ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

এনআইডি জালিয়াতির মূল হোতা আটক, ১৯টি ভুয়া সিল জব্দ


এনআইডি জালিয়াতির মূল হোতা আটক, ১৯টি ভুয়া সিল জব্দ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ফাঁদে পড়েছিলেন সিফাদ আহম্মেদ (১৯) পাসপোর্ট করতে গিয়ে। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশাল একটি জালিয়াত চক্রের সন্ধান পান।

সোমবার (৫ অক্টোবর) ইউএনও ফাতেমা জান্নাতের নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে ‘মামুন কম্পিউটার’ নামের দোকান থেকে জালিয়াতি চক্রের মূল হোতা রফিকুল ইসলাম বাদল (৫০) আটক হন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ১৯টি ভুয়া সিল এবং ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র উদ্ধার করা হয়।

ভুক্তভোগী সিফাদ আহম্মেদকে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নেন কম্পিউটার দোকানি বাদল। পরবর্তীতে সিফাদ উচ্চশিক্ষার্থে বা জীবিকার তাগিদে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে বিপাকে পড়েন।

আরও পড়ুন: কুমিল্লায় জুমার খুতবার সময় ঝটিকা মিছিলে ১৭ জন গ্রেপ্তার

পাসপোর্ট অফিস জানায়, অনলাইনে তার জাতীয় পরিচয়পত্রের কোনো অস্তিত্ব বা রেকর্ড নেই। ভুয়া এনআইডি নিয়ে বিভ্রান্তি ও বিড়ম্বনার শিকার হয়ে সিফাদ আহম্মেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইউএনও ফাতেমা জান্নাত অভিযুক্ত বাদলের ‘মামুন কম্পিউটার’ দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন দোকানটিতে তল্লাশি চালিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের মোট ১৯টি জাল সিল উদ্ধার হয়। এর মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং নিকাহ রেজিস্ট্রার (কাজী)-এর সিল রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ইউনিয়ন পরিষদের ভুয়া প্রত্যয়নপত্র পাওয়া যায়, যা ব্যবহার করে বাদল দীর্ঘদিন ধরে নানা অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, "আমরা মূলত সিফাদ আহম্মেদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনাটি তদন্ত করতে বাদলের দোকানে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে তল্লাশি করতেই যেন ‘কেঁচো খুঁড়তে সাপ’ বেরিয়ে আসে। এনআইডি জালিয়াতির পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জাল সিল ব্যবহার করে এত বড় জালিয়াতির ঘটনা সত্যিই বিরল।"

তিনি আরও জানান, জালিয়াতির অপরাধে অভিযুক্ত বাদলকে হাতেনাতে আটক করে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্মীপূজাকে সামনে রেখে বরিশালে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে

নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যকর খাদ্য সরবরাহে ব্যর্থ পাকিস্তান, এফএওর সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


স্বাস্থ্যকর খাদ্য সরবরাহে ব্যর্থ পাকিস্তান, এফএওর সতর্কতা

পাকিস্তান জনগণের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য সরবরাহে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটিতে পুষ্টির সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

ডনের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সম্প্রতি একটি মূল্যায়নে উল্লেখ করেছে যে, পাকিস্তানের খাদ্য ব্যবস্থার জরুরি পুনর্গঠন প্রয়োজন। দেশের ৬০ শতাংশের বেশি জনগণ স্বাস্থ্যকর খাবার ক্রয়ের সামর্থ্য হারিয়েছে। পুষ্টিকর খাবারের অভাবের পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এফএওয়ের একটি গবেষণায় দেখা গেছে, মানুষের সুস্থ থাকার জন্য যে পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন, পাকিস্তানে সেই তুলনায় সঠিক খাবার পাওয়া যাচ্ছে না। সরকারি পুষ্টি নির্দেশিকায় উল্লেখিত খাবারের প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান খাদ্য ব্যবস্থার মধ্যে বড় ধরনের অমিল বিদ্যমান।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে পুষ্টিকর খাবারের অভাবে মানুষ অপুষ্টিতে ভুগছে, এবং অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে ডায়াবেটিস ও হৃদরোগের মতো মারাত্মক রোগের সংখ্যা বাড়ছে।

এফএও সরকারকে পুষ্টিকর খাবার জনগণের কাছে সহজে পৌঁছে দিতে বিশেষ কিছু নিয়ম চালু করার পরামর্শ দিয়েছে। এর মধ্যে দেশের পুষ্টি নির্দেশিকা নতুন করে তৈরি করা, এবং পুষ্টিকর খাবার খাওয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষা ও প্রচারণা বাড়ানো অন্তর্ভুক্ত রয়েছে।

