বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৯:৪১ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জের যুবক রাজন ইউক্রেনের যুদ্ধের বিভীষিকার শিকার হয়ে দেশে ফিরেছেন। তিনি রাশিয়ায় যাওয়ার সময় নির্মাণ শ্রমিকের চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁকে জোর করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে অভিযোগ করেছেন রাজন।
রাজন ড্রোন হামলায় আহত হয়ে কোনোমতে দেশে ফিরে আসেন। যুদ্ধের ভয়াবহ স্মৃতি এখনো তাঁর মনে তাড়া করে। কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের এই যুবকের একটি পা অচল হয়ে গেছে এবং তিনি ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করছেন।
সুঠাম দেহের রাজন এখন অনেকটাই কঙ্কালসার হয়ে গেছেন। বিস্ফোরণের শব্দ, ড্রোন হামলা এবং মৃত্যুর আতঙ্ক তাঁর মনে ভেসে ওঠে। রাজন জানান, দালালের মাধ্যমে গত ৭ মে তিনি রাশিয়ায় যান। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ দেওয়ার কথা থাকলেও, তাঁকে জোর করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে তাঁকে রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। রাজন বলেন, তাঁর সঙ্গে আরো ৩০ জন যুবককে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। প্রথম কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে ২০ জন নিহত হন। একসময় একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। চার দিন চার রাত বুকের ওপর ভর দিয়ে কোনোমতে ক্যাম্পে ফিরে আসেন তিনি।
রাজন পরে ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পান। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরেন। গয়েশপুর গ্রামের বাসিন্দা রফিক বলেন, ‘রাজন ভালো ছেলে। পরিবারের অভাবের কারণে বিদেশে যেতে বাধ্য হয়েছিল। এখন তাঁর এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে।’
রাজনের পরিবার জানায়, ছেলেকে বিদেশে পাঠাতে সহায়-সম্বল বিক্রি করেছিলেন তাঁর বাবা। বর্তমানে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। রাজনের চিকিৎসার জন্য অর্থের অভাব রয়েছে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাজনের চিকিৎসায় সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) কর্তৃক আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে সদস্য ও তাদের পরিবারের মোট ২০০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাপত্র, বিভিন্ন পরীক্ষার জন্য টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। হেলথ ক্যাম্পে চিকিৎসাপত্র গ্রহণ করেছেন ২০০ জন, যেখানে সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএস১সি, ইসিজি, আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করেছেন ১২০ জন এবং প্রায় ২০০ জনকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
এই হেলথ ক্যাম্পের চিকিৎসাসেবা সমন্বয় করেছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)-এর পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), খ্যাতনামা নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা) এবং ডিসিআর এর ৩০ জনের চিকিৎসক টিম।
হেলথ ক্যাম্পে যাবতীয় ওষুধ সরবরাহ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। খন্দকার টি’র সৌজন্যে ছিল চা-কফির ব্যবস্থা।
সন্ধ্যায় এই ক্যাম্পে স্বেচ্ছাসেবায় বেস্ট পারফর্মারদের অনুভূতি প্রকাশ ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর ও মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় চট্টগ্রামে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিলটি শুরু হয়ে জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
সমাবেশে বক্তারা রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চট্টগ্রাম মহানগর ও মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মজিবুর রহমান, আবু সুফিয়ান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।
মিছিল ও সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সপ্তাহে কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাজেম জালালির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বুধবার জানায়, পেজেশকিয়ান ‘কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। সেখানে পুতিনের সঙ্গে তার ষষ্ঠ বৈঠক হবে।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আগামী মঙ্গলবার বিশকেকে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। দুই নেতার নির্ধারিত এ বৈঠক এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