতে পারে। এরপর আমার পরিবার থেকে বারবার নিষেধ করা হলেও সম্পর্ক রেখেছিলাম। সেই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসা নিয়ে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসে ফাইজান। শাহজালাল বিমানবন্দরে আমার মা এবং ছোট ভাই তাকে রিসিভ করে বরিশাল নিয়ে আসেন।"

মাহি আরও বলেন, "গত একবছরে প্রেমিক ফাইজানের কাছ থেকে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখে ফেলেছি। এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। আমাদের পুরো পরিবার কমবেশি হিন্দিতে কথা বলতে পারে। ফাইজান আমার সঙ্গে বাংলাদেশেই থেকে যেতে চায়। সেও আমার কাছ থেকে কিছু কিছু বাংলা শিখেছে।"

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তিনি ৬ মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বাকি জীবন বাংলাদেশেই স্ত্রীর সঙ্গে কাটাতে চান।

তবে ভারতীয় তরুণের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে জানিয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, "খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া বিস্তারিত জানতে ভারতীয় ওই নাগরিকের সব তথ্য থানায় দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: এমপি মাহবুবুর রহমান বেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: এমপি মাহবুবুর রহমান বেলাল

আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনিদের দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল মন্তব্য করেছেন যে, বাংলাদেশে এই খুনিদের দলকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

বুধবার বিকেলে, রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের উদ্দেশ্য ছিল দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করা এবং ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় করা।

বিক্ষোভ মিছিলটি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেসক্লাব, দাবানল মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, "আমরা এই দেশে গণহত্যা আর দেখতে চাই না। ক্রসফায়ার, গুম ও আয়নাঘর আর দেখতে চাই না। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, তাদের কখনোই রাজনৈতিক দল বলা যায় না।"

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না। জনগণের গণরায় ও ‘হ্যাঁ’ ভোটের রায়কে অস্বীকার করছে। বাংলার জনগণ এই অস্বীকার করার তামাশা আর মেনে নিতে পারে না।

বেলাল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে, শেখ হাসিনার পক্ষে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হবে।

সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা এ বিষয়ে সরকারপ্রধানকে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান।

এ সময় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জৈন্তাপুরে আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা, প্রাচীন পুরাকীর্তি সংরক্ষণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


জৈন্তাপুরে আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা, প্রাচীন পুরাকীর্তি সংরক্ষণের উদ্যোগ

সিলেটের জৈন্তাপুরে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ এবং একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ পরিকল্পনার কথা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে দুই মন্ত্রী জৈন্তাপুরের নিজপাট নগরীতে অবস্থিত ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ পরিদর্শন করেন। তাঁরা এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী পরিদর্শনকালে বলেন, "প্রাচীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংস্কার ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে জৈন্তিয়ার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এসব নিদর্শনের পরিচিতি তুলে ধরা সম্ভব হবে।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, "ঐতিহাসিক স্থাপনাগুলো যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি পর্যটন খাতের বিকাশেও ভূমিকা রাখবে।"

মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, "জৈন্তিয়া রাজ্যের ঐতিহাসিক নিদর্শনগুলো এ অঞ্চলের সমৃদ্ধ অতীতের পরিচায়ক।" তিনি বলেন, এসব পুরাকীর্তি সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করতে হবে। তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম গ্রহণের তাগিদ দেন।

এদিকে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি দুই মন্ত্রী পৃথক এসএমভিটি লেনসহ সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজও পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।

জৈন্তাপুরের ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ এবং আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পর্যটন বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%