ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে খাদ্যশস্য পরিবহণ ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ


নারায়ণগঞ্জে খাদ্যশস্য পরিবহণ ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ‘নারায়ণগঞ্জ সাইলো’ থেকে খাদ্যশস্য পরিবহণের ভাড়া নিয়ে ঠিকাদার ও পরিবহণ শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে গত পাঁচ দিন ধরে চাল-গমসহ খাদ্যশস্য পরিবহণ কার্যক্রম বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি খাদ্য সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সাইলো কর্মকর্তা ও ঠিকাদারদের সূত্রে জানা গেছে, জ্বালানি ও গাড়ি পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে শ্রমিকেরা পরিবহণ ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন। তবে ঠিকাদাররা সরকারি দরপত্রে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ দিতে রাজি নন। এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের এক পর্যায়ে পরিবহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ আন্তজেলা ট্রাক-কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান লিপু জানিয়েছেন, জ্বালানি ও পরিবহণ পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি যৌক্তিকভাবে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইল শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

অন্যদিকে, ঠিকাদারদের বক্তব্য হলো, সরকারি দরপত্রে নির্ধারিত দর ও বাজেটের বাইরে অতিরিক্ত ভাড়া দেওয়ার বিষয়টি তাদের পক্ষে সম্ভব নয়।

কেন্দ্রীয় খাদ্য সরবরাহ ঠিকাদার সমিতির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই রাজু মন্তব্য করেছেন, একটি কুচক্রী মহল পরিবহণ শ্রমিকদের উসকানি দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, সাইলো ও বিশ্ব খাদ্যগুদাম সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখান থেকে খাদ্যশস্য সরবরাহ বন্ধ রাখা কোনোভাবেই কাম্য নয়। পরিস্থিতির প্রকৃত কারণ তদন্ত করে দ্রুত পরিবহণ কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সাইলোর সুপার রিয়াজুল আলমের বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

আরও পড়ুন: কনটেইনার পোর্ট নির্মাণ প্রকল্প অবিলম্বে বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়িতে বই পড়া বা ফোন দেখলে বমি পায় কেন, জেনে নিন উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


গাড়িতে বই পড়া বা ফোন দেখলে বমি পায় কেন, জেনে নিন উপায়

চলন্ত গাড়িতে বসে বই পড়া কিংবা মোবাইল ফোনে স্ক্রল করার সময় অনেকের মাথা ঘোরানো এবং বমি বমি ভাবের অভিজ্ঞতা ঘটে। কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত ঘাম, মাথাব্যথা এমনকি বমির ঘটনাও ঘটে। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যাটিকে মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতা বলা হয়। চোখ ও মস্তিষ্কে পৌঁছানো চলাচলসংক্রান্ত সংকেতের মধ্যে অসামঞ্জস্য তৈরি হলে এই সমস্যা দেখা দিতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে চিকিৎসক চাইথান্য রবি কুমার জানিয়েছেন, যখন চলন্ত গাড়িতে বই পড়া হয় বা ফোন দেখা হয়, তখন চোখ একটি স্থির বস্তুর দিকে নিবদ্ধ থাকে। অন্যদিকে, কানের ভেতরের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ শরীরের নড়াচড়া ও গতির পরিবর্তন শনাক্ত করে। চোখ ও অন্তঃকর্ণ থেকে পাওয়া এই দুই ধরনের সংকেতের মধ্যে অমিল তৈরি হলে মস্তিষ্কে মোশন সিকনেসের প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

কেন সবার এমন সমস্যা হয় না?

সকলের শরীরের প্রতিক্রিয়া এক রকম নয়। বয়স, বংশগত প্রবণতা, মাইগ্রেনের ইতিহাস এবং চলাচলজনিত অস্বস্তির প্রতি সংবেদনশীলতার ওপর মোশন সিকনেসের তীব্রতা নির্ভর করে। বিশেষ করে দুই থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। তবে যেকোনো বয়সেই এটি হতে পারে।

গাড়ি বারবার গতি বাড়ালে, হঠাৎ ব্রেক করলে বা দিক পরিবর্তন করলে সমস্যা আরও বাড়তে পারে। পেছনের আসনে বসে রাস্তার সামনের দৃশ্য দেখতে না পাওয়াও অস্বস্তি বাড়াতে পারে। এ ছাড়া বদ্ধ পরিবেশ, তীব্র গন্ধ, উদ্বেগ, ক্লান্তি ও পানিশূন্যতা উপসর্গকে আরও বাড়িয়ে দিতে পারে।

গাড়িতে বমি ভাব কমানোর উপায়

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, মোশন সিকনেস এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো চলন্ত গাড়িতে বই পড়া বা ফোনের দিকে তাকিয়ে থাকা এড়িয়ে চলা। এর পরিবর্তে বাইরের দৃশ্য বা দিগন্তের দিকে তাকালে চোখ ও অন্তঃকর্ণ থেকে পাওয়া সংকেতের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে মস্তিষ্কের সুবিধা হতে পারে।

এ ছাড়া কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন—

সম্ভব হলে সামনের যাত্রীর আসনে বসুন, যাতে বাইরের দৃশ্য সহজে দেখা যায়।

মাথা যথাসম্ভব স্থির রাখুন এবং বারবার নিচের দিকে তাকানো এড়িয়ে চলুন।

গাড়ির ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

দীর্ঘ যাত্রায় নিরাপদ স্থানে বিরতি নিন।

পানিশূন্যতা এড়িয়ে চলুন এবং যাত্রার আগে পর্যাপ্ত বিশ্রাম নিন।

যাঁদের নিয়মিত তীব্র সমস্যা হয়, তাঁরা চিকিৎসকের পরামর্শে ওষুধ নিতে পারেন। তবে মোশন সিকনেসের কিছু ওষুধে ঘুম ঘুম ভাব হতে পারে এবং সেগুলো সবার জন্য উপযুক্ত নয়। তাই নিজে থেকে ওষুধ খাওয়া ঠিক নয়।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

চলন্ত গাড়িতে বই পড়া বা ফোন দেখার কারণে মোশন সিকনেস সাধারণত গুরুতর সমস্যা নয়। তবে গাড়িতে না থাকলেও যদি বারবার মাথা ঘোরে বা বমি বমি ভাব হয়, যাত্রা শেষ হওয়ার পরও উপসর্গ থেকে যায় কিংবা এর সঙ্গে তীব্র মাথাব্যথা, শ্রবণশক্তির পরিবর্তন, হাঁটতে অসুবিধা বা অন্য কোনো স্নায়বিক উপসর্গ দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সুতরাং, গাড়িতে যাত্রার সময় বই পড়া বা ফোন দেখার অভ্যাস থাকলে শরীরের প্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে স্ক্রিন থেকে বিরতি নিন এবং বাইরের স্থির দৃশ্যের দিকে তাকান। এতে অনেকের মোশন সিকনেসের অস্বস্তি কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরের চোখের ওপরে দাঁত গজানোর বিরল ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কিশোরের চোখের ওপরে দাঁত গজানোর বিরল ঘটনা

ভারতের ১৬ বছর বয়সী এক কিশোরের বাঁ চোখের ওপরের অংশে দাঁত গজানোর একটি বিরল ঘটনা ঘটেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের ঘটনা এবারই প্রথমবারের মতো ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কিশোরটি বাঁ চোখের ওপর ব্যথাহীন ফোলা নিয়ে হাসপাতালে গিয়েছিল। কিছুদিন পর তার ভ্রু ও ওপরের চোখের পাতার মাঝামাঝি থেকে শক্ত, সাদা দুটি অংশ বেরিয়ে আসে।

পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, কিশোরটির চোখের কোটরের ওপরের অংশে একটি পূর্ণাঙ্গ দাঁত রয়েছে।

মুখের বাইরে দাঁত গজানোর বিরল অবস্থা

মেডিকেল টার্মিনোলজিতে মুখের বাইরে দাঁত গজানোর এই অবস্থাকে একটোপিক টুথ বলা হয়। এর আগে নাকের ভেতরের অংশে এবং মুখের তালুতে এ ধরনের দাঁত গজানোর ঘটনা দেখা গেছে। তবে চোখের কোটরে দাঁত গজানোর ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসকদের মতে, কিশোরটির মুখে বা মাথায় আঘাত পাওয়ার কোন ইতিহাস নেই। এছাড়া তার কোন জিনগত রোগের তথ্যও পাওয়া যায়নি। সিটি স্ক্যানে মাথার খুলির অন্য কোথাও দাঁতের অস্তিত্ব পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, অস্বাভাবিক এ অবস্থার কারণ জানতে চিকিৎসকেরা এখনো অনুসন্ধান চালাচ্ছেন।

অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা সফলভাবে দাঁতটি অপসারণ করেছেন। অস্ত্রোপচারের পর ফোলাভাব কমে এসেছে এবং ভবিষ্যতের ঝুঁকিও কমেছে বলে জানা গেছে চিকিৎসকদের।

ঘটনাটির বিস্তারিত বিবরণ আমেরিকান অ্যাকাডেমিক অব অপথ্যালমোলজির একটি চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সূত্র: এনডিটিভি ও সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনপুরায় ২৪ ঘণ্টায় ১ ঘণ্টা বিদ্যুৎ, বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


মনপুরায় ২৪ ঘণ্টায় ১ ঘণ্টা বিদ্যুৎ, বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের বিক্ষোভ

ভোলার মনপুরায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা এ কর্মসূচি আয়োজন করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টায় ডাকবাংলো মোড় এলাকায় অবস্থিত ওজোপাডিকোর কার্যালয়ের সামনে তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষে তারা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও তাদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তারা ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন। এই অবস্থায় তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনায় চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারা দাবি করেছেন যে, প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। অন্যথায়, বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবি জানান তারা।

জানা গেছে, মনপুরায় পাওয়ার হাউজের জেনারেটরের মাধ্যমে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। কিন্তু গত কয়েক মাস ধরে মেশিন নষ্ট থাকার অজুহাতে ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও গ্রাহকরা। এ কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর আগে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ওই কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।

হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, "দিনে বিদ্যুৎ পাওয়া যায় না, রাতে মেলে মাত্র এক ঘণ্টা। এতে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।" তারা জানান, এ পরিস্থিতির প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত সমস্যার সমাধান না করে, তবে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দিতে হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলাম বলেন, "আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি ও সার সরবরাহে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


জ্বালানি ও সার সরবরাহে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য জ্বালানি পণ্য সরবরাহের পাশাপাশি সার রপ্তানিতে সহযোগিতা বাড়ানোর প্রতি আগ্রহী। আলজেরিয়া বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশটির বস্ত্রশিল্প পুনরুজ্জীবিত করা এবং ওষুধ ও চামড়াশিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজিয়ার্সে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। বিশেষভাবে জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সন্তোষ প্রকাশ করেন। এই সমঝোতার আওতায় সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়া, বাংলাদেশে তেল শোধনাগার ও এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশের জ্বালানি খাতের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আলজেরিয়ার পেট্রোলিয়াম ইনস্টিটিউট বাংলাদেশি প্রকৌশলী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় কর্মসূচি পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। এর মাধ্যমে জ্বালানি খাতে দক্ষ জনবল তৈরি এবং বাংলাদেশের কারিগরি সক্ষমতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হতে পারে।

বৈঠকে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সমঝোতা স্মারকটি অগ্রাধিকার ভিত্তিতে সই করার জন্য দেশটির প্রেসিডেন্ট তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছিলেন।

বাংলাদেশের কৃষি খাতের চাহিদা পূরণে সার আমদানির বিষয়টি বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর জবাবে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

আলজেরিয়া বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বস্ত্রশিল্প পুনরুজ্জীবিত করতে চায়। পাশাপাশি, ওষুধ, চামড়া ও বস্ত্রশিল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা বা ফরেন অফিস কনসালটেশন আয়োজনের গুরুত্বও বৈঠকে তুলে ধরা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠক শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন দুই মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকটি আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%