০১:৫৩ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বে দুই ম্যাচে দুইটি জয় নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। আগামীকাল তারা লিগ পর্বের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচে জয়লাভ করলে তাদের ফাইনাল নিশ্চিত হবে। হ্যাটট্রিক জয় অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান।
অন্যদিকে, এই ম্যাচে হারলে ইংল্যান্ডের ফাইনালে খেলার আশা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। ইংলিশরা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। টুর্নামেন্টের অন্য দল শ্রীলংকা দুই ম্যাচ খেলে একটি জয় নিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের দৌড়ে টিকে আছে।
আগামীকাল লাহোরে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
আরও পড়ুন: ল্যাঙ্কাশায়ারের সঙ্গে জেমস অ্যান্ডারসনের ২৫ বছরের সম্পর্ক শেষ
রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিরুদ্ধে ৩৭ রানে জয়লাভ করে ত্রিদেশীয় সিরিজ শুরু করে পাকিস্তান। সালমান আগার ১০৭ রানের সুবাদে তারা ৩০৫ রানের সংগ্রহ গড়ে। এরপর বোলারদের চমৎকার নৈপুণ্যে শ্রীলংকাকে ২৬৮ রানে গুটিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।
পরবর্তী ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩শর বেশি রান করে পাকিস্তান। দুই মিডল অর্ডার ব্যাটার হাসান নাওয়াজের ৭৯ এবং আরাফাত মিনহাসের ৫৯ রানের সুবাদে তারা ৯ উইকেট হারিয়ে ৩০২ রান করে। পরে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আরাফাত মিনহাসের ঘূর্ণিতে ইংল্যান্ড ২১৫ রানে অলআউট হয়। ৮৭ রানের জয় নিয়ে পাকিস্তান পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে।
৪০ রানে ৬ উইকেট নেন মিনহাস।
পাকিস্তানের কাছে হারের পর শ্রীলংকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইংল্যান্ড। লংকানদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড ডাবল-সেঞ্চুরির ইনিংসে তারা ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। ১১৪ বলে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ব্রুক। শেষ পর্যন্ত ২১টি চার ও ১০টি ছক্কায় ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক।
আরও পড়ুন: মীর শাহে আলম: ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে সরকার
তবে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৪২৯ রানের লক্ষ্য ১ বল বাকী রেখে স্পর্শ করে শ্রীলংকা। পাবান রত্নানায়েকে ১০৬ বলে ১৩০, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকা ৯৭ রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
টানা দুই ম্যাচ হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, “ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের বিকল্প নেই। আশা করছি এ ম্যাচ দিয়ে আমরা জয়ের ধারায় ফিরবো। দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত।”
হ্যাটট্রিক জয়ে নজর রেখে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৯ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া মিনহাস বলেন, “দলের সবাই দারুণ ছন্দে আছি। প্রথম দুই ম্যাচে দল হিসেবে সেরা পারফরমেন্স করেছে সতীর্থরা। পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে তৃতীয় জয়ের স্বাদ নিতে চাই আমরা।”
পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, গাজী ঘোরি, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সালমান আগা, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।
আরও পড়ুন: ফার্নান্দেসকে বেঞ্চে বসিয়ে কঠোর বার্তা দিলেন কারিক
ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জর্ডান কক্স, বেন ডাকেট, জো রুট, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডওসন, উইল জ্যাকস, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, সনি বেকার, ম্যাসন ক্রেন, হেনরি ক্রোকম্ব, আদিল রশিদ, জশ টাং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন