০৯:১৪ পি.এম
গত এক সপ্তাহের মধ্যে সৌদি আরব ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে, দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে পরিচালিত অভিযানে আটককৃতদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সীমান্ত অতিক্রম করে অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টার সময় ২২ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা তথ্য গোপন করে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ভিসা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।
ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সৌদি কর্তৃপক্ষ ২০ হাজার ২৫২ জনকে তাদের নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠিয়েছে। এছাড়া, ৬ হাজার ৫৫৫ জনকে ফ্লাইটের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
মন্ত্রণালয় জানায়, এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ফেরত পাঠানো ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন