ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

অভিষেকেই তায়্যব ও তাহার ফিফটি, প্রথম দিনে পাকিস্তানের দাপট


অভিষেকেই তায়্যব ও তাহার ফিফটি, প্রথম দিনে পাকিস্তানের দাপট

মোহাম্মদ তায়্যব আরিফ এবং মোহাম্মদ তাহা টেস্ট অভিষেকেই ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তাঁদের সঙ্গে অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিলের অর্ধশতকের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের উদ্বোধনী দিনটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৭.২ ওভারে ৫ উইকেটে ২৮১ রান। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে দিনের খেলা শেষ হয়ে যায়।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সবুজাভ উইকেটে শুরুতে সুবিধা পাওয়ার প্রত্যাশায় বোলিং করলেও পাকিস্তানের ব্যাটারদের সামনে সফরকারী দলের বোলাররা খুব বেশি সুবিধা করতে পারেনি।

আরও পড়ুন: নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

অভিষিক্ত ওপেনার তায়্যব শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। আজান আওয়াইসের সঙ্গে প্রথম উইকেটে ৮৬ রান যোগ করেন তিনি। ৫১ বলে ৯ চার ও এক ছক্কায় ৫৭ রান করে আসিথা ফার্নান্দোর শিকার হন তায়্যব। আজান ৫০ বলে ৩০ রান করেন।

৯০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন তাহা ও বাবর। তৃতীয় উইকেটে দুজনের ব্যাটে আসে গুরুত্বপূর্ণ রান। ১০৫ বলে ৬ চারে ৫১ রান করে সোনাল দিনুশার বলে আউট হন তাহা। অন্যদিকে ৫৮ বলে ৭ চারে ৫০ রান করে দিলশান মাদুশঙ্কার শিকার হন বাবর। চারজনের মধ্যে তিনিই প্রথম নিজের অর্ধশতক পূর্ণ করেন।

পরে সৌদ শাকিলের ব্যাটে পাকিস্তান আরও এগিয়ে যায়। ১১২ বলে ৭ চারে ৫৭ রান করে তিনি অপরাজিত রয়েছেন। উইকেটকিপার গাজী ঘোরি অপরাজিত ৭ রানে আছেন। সালমান আলী আগা ১৬ রান করে ফিরে গেছেন।

এই টেস্টে পাকিস্তানের চারজনের অভিষেক হয়েছে—তায়্যব, তাহা, আরাফাত মিনহাস ও সাকিব খান। তাঁদের মধ্যে প্রথম দিনেই ব্যাট হাতে নজর কেড়েছেন দুই নবাগত। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মিলান রত্নায়েকে, সোনাল দিনুশা ও মাদুশঙ্কা।

আরও পড়ুন: অ্যাসিস্টে ইউরোপসেরা ইয়ামাল, কেইনকে পেছনে ফেললেন

প্রথম দিন শেষে পাকিস্তানের হাতে রয়েছে পাঁচ উইকেট। দ্বিতীয় দিনে সৌদ শাকিল ও গাজী ঘোরি ব্যাটিং শুরু করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


তুরস্কে লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের নিকটবর্তী একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ১২ জনেরও বেশি। সোমবার গভর্নরের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে ইজমিরের গভর্নরের কার্যালয় জানায়, বিস্ফোরণে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন ১০ জন। পরে হতাহতের সংখ্যা হালনাগাদ করে জানানো হয়, আহতদের একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাশ দেমির চেলিক কারখানার একটি উঁচু স্থাপনায় বিস্ফোরণের পর আগুন জ্বলছে। এ সময় কারখানার ওপর দিয়ে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী।

বিস্ফোরণের সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী দেনিজ উলকে। তিনি বিস্ফোরণের শব্দকে ভূমিকম্পের মতো মনে করেছিলেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, "বিস্ফোরণের সময় মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে।" প্রথমে তাঁর ধারণা হয়েছিল, ভূমিকম্প হচ্ছে। পরে রাস্তার ওপারে কারখানার দিকে তাকিয়ে দেখেন, সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং চিমনি থাকা স্থানে আগুন জ্বলছে।

কারখানার ট্রাকচালক তুরান ইলবেও বিস্ফোরণের শব্দকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তরল ইস্পাত ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি বড় শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণটি ঘটে।

ইজমিরের মেয়র জেমিল তুগে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো চুল্লির ভেঙে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

সূত্র: এএফপি

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ এবং মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, রাজধানীর বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে বিচ্ছিন্নভাবে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর মধ্যে কিছু খালি বাসে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তারা মনে করেন, এসব ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

নেতারা বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদি প্রশাসনের মধ্যে কেউ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে, তবে তাদেরও চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নাগরিকদের জানমালের নিরাপত্তা কোন অবস্থাতেই বিঘ্নিত হতে দেওয়া উচিত নয়।

বিবৃতিতে নেতারা আরও অভিযোগ করেন, পতিত ‘ফ্যাসিবাদের’ শীর্ষ নেতারা বিদেশে অবস্থান করলেও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তারা দাবি করেন, দেশে থাকা তাদের সহযোগীরা স্থানীয় ক্ষমতাসীন দলের সদস্য এবং কিছু ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীদের আশ্রয় ও পুনর্বাসন দিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতারা সাম্প্রতিক ঘটনাগুলোকে এরই প্রতিফলন হিসেবে দেখছেন।

তারা বলেন, অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠার জন্য পুনর্মিলন প্রক্রিয়ার দাবি ইসলামী আন্দোলন শুরু থেকেই জানিয়ে আসছে। তবে সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে সমাজে বিভক্তি রয়ে গেছে এবং পরাজিত শক্তি এর সুযোগ নিচ্ছে।

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, একটি পক্ষ আতঙ্ক ছড়াতে চায়। তাদের সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ

খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনা ঘটে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে। নৈশ প্রহরী আগুন দেখতে পেয়ে তা দ্রুত নিভিয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফটকের তালা খুলে দেয়।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, রোববার দিবাগত রাতে নৈশ প্রহরী পলাশ তাকে ফোনে আগুন লাগানোর বিষয়টি জানান। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কলেজের ফটকে একটি তালা ঝুলতে দেখা যায়।

আবুল কালাম আজাদ মন্তব্য করেন, কলেজের জায়গা নিয়ে দ্বন্দ্ব অথবা ফল খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বকাঝকা করার কারণে এ ঘটনা ঘটতে পারে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজের অধ্যক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার কামরুজ্জামান জানান, সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেয়ার বাজারে বিশাল পতন, একদিনেই এনভিডিয়ার ৩৩৫ বিলিয়ন ডলার লোকসান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


শেয়ার বাজারে বিশাল পতন, একদিনেই এনভিডিয়ার ৩৩৫ বিলিয়ন ডলার লোকসান

মার্কিন শেয়ারবাজারের ওয়াল স্ট্রিটে লেনদেন শুরু হওয়ার সাথে সাথে আমেরিকান চিপ নির্মাতা প্রতিষ্ঠান 'এনভিডিয়া' (Nvidia) বিশাল পতনের সম্মুখীন হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চাইনিজ গোয়েন্দা (স্পাই) বা চরের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এবং এর ফলে স্বাধীন তদন্ত শুরু হওয়ার কারণে শেয়ারবাজারে এই ধস দেখা দিয়েছে।

নিউ ইয়র্ক শেয়ারবাজারে সপ্তাহের শুরুতে বাজার বাজতে শুরু করার সাথে সাথে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৭.৫% হ্রাস পেয়েছে। শুক্রবার রাতে কোম্পানির শেয়ারের দাম ছিল ১৮৬.৬৪ ডলার, যা এক ধাক্কায় নেমে ১৭২.৭৫ ডলারে পৌঁছেছে।

এনভিডিয়ার বোর্ড একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে যাতে যাচাই করা যায় জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু ছিলেন কি না। এই তদন্তের খবরের জেরেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রযুক্তি জায়ান্টটির বাজারমূল্য থেকে প্রায় ৩৩৫ বিলিয়ন ডলার মুছে গেছে।

ফলস্বরূপ, শুক্রবার রাতের ৪.৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য থেকে কোম্পানির বর্তমান মূল্য এখন প্রায় ৪.১৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%