ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ধাওয়ায় ফেলে গেল মোটরসাইকেল


মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ধাওয়ায় ফেলে গেল মোটরসাইকেল

মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ১০ থেকে ১২ জনের একটি দল মোটরসাইকেলে করে কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আসে। তাদের অধিকাংশের মাথায় হেলমেট ছিল। একপর্যায়ে তারা সড়কের পাশের একটি গাছ কেটে মহাসড়কের ওপর ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে মহাসড়কে অবরোধের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়।

আরও পড়ুন: নোসকে পূবালী ব্যাংকের একাউন্ট ওপেনিং ও পাই অ্যাপ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় ওই ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ সময় একটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে।

এদিকে, এর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার তথ্য পাওয়া গেছে। ওই মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল সিকদার।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ১০ থেকে ১২ জন হেলমেট পরা ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে একটি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহির অব্যাহতি প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোসকে পূবালী ব্যাংকের একাউন্ট ওপেনিং ও পাই অ্যাপ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


নোসকে পূবালী ব্যাংকের একাউন্ট ওপেনিং ও পাই অ্যাপ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত
 
নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংক পিএলসি মাইজদী বাজার শাখার উদ্যোগে একাউন্ট ওপেনিং এবং মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল সেবা অ্যাপ (PI Banking) পাই অ্যাপ রেজিষ্ট্রেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আরো ৩ দিন চলবে এই ক্যাম্পেইন। 
 
আজ সোমবার (০৯ নভেম্বর-২০২৬) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে উক্ত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন ঘোষনা করেন নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাইজদী বাজার শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, নোসক অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা জানান, পূবালী ব্যাংকে খুব সহজেই শিক্ষার্থীরা ফ্রি-তে একাউন্ট ওপেনিং করতে পারবে এবং পাই অ্যাপ দিয়ে কোনরকম চার্জ ছাড়ায় কলেজের ভর্তি, ফরম ফিলাপ, সেশন ফি পরিশোধ সহ যেকোনো লেনদেন করতে পারবে। এছাড়াও বিনা খরচে প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এবং ১ বছরের জন্য ফ্রি-তে ডেবিট কার্ড সংগ্রহ করতে পারবে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণ করছেন। এই বৈঠকটি সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের সমাধান, যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থবির আলোচনা পুনরুজ্জীবিত করা। কাতার যে নতুন প্রস্তাবনা নিয়ে এসেছে, তা নিয়েই এই আলোচনা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কাতার হচ্ছে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী। তারা উত্তেজনা প্রশমন এবং সংঘাত নিরসনে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য নতুন প্রস্তাব পেশ করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, “এই পদক্ষেপটি হয়তো সবার কাছে ‘জনপ্রিয়’ ছিল না, কিন্তু তেহরানের পারমাণবিক আকাঙ্ক্ষা থেকে পুরো বিশ্বকে রক্ষা করার জন্য এটি খুবই প্রয়োজন ছিল।”

তিনি আরও উল্লেখ করেন, ‘দেশের নিরাপত্তার স্বার্থে অনেক সময় এমন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় না হলেও দেশের মঙ্গলের জন্য করাটা অত্যন্ত জরুরি। আর প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ প্রকাশ

বাংলাদেশের কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

জাতীয় সংসদের ৭১ বিধির জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি সোমবার এ কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রেহানা আক্তার রানু উল্লেখ করেন, ‘নিরাপদ চাকরির ভুয়া প্রলোভন ও উন্নত জীবনের আশায় কড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি রাশিয়ায় পাড়ি জমিয়েছিল। কিন্তু প্রতিশ্রুত চাকরির বদলে তাদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে। গত তিন বছরে এভাবে ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। যুদ্ধের ময়দানে নিহতদের লাশও এখনো বুঝে পাচ্ছে না পরিবার। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ঋণদাতাদের অব্যাহত চাপ পরিবারগুলোর জীবন দুর্বিষহ করে তুলেছে।’

গণমাধ্যমের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিক সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মানবপাচারকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে যাঁরা বর্তমানে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে রয়েছেন, তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’

আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘মন্ত্রী মহোদয়েরা যখন নিজ নিজ সংসদীয় এলাকায় যান, তখন স্থানীয় সংসদ সদস্যদেরও সঙ্গে রাখা উচিত। এতে এলাকার মানুষের সরকারের প্রতি আস্থা আরও বেড়ে যায়।’

পরে এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আমরা অনেকের কাছ থেকেই এ ধরনের অভিযোগ পাই। মাননীয় মন্ত্রীরা বিভিন্ন এলাকায় সফরে গেলে অনেক সময় ওই এলাকার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখেন না। সরকারি দল কিংবা বিরোধী দল—যে পক্ষেরই সংসদ সদস্য হোন না কেন, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখা বাঞ্ছনীয় বলে আমি মনে করি।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি রাজধানী ঢাকার ধানমাদী, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসময় এসব লেককে রাজধানীর ফুসফুস বলা হতো। মহানগরীর বায়ুদূষণ কমাতে জলাধারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে এগুলো ময়লার ভাগাড় ও দূষণের উপাদানে পরিণত হয়েছে। দূষণের মাত্রা এতটাই তীব্র যে লেকের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, মাছ মরে ভেসে উঠছে এবং আশপাশের গাছপালা ও প্রাণিকুল মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।

নিলুফার চৌধুরী মনি আরও বলেন, ‘দূষিত পানিতে মশার বংশবিস্তার ঘটছে এবং লেকের পাশে বসবাসকারী মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। আবাসিক এলাকা ও কোথাও কোথাও কারখানার বর্জ্য সরাসরি লেকে ফেলা হচ্ছে। কারখানার মালিকেরা বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা উপেক্ষা করছেন। লেকের পানি বিষাক্ত হয়ে উঠেছে এবং উৎকট গন্ধের কারণে এর পাশ দিয়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে ওয়াসের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার ওপর জোর দিচ্ছি।’

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান বলেন, ভারী বর্ষণে তাঁর নির্বাচনী এলাকার চলাচল উপযোগী অনেক সড়ক নষ্ট হয়ে গেছে। এসব সড়ক পুনঃসংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও দরপত্র আহ্বানে মারাত্মক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত মাত্র তিনটি সড়কের মেরামতের দরপত্র হয়েছে বলে জানান তিনি।

আনিছুর রহমান বলেন, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের মতো অর্থবছরের শেষ দিকে তাড়াহুড়ো করে দরপত্র আহ্বান করা হলে কাজের মান ঠিক থাকে না। তাই জরাজীর্ণ সড়কগুলো দ্রুত মেরামতের জন্য ডিসেম্বরের মধ্যেই দরপত্র আহ্বানের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বন্ধ কলকারখানা চালু এবং সচল কারখানার উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বা সহজ শর্তে স্বল্পসুদের ঋণ দ্রুত ছাড়ের জোরালো দাবি জানান। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এ অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো ঋণের কাঙ্ক্ষিত অর্থ ছাড় হয়নি।’

তাঁর অভিযোগ, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন অজুহাতে অর্থ ছাড় আটকে রাখছে এবং ঋণ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক থাকার শর্ত জুড়ে দিচ্ছে। ফলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত নীতিমালা ব্যাংকগুলো মানতে চাইছে না। আগের সরকারের আমলের অনেক কর্মকর্তা এখনো বাণিজ্যিক ব্যাংকগুলোতে বহাল থাকায় সরকারের এই নীতি বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাকেন্দ্রিক পরিকল্পনার পরিবর্তে সমন্বিত ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, মশা মারতে শুধু ফগিং বা ওড়ার ওষুধ ছিটানোর পাশাপাশি মশার লার্ভা ধ্বংসের দিকে বেশি নজর দিতে হবে। মশা যেখানে ডিম পাড়ে, যদি সেই উৎসস্থলগুলোতেই লার্ভা ধ্বংস করা যায়, তবেই কেবল ডেঙ্গু মহামারি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।

শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দে বৈষম্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে ব্যাপক বৈষম্য ও দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘সরকারি সার্কুলার অনুযায়ী আমরা সংসদ সদস্যরা ডিও লেটার দিলেও এখন পর্যন্ত তেমন কোনো সাড়া পাচ্ছি না। উল্টো কিছু এলাকায় সরকারি দলের কিছু নেতাকর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের বলছেন যে, বিরোধী দলের সংসদ সদস্যদের ডিও লেটারে কোনো কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন স্থানে একধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজিরও পাঁয়তারা চলছে। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ চলছে। সরকারি দলের লোকজনের অযাচিত দৌরাত্ম্যের কারণে অনেক সরকারি কর্মকর্তা তাঁদের নির্দেশনা ছাড়া স্বাভাবিক দাপ্তরিক কাজ করতে ভয় পাচ্ছেন। সংসদ সদস্যদের দেওয়া বৈধ ডিও লেটারের ভিত্তিতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ পরিচালনার দাবি জানান তিনি।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, শহর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবার চিত্র অত্যন্ত হতাশাজনক। কোথাও হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই, আবার চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় ওষুধ মেলে না।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় রিয়াজেন্ট বা প্রশিক্ষিত টেকনোলজিস্টের অভাবে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক স্থানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টা রোগ নির্ণয় সেবা চালু থাকে, বাকি ১৯ ঘণ্টা তা বন্ধ রাখা হয়। এর ফলে বাধ্য হয়ে প্রায় ৭৫ শতাংশ রোগীকে অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য তুলে ধরে তিনি বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন। দেশের প্রায় ৫৮ শতাংশ মানুষ বাধ্য হয়ে ধারদেনা করে চিকিৎসা নিচ্ছেন এবং প্রায় তিন কোটি মানুষ অর্থের অভাবে কোনো চিকিৎসায়ই নিতে পারছেন না। অবিলম্বে সরকারি হাসপাতালের সেবার মান উন্নত করে গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুশেহর পরিদর্শনে আইএইএ, যুদ্ধ বন্ধের আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বুশেহর পরিদর্শনে আইএইএ, যুদ্ধ বন্ধের আহ্বান ইরানের

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি পরিদর্শন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিনিধিদল, যা নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই।

একটি সংবাদ ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, ভিয়েনায় ইরানের মিশন ও আন্তর্জাতিক সংস্থাটির মধ্যে পেশাদার আলোচনা অব্যাহত রয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত পরিদর্শন উভয় পক্ষের মধ্যে নিয়মিত সহযোগিতার প্রমাণ দেয়।

তবে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থাটির ভূমিকা নিয়ে সমালোচনা করে বাঘাই বলেন, "ইরানের পারমাণবিক স্থাপনায় যে আগ্রাসন চালানো হয়েছে, সেটির অপরাধ ও অন্যায়কে উপেক্ষা করে অবস্থান নেওয়ায় এই সংস্থাটি তাদের আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।"

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমাধানের বিষয়ে কথা বলতে গিয়ে বাঘাই ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি মেনে নিতে হবে। এই প্রক্রিয়ায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতার প্রশংসাও করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, "তেহরান কেবল এমন একটি চুক্তিতে স্বাক্ষর ও বাস্তবায়ন করবে যা ইরানি জাতির জাতীয় স্বার্থ ও আইনি অধিকার পুরোপুরি সুরক্ষিত করে।" একটি সফল চুক্তি নির্ভর করছে ওয়াশিংটন তাদের নিজ সমাজের জনমত ও অনুভূতি কতটা অনুধাবন করতে পারছে তার ওপর। তিনি ইরানের প্রস্তাবকে "সবচেয়ে যৌক্তিক, কার্যকরী ও সুনির্দিষ্ট রোডম্যাপ" হিসেবে উল্লেখ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে ইরানের দাবিকে "অযৌক্তিক ও হাস্যকর" বলে অভিহিত করার পর বাঘাই কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, "কূটনৈতিক আলোচনার চলাকালীন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণ চালানোটাই সবচেয়ে অযৌক্তিক ও হাস্যকর কাজ।"

ইসরায়েলের উসকানিতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, "যে শাসনগোষ্ঠী গণহত্যা চালাচ্ছে এবং যুদ্ধ উসকে দেওয়ার নীতি অনুসরণ করছে, তাদের লক্ষ্যপূরণে জড়িত হওয়া যে নিজেদের জন্য কী ধরনের বিপদ ডেকে আনতে পারে—তা ওয়াশিংটনকে বুঝতে হবে।" ইসরায়েলের সামরিক আগ্রাসন ও নীতি অনুসরণ করার ফলে মার্কিন সমাজ এবং তাদের শাসক গোষ্ঠীকে মারাত্মক মূল্য দিতে হচ্ছে বলেও তিনি সতর্ক করেন।

এছাড়া, ইরানের স্থলভিত্তিক সামরিক সরবরাহ নেটওয়ার্ক বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ‘আইরন গেট (Iron Gate)’ টাস্কফোর্স গঠনের উদ্যোগকে বাঘাই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল থেকে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটি কৌশল হিসেবে অভিহিত করেন। সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%