সংস্থাটি কোক-ফ্যান্টার মতো মিষ্টি পানীয় এবং অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বিযুক্ত খাবারের ওপর বাড়তি কর (ট্যাক্স) আরোপের সুপারিশ করেছে। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটে পুষ্টির তথ্য বা সতর্ক লেবেল লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ক্রেতারা খাবারের গুণাগুণ সহজে বুঝতে পারেন।

অস্বাস্থ্যকর খাবারের বিপণনের ওপর, বিশেষ করে শিশুদের জন্য তৈরি পণ্যের ওপর, আরো কঠোর বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে সংস্থাটি। পুষ্টিকর স্কুল খাবার কর্মসূচি সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে, যাতে দুর্বল জনগণ স্বাস্থ্যকর খাবার ক্রয় করতে সক্ষম হয়।

এফএও খাবার পচে নষ্ট হওয়া রোধ করতে এবং বাজারে ক্রেতাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে ফল-মূল ও শাকসবজি সংরক্ষণে হিমাগারের ব্যবস্থা, আধুনিক বাজার অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সোমবার (৫ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবারের দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ১৮ জনের মধ্যে ১৩ জন মাদকসেবী, ১ জন ধর্তব্য অপরাধে এবং ৪ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

মাদকসেবীদের মধ্যে রয়েছেন—ঈদগাঁও উপজেলার পূর্ব গোমাতলী এলাকার ফজলুল ইসলাম ফয়েজ (২৫), রামুর চেইনদা লারপাড়া এলাকার মো. জসিম (৪২), রংপুরের মোস্তাফিজুর রহমান (৩৮), কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লী এলাকার মুজিবুর রহমান (৩১), সিকদারপাড়া এলাকার মোর্শেদ (৩৭), ঘোনারপাড়া গোলদিঘীরপাড় এলাকার মো. শাহিন (৩৫), খুরুশকুলের দক্ষিণ হিন্দুপাড়া এলাকার শুভ দে (১৯), মহেশখালীর হোয়ানক এলাকার মানিক চন্দ্র ঘোষ (৩৮), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার সাইফুল ইসলাম (৪২), পিএমখালীর জুমছড়ি হিন্দুপাড়া এলাকার রাজীব শর্মা (৩৫), মহেশখালীর বড় মহেশখালী এলাকার রুপন কান্তি দে (৪৯), কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনা এলাকার মো. শহিদুল (৩৮) এবং লিংকরোড এলাকার সাইমুন (২০)।

ধর্তব্য অপরাধে গ্রেফতার করা হয়েছে পিএমখালী ইউনিয়নের কাঠালিয়া মুড়া এলাকার মিজানুর রহমানকে (২৯)।

এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছে কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া এলাকার মো. আজিজুল হক আজিজ, মধ্যম টেকপাড়া এলাকার সিফাত নুর আলিফ, ভারুয়াখালী ইউনিয়নের বৈদ্যমুরা এলাকার মো. রিয়াদ (২০) এবং খুরুশকুল ইউনিয়নের জানা পাড়া এলাকার আজিজুল হক ওরফে জাহেদ।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। সমাবেশে জোটের নেতৃবৃন্দ এনসিটি ও সিসিটির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করার আহ্বান জানান। তারা সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, ১ অক্টোবর সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্দেশ্যে খসড়া কনসেশন চুক্তি অনুমোদন করেছে। তবে কোন কোম্পানিকে টার্মিনালটি দেওয়া হবে এবং চুক্তিতে কী কী শর্ত থাকবে, তা প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারও দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। জনগণের আন্দোলনের মুখে সেই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন নির্বাচিত সরকারও আগের সরকারের জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশীয় অর্থায়নে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে এনসিটি নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রায় ৪৪ শতাংশ কনটেইনার ওঠানামা এই টার্মিনালের মাধ্যমে হয়ে থাকে। একটি লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল কেন বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে হবে, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তারা আরও বলেন, এনসিটি শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়; এর সঙ্গে দেশের ভূ-রাজনৈতিক কৌশল, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত। বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের রাজস্বের বড় অংশ বিদেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) প্রকল্পের লেনদেনবিষয়ক পরামর্শক নিয়োগের কঠোর সমালোচনা করেন নেতারা। তারা বলেন, বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানটির পরামর্শ সরকার কেন অনুসরণ করছে, তার ব্যাখ্যা দিতে হবে। এনসিটি-সংক্রান্ত খসড়া কনসেশন চুক্তি, লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।

সমাবেশ থেকে ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা দেশি-বিদেশি লুটেরাদের কাছে বিক্রির সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে ১৩ অক্টোবর চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটি ও স্কপ সমর্থিত কর্মসূচি এবং ৩০ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জোটের সমাবেশ সফল করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%