০৮:২৭ এম
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেপ্টেম্বর মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সীমা পিছিয়ে যাওয়ায় কমিশন নির্ধারিত সংলাপ বাতিল করেছিল।
এখন সাংবিধানিক এই সংস্থাটি আগামী নভেম্বরের শেষ দিকে আবার সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে। এরপর ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে সব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ইসির কর্মকর্তাদের মতে, সংলাপের জন্য ইসি সচিবালয়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণে পূর্বের সংলাপটি বাতিল হয়েছিল। ইসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানালে নভেম্বরের শেষ দিকে সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
জানা গেছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাবে ইসি। সংলাপে রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।
ইসির কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচন সুশৃঙ্খলভাবে এবং কোনো ধরনের গণ্ডগোল ছাড়া সম্পন্ন হয়েছে। সেভাবে স্থানীয় সরকার নির্বাচনও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলগুলোর সহযোগিতা চাওয়ার জন্যই এই সংলাপের আয়োজন করা হচ্ছে। এদিকে, পাঁচ ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
গত ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। সেই অনুযায়ী, প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ২১ জানুয়ারি; দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল; চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন হবে ২৭ মে। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ইউপির তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তিনি আরও বলেন, "আমরা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছি। ২১ জানুয়ারি এ নির্বাচন শুরু হয়ে শেষ হবে ২৭ মে। আর তফসিল ঘোষণা হবে ভোট গ্রহণের ৪০-৪৫ দিন আগেই। তাই তফসিল ঘোষণার আগে নভেম্বরের শেষ দিকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরিকল্পনা নিয়েছি।"
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন