ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ প্রকাশ


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ প্রকাশ

বাংলাদেশের কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

জাতীয় সংসদের ৭১ বিধির জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি সোমবার এ কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রেহানা আক্তার রানু উল্লেখ করেন, ‘নিরাপদ চাকরির ভুয়া প্রলোভন ও উন্নত জীবনের আশায় কড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি রাশিয়ায় পাড়ি জমিয়েছিল। কিন্তু প্রতিশ্রুত চাকরির বদলে তাদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে। গত তিন বছরে এভাবে ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। যুদ্ধের ময়দানে নিহতদের লাশও এখনো বুঝে পাচ্ছে না পরিবার। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ঋণদাতাদের অব্যাহত চাপ পরিবারগুলোর জীবন দুর্বিষহ করে তুলেছে।’

আরও পড়ুন: ফজলুর রহমান: সরকারি অফিস-আদালত দলীয়করণের অভিযোগ

গণমাধ্যমের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিক সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মানবপাচারকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে যাঁরা বর্তমানে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে রয়েছেন, তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’

আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘মন্ত্রী মহোদয়েরা যখন নিজ নিজ সংসদীয় এলাকায় যান, তখন স্থানীয় সংসদ সদস্যদেরও সঙ্গে রাখা উচিত। এতে এলাকার মানুষের সরকারের প্রতি আস্থা আরও বেড়ে যায়।’

পরে এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আমরা অনেকের কাছ থেকেই এ ধরনের অভিযোগ পাই। মাননীয় মন্ত্রীরা বিভিন্ন এলাকায় সফরে গেলে অনেক সময় ওই এলাকার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখেন না। সরকারি দল কিংবা বিরোধী দল—যে পক্ষেরই সংসদ সদস্য হোন না কেন, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখা বাঞ্ছনীয় বলে আমি মনে করি।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি রাজধানী ঢাকার ধানমাদী, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসময় এসব লেককে রাজধানীর ফুসফুস বলা হতো। মহানগরীর বায়ুদূষণ কমাতে জলাধারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে এগুলো ময়লার ভাগাড় ও দূষণের উপাদানে পরিণত হয়েছে। দূষণের মাত্রা এতটাই তীব্র যে লেকের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, মাছ মরে ভেসে উঠছে এবং আশপাশের গাছপালা ও প্রাণিকুল মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।

আরও পড়ুন: ঝুমুরের বাল্যবিবাহ বন্ধ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

নিলুফার চৌধুরী মনি আরও বলেন, ‘দূষিত পানিতে মশার বংশবিস্তার ঘটছে এবং লেকের পাশে বসবাসকারী মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। আবাসিক এলাকা ও কোথাও কোথাও কারখানার বর্জ্য সরাসরি লেকে ফেলা হচ্ছে। কারখানার মালিকেরা বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা উপেক্ষা করছেন। লেকের পানি বিষাক্ত হয়ে উঠেছে এবং উৎকট গন্ধের কারণে এর পাশ দিয়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে ওয়াসের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার ওপর জোর দিচ্ছি।’

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান বলেন, ভারী বর্ষণে তাঁর নির্বাচনী এলাকার চলাচল উপযোগী অনেক সড়ক নষ্ট হয়ে গেছে। এসব সড়ক পুনঃসংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও দরপত্র আহ্বানে মারাত্মক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত মাত্র তিনটি সড়কের মেরামতের দরপত্র হয়েছে বলে জানান তিনি।

আনিছুর রহমান বলেন, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের মতো অর্থবছরের শেষ দিকে তাড়াহুড়ো করে দরপত্র আহ্বান করা হলে কাজের মান ঠিক থাকে না। তাই জরাজীর্ণ সড়কগুলো দ্রুত মেরামতের জন্য ডিসেম্বরের মধ্যেই দরপত্র আহ্বানের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বন্ধ কলকারখানা চালু এবং সচল কারখানার উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বা সহজ শর্তে স্বল্পসুদের ঋণ দ্রুত ছাড়ের জোরালো দাবি জানান। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এ অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো ঋণের কাঙ্ক্ষিত অর্থ ছাড় হয়নি।’

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি

তাঁর অভিযোগ, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন অজুহাতে অর্থ ছাড় আটকে রাখছে এবং ঋণ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক থাকার শর্ত জুড়ে দিচ্ছে। ফলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত নীতিমালা ব্যাংকগুলো মানতে চাইছে না। আগের সরকারের আমলের অনেক কর্মকর্তা এখনো বাণিজ্যিক ব্যাংকগুলোতে বহাল থাকায় সরকারের এই নীতি বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাকেন্দ্রিক পরিকল্পনার পরিবর্তে সমন্বিত ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, মশা মারতে শুধু ফগিং বা ওড়ার ওষুধ ছিটানোর পাশাপাশি মশার লার্ভা ধ্বংসের দিকে বেশি নজর দিতে হবে। মশা যেখানে ডিম পাড়ে, যদি সেই উৎসস্থলগুলোতেই লার্ভা ধ্বংস করা যায়, তবেই কেবল ডেঙ্গু মহামারি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।

শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দে বৈষম্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে ব্যাপক বৈষম্য ও দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘সরকারি সার্কুলার অনুযায়ী আমরা সংসদ সদস্যরা ডিও লেটার দিলেও এখন পর্যন্ত তেমন কোনো সাড়া পাচ্ছি না। উল্টো কিছু এলাকায় সরকারি দলের কিছু নেতাকর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের বলছেন যে, বিরোধী দলের সংসদ সদস্যদের ডিও লেটারে কোনো কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন স্থানে একধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজিরও পাঁয়তারা চলছে। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ চলছে। সরকারি দলের লোকজনের অযাচিত দৌরাত্ম্যের কারণে অনেক সরকারি কর্মকর্তা তাঁদের নির্দেশনা ছাড়া স্বাভাবিক দাপ্তরিক কাজ করতে ভয় পাচ্ছেন। সংসদ সদস্যদের দেওয়া বৈধ ডিও লেটারের ভিত্তিতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ পরিচালনার দাবি জানান তিনি।

আরও পড়ুন: জন্ম-মৃত্যু নিবন্ধনে হয়রানি বন্ধ ও দ্রুত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, শহর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবার চিত্র অত্যন্ত হতাশাজনক। কোথাও হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই, আবার চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় ওষুধ মেলে না।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় রিয়াজেন্ট বা প্রশিক্ষিত টেকনোলজিস্টের অভাবে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক স্থানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টা রোগ নির্ণয় সেবা চালু থাকে, বাকি ১৯ ঘণ্টা তা বন্ধ রাখা হয়। এর ফলে বাধ্য হয়ে প্রায় ৭৫ শতাংশ রোগীকে অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য তুলে ধরে তিনি বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন। দেশের প্রায় ৫৮ শতাংশ মানুষ বাধ্য হয়ে ধারদেনা করে চিকিৎসা নিচ্ছেন এবং প্রায় তিন কোটি মানুষ অর্থের অভাবে কোনো চিকিৎসায়ই নিতে পারছেন না। অবিলম্বে সরকারি হাসপাতালের সেবার মান উন্নত করে গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

আরও পড়ুন: সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে আটক ২ জনের পরিচয় মিলল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুশেহর পরিদর্শনে আইএইএ, যুদ্ধ বন্ধের আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বুশেহর পরিদর্শনে আইএইএ, যুদ্ধ বন্ধের আহ্বান ইরানের

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি পরিদর্শন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিনিধিদল, যা নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই।

একটি সংবাদ ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, ভিয়েনায় ইরানের মিশন ও আন্তর্জাতিক সংস্থাটির মধ্যে পেশাদার আলোচনা অব্যাহত রয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত পরিদর্শন উভয় পক্ষের মধ্যে নিয়মিত সহযোগিতার প্রমাণ দেয়।

তবে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থাটির ভূমিকা নিয়ে সমালোচনা করে বাঘাই বলেন, "ইরানের পারমাণবিক স্থাপনায় যে আগ্রাসন চালানো হয়েছে, সেটির অপরাধ ও অন্যায়কে উপেক্ষা করে অবস্থান নেওয়ায় এই সংস্থাটি তাদের আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।"

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমাধানের বিষয়ে কথা বলতে গিয়ে বাঘাই ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি মেনে নিতে হবে। এই প্রক্রিয়ায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতার প্রশংসাও করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, "তেহরান কেবল এমন একটি চুক্তিতে স্বাক্ষর ও বাস্তবায়ন করবে যা ইরানি জাতির জাতীয় স্বার্থ ও আইনি অধিকার পুরোপুরি সুরক্ষিত করে।" একটি সফল চুক্তি নির্ভর করছে ওয়াশিংটন তাদের নিজ সমাজের জনমত ও অনুভূতি কতটা অনুধাবন করতে পারছে তার ওপর। তিনি ইরানের প্রস্তাবকে "সবচেয়ে যৌক্তিক, কার্যকরী ও সুনির্দিষ্ট রোডম্যাপ" হিসেবে উল্লেখ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে ইরানের দাবিকে "অযৌক্তিক ও হাস্যকর" বলে অভিহিত করার পর বাঘাই কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, "কূটনৈতিক আলোচনার চলাকালীন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণ চালানোটাই সবচেয়ে অযৌক্তিক ও হাস্যকর কাজ।"

ইসরায়েলের উসকানিতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, "যে শাসনগোষ্ঠী গণহত্যা চালাচ্ছে এবং যুদ্ধ উসকে দেওয়ার নীতি অনুসরণ করছে, তাদের লক্ষ্যপূরণে জড়িত হওয়া যে নিজেদের জন্য কী ধরনের বিপদ ডেকে আনতে পারে—তা ওয়াশিংটনকে বুঝতে হবে।" ইসরায়েলের সামরিক আগ্রাসন ও নীতি অনুসরণ করার ফলে মার্কিন সমাজ এবং তাদের শাসক গোষ্ঠীকে মারাত্মক মূল্য দিতে হচ্ছে বলেও তিনি সতর্ক করেন।

এছাড়া, ইরানের স্থলভিত্তিক সামরিক সরবরাহ নেটওয়ার্ক বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ‘আইরন গেট (Iron Gate)’ টাস্কফোর্স গঠনের উদ্যোগকে বাঘাই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল থেকে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটি কৌশল হিসেবে অভিহিত করেন। সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

৯ই নভেম্বর ২০২৬ রোজ সোমবার, বিকাল চার ঘটিকার সময়, ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে, ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারে কনডেম সেলে রাখার অভিযোগে উচ্চ আদালতে রিট দাখিল করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করার নিষ্ক্রিয়তাকে সেলাইন করে সোমবার উচ্চ আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই রিট পিডিশন, নম্বর ১৫৯ ৭৫, দাখিল করা হয়। রিটে বিবাদী করা হয়েছে যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, আইজি প্রিয়জন, জেলা প্রশাসক পুলিশ সুপার ও ঝিনাইদা কারাগারে জেল সুপারকে,
ভিডদাশীল শেষে বিকালে হাইকোর্ট এলাকায় সোনালী ব্যাংক চত্বরে প্রেস ব্রিফিং করেন বি এম এস এফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এডভোকেট কালচার হোসাইন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়ম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নারায়ণগঞ্জ তালাশ বিডি জেলা প্রতিনিধি হাজী মোহাম্মদ নাজির খান, তালাশ বিডি স্টাফ রিপোর্টার, পারভিন আক্তার সহ আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ওগ্রিম টেলিভিশনের ঝিনাইদাহ প্রতিনিধি অরিত্র কুন্ডকে মম সৃষ্টির মাধ্যমে মারধর করে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেফতার শেষে কারা কর্তৃপক্ষ কনডেম ছেলে রাখেন, যা সম্পূর্ণ বেয়ানী এবং মানবাধিকার লঙ্ঘনের আমরা এর প্রতিকার, কতৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে বাল্কহেডের ধাক্কায় ৬৭০ বস্তা সারসহ ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


সরাইলে বাল্কহেডের ধাক্কায় ৬৭০ বস্তা সারসহ ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের ফলে ৬৭০ বস্তা সারবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন নদীতে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ সরকারি বরাদ্দের সার নদীতে তলিয়ে গেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারে ছিল টিএসপি, ডিএপি ও এমওপি সার। এই সারগুলো কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট সার ডিলার এবং ট্রলারমালিক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পেয়েছিল। এর মধ্যে ৬৭০ বস্তা সার গত রোববার বিকেলে ভৈরব নদীবন্দর থেকে বিল্লাল মাঝির ট্রলারে বোঝাই করা হয়। সারগুলোর মধ্যে ছিল টিএসপি ১০০ বস্তা, ডিএপি ৩২০ বস্তা এবং এমওপি ২৫০ বস্তা।

সোমবার ভোরে সারবোঝাই ট্রলারটি মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ৭টার দিকে সরাইলের রাজাপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ ঘটে। এতে মুহূর্তের মধ্যে সারসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।

ডিলার এবং ট্রলারের মালিকপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় ডুবরিদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে। এদিকে, দুর্ঘটনার কারণ, প্রকৃত ক্ষয়ক্ষতি এবং সার ডুবে যাওয়ার বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুম ভূইয়া বলেন, "নভেম্বর মাসে ৯৫০ বস্তা সার বরাদ্দের মধ্যে ৬৭০ বস্তা ভৈরব থেকে ট্রলারে করে মিঠামইনে পাঠানো হচ্ছিল। পথে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে সারসহ ট্রলারটি ডুবে যায়। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।"

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, "ট্রলারডুবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%