০৯:২৬ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের ফলে ৬৭০ বস্তা সারবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন নদীতে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ সরকারি বরাদ্দের সার নদীতে তলিয়ে গেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডুবে যাওয়া ট্রলারে ছিল টিএসপি, ডিএপি ও এমওপি সার। এই সারগুলো কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট সার ডিলার এবং ট্রলারমালিক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পেয়েছিল। এর মধ্যে ৬৭০ বস্তা সার গত রোববার বিকেলে ভৈরব নদীবন্দর থেকে বিল্লাল মাঝির ট্রলারে বোঝাই করা হয়। সারগুলোর মধ্যে ছিল টিএসপি ১০০ বস্তা, ডিএপি ৩২০ বস্তা এবং এমওপি ২৫০ বস্তা।
আরও পড়ুন: ৯ ঘণ্টার সমুদ্রযাত্রায় চরম ভোগান্তিতে পর্যটক, টেকনাফ থেকে জাহাজ চালানোর দাবী
সোমবার ভোরে সারবোঝাই ট্রলারটি মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ৭টার দিকে সরাইলের রাজাপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ ঘটে। এতে মুহূর্তের মধ্যে সারসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।
ডিলার এবং ট্রলারের মালিকপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় ডুবরিদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে। এদিকে, দুর্ঘটনার কারণ, প্রকৃত ক্ষয়ক্ষতি এবং সার ডুবে যাওয়ার বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুম ভূইয়া বলেন, "নভেম্বর মাসে ৯৫০ বস্তা সার বরাদ্দের মধ্যে ৬৭০ বস্তা ভৈরব থেকে ট্রলারে করে মিঠামইনে পাঠানো হচ্ছিল। পথে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে সারসহ ট্রলারটি ডুবে যায়। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।"
মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, "ট্রলারডুবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: গাজীপুরের চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন লাগালো দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন