ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মেধার শক্তিতে আগামী বাংলাদেশ গড়ে উঠবে: এ কে এম সলিমুল্লাহ সেলিম


মেধার শক্তিতে আগামী বাংলাদেশ গড়ে উঠবে: এ কে এম সলিমুল্লাহ সেলিম

“তোমাদের মেধার মাধ্যমেই ভবিষ্যতে দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে। মেধার কোনো বিকল্প নেই-যে দেশ যত উন্নত, সে দেশের শিক্ষার্থীরা তত বেশি মেধা ও মননে সমৃদ্ধ।”

বুধবার সকালে চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ মিলনায়তনে ‘শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “জীবনের প্রতিটি পদে তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে হবে। আমরা জীবনের নানা বাঁকে পরীক্ষিত হয়ে আজকের এ অবস্থানে পৌঁছেছি; তোমাদেরও সেভাবেই প্রস্তুত হতে হবে। আজকের অর্জিত সাফল্য তোমাদের আগামীর ভিত্তিপ্রস্তর। তোমরাই আমাদের আগামীর ভবিষ্যৎ, তোমরাই গড়ে তুলবে নতুন দিনের বাংলাদেশ।”

আরও পড়ুন: যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদের সমন্বয়ক মোঃ কামরুল হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সদর উপজেলা পরিচালক দেওয়ান মোঃ ছাইফুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা মো. হুমায়ুন কবির, রামপুর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক বজলুর রশিদ সোহেল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল হেলাল, রাজরাজেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, মাওলানা নোমান আহমেদ।

আলোচনা সভার শেষে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক এই বৃত্তি পরীক্ষায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ৪৫ জন মেধাবী শিক্ষার্থী চূড়ান্তভাবে পুরস্কৃত হয়।

আরও পড়ুন: রহমতপুরে চেয়ারম্যান প্রার্থী হতে চান নিজাম উদ্দিন, উঠান বৈঠকে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা ‘ক্লিনিক্যালি ডেড’, ভেন্টিলেটরে শ্বাস-প্রশ্বাস চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা ‘ক্লিনিক্যালি ডেড’, ভেন্টিলেটরে শ্বাস-প্রশ্বাস চলছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরার মস্তিষ্কের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। চিকিৎসকেরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ হিসেবে ঘোষণা করেছেন। বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস ভেন্টিলেটরের মাধ্যমে চালু রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এম এইচ এম খুরশীদ আলম জানিয়েছেন, বাবা-মায়ের ইচ্ছার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চেসির সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য প্রকাশ করেন ছাত্র উপদেষ্টা। তিনি জানান, চিকিৎসকেরা আর আশার কোনো খবর দিতে পারছেন না। অলৌকিক কিছু না ঘটলে চেসির ফিরে আসার সম্ভাবনা খুবই কম। গত দুই দিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিনি হাসপাতালে অবস্থান করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চেসির সহপাঠী রবিউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার ফলে চেসির মস্তিষ্কে মারাত্মক আঘাত লেগেছে। এর ফলে মস্তিষ্ক ফুলে গিয়ে ভেতরে চাপ বেড়ে যায়। এক পর্যায়ে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয়। পাশাপাশি মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধার ঘটনাও ঘটে। চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের কার্যক্রম ফিরে আসার সম্ভাবনা নেই।

রবিউল আরো জানান, ভেন্টিলেটরের সাহায্যে চেসির শ্বাস-প্রশ্বাস চালু রাখা হচ্ছে। এই সহায়তার মাধ্যমে তার হৃদযন্ত্রসহ শরীরের অন্যান্য কার্যক্রম সচল রয়েছে। চিকিৎসকদের মতে, এমন অবস্থায় কয়েক দিন বা তারও বেশি সময় লাইফ সাপোর্টে রাখা হলেও মস্তিষ্কের কার্যক্রম ফিরে আসার সম্ভাবনা নেই।

এর আগে, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে চেসি ত্রিপুরা গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হন। অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

চেসি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে। বর্তমানে বাবা-মায়ের ইচ্ছায় লাইফ সাপোর্টে রেখে তার শারীরিক কার্যক্রম সচল রাখার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে দুর্গাপূজার বিসর্জনে নিরাপত্তা পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


চাঁদপুরে দুর্গাপূজার বিসর্জনে নিরাপত্তা পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন চাঁদপুরে উৎসবমুখর ও প্রীতিময় পরিবেশে সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুর জেলা পুলিশ কঠোর নজরদারিতে ছিল। বুধবার (২১ অক্টোবর) শহরের প্রধান প্রধান বিসর্জনস্থল ও সংলগ্ন এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

প্রতিমা বিসর্জন চলাকালে তিনি বিভিন্ন পয়েন্টে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা চাদরের তদারকি করেন। দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তদের বিসর্জন প্রক্রিয়া যেন সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরিদর্শনকালে বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিসর্জন সম্পন্ন হওয়া পর্যন্ত পুলিশের এই কড়া নজরদারি বজায় থাকবে।" জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। পূজা উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা পুলিশের সার্বিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কায় বহু সরকারি ও কোম্পানির ওয়েবসাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কায় বহু সরকারি ও কোম্পানির ওয়েবসাইট বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষায় গুরুতর ত্রুটি শনাক্ত হওয়ার পর, বিশ্বব্যাপী সরকারি ও বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ বা অকার্যকর হয়ে পড়েছে। কিছু পরিষেবা স্থগিত রাখতে হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছেন নিজেদের সিস্টেমগুলো ঠিক করার জন্য।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভাব্য দুর্বলতাগুলো শনাক্ত ও সেগুলো দূর করার লক্ষ্যে ‘পুরো সরকারজুড়ে’ কাজ চলছে।

তিনি বলেন, ‘এই কার্যক্রমের ফলে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ কোনো বড় পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে নিরাপত্তা সংক্রান্ত কাজ চলার সময় কিছু সীমিত পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং ইউরোপের সাইবার নিরাপত্তা সংস্থা বিভিন্ন কোম্পানিকে পিএইচপি-তে থাকা দুটি গুরুতর ত্রুটি নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। পিএইচপি হলো একটি প্রোগ্রামিং ভাষা, যা ওয়ার্ডপ্রেস ও দ্রুপাল-এর মতো ওপেন-সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনার মূল ভিত্তি হিসেবে কাজ করে।

পিএইচপি ফাউন্ডেশন, এই কোডিং ভাষাটির নেপথ্যে থাকা সংস্থা, তাদের সফটওয়্যারে বহু বছর ধরে লুকিয়ে থাকা ত্রুটিগুলোর জন্য একটি প্যাচ প্রকাশ করেছে। ওয়েবসাইট পরিচালনাকারীদের অবিলম্বে তাদের সিস্টেম আপডেট করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় আইরিশ সংবাদমাধ্যম দ্য জার্নাল-এর ওয়েবসাইট বৃহস্পতিবার সকালে সাময়িকভাবে বন্ধ ছিল। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নিজেদের ‘সুরক্ষাব্যবস্থা’ জোরদার করার জন্যই তারা এমন পদক্ষেপ নেয়। রয়টার্স ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই-এর পরেই দ্য জার্নাল হলো দেশটির দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত অনলাইন সংবাদ উৎস।

পিএইচপি-এর ত্রুটিগুলো উন্মোচন করেছে ওপেনএআই, গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা সংস্থা উইজ এবং আরেক সাইবার নিরাপত্তা সংস্থা ক্যালিফ-এর দলগুলো।

প্রতিবেদন অনুসারে, পিএইচপি২শেল (PHP2Shell) নামে পরিচিত এই ত্রুটিগুলো আক্রমণকারীদের ওয়েবসাইট হ্যাক করার সুযোগ করে দিতে পারে। এছাড়া এর মাধ্যমে তারা মেমোরি থেকে এমন তথ্য পড়ে ফেলতে পারে, যার মধ্যে পাসওয়ার্ডের মতো সংবেদনশীল বিষয় থাকতে পারে।

আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডিভিয়ার গ্রুপের সিইও নাইজেল গ্রিন বলেন, ‘যেহেতু ইন্টারনেটের একটি বিশাল অংশ পিএইচপি-এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই এর ঝুঁকি এমন প্রায় সব জায়গাতেই ছড়িয়ে পড়তে পারে যেখানে মানুষ অনলাইনে অর্থ ব্যয় করে।’

বুকিং প্ল্যাটফর্ম, মার্কেটপ্লেস, সাবস্ক্রিপশন পরিষেবা, টিকিট বিক্রির সাইট, ডেলিভারি অ্যাপ এবং ইউটিলিটি পোর্টালসহ সব ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে খাদ্যশস্য পরিবহণ ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


নারায়ণগঞ্জে খাদ্যশস্য পরিবহণ ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ‘নারায়ণগঞ্জ সাইলো’ থেকে খাদ্যশস্য পরিবহণের ভাড়া নিয়ে ঠিকাদার ও পরিবহণ শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে গত পাঁচ দিন ধরে চাল-গমসহ খাদ্যশস্য পরিবহণ কার্যক্রম বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি খাদ্য সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সাইলো কর্মকর্তা ও ঠিকাদারদের সূত্রে জানা গেছে, জ্বালানি ও গাড়ি পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে শ্রমিকেরা পরিবহণ ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন। তবে ঠিকাদাররা সরকারি দরপত্রে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ দিতে রাজি নন। এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের এক পর্যায়ে পরিবহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ আন্তজেলা ট্রাক-কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান লিপু জানিয়েছেন, জ্বালানি ও পরিবহণ পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি যৌক্তিকভাবে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ঠিকাদারদের বক্তব্য হলো, সরকারি দরপত্রে নির্ধারিত দর ও বাজেটের বাইরে অতিরিক্ত ভাড়া দেওয়ার বিষয়টি তাদের পক্ষে সম্ভব নয়।

কেন্দ্রীয় খাদ্য সরবরাহ ঠিকাদার সমিতির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই রাজু মন্তব্য করেছেন, একটি কুচক্রী মহল পরিবহণ শ্রমিকদের উসকানি দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, সাইলো ও বিশ্ব খাদ্যগুদাম সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখান থেকে খাদ্যশস্য সরবরাহ বন্ধ রাখা কোনোভাবেই কাম্য নয়। পরিস্থিতির প্রকৃত কারণ তদন্ত করে দ্রুত পরিবহণ কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সাইলোর সুপার রিয়াজুল আলমের বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%