ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক ছাত্রীর জন্য মাত্র ৩ শিক্ষক, ১২ পদের ৯টিই শূন্য


বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক ছাত্রীর জন্য মাত্র ৩ শিক্ষক, ১২ পদের ৯টিই শূন্য

ফরিদপুরের বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র তিনজন নিয়মিত শিক্ষক দিয়ে। এর মধ্যে একজন শিক্ষক বিএড প্রশিক্ষণে থাকায় নিয়মিত পাঠদানেও তার উপস্থিতি সীমিত। অনুমোদিত ১২টি শিক্ষক পদের মধ্যে শূন্য রয়েছে ৯টি। পরিস্থিতি সামাল দিতে চারজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকমে চলছে পাঠদান কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের দক্ষিণ শিবপুর মহল্লায় প্রায় দেড় একর জমির ওপর ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫ শতাধিক ছাত্রী পড়াশোনা করছে। ১৯৮৭ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের সময় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষকের অনুমোদিত পদ ছিল ১১টি। পরে আইসিটি বিষয়ের আরও একটি শিক্ষক পদ যুক্ত হয়। সব মিলিয়ে শিক্ষক পদ দাঁড়ায় ১২টি। বর্তমানে প্রধান শিক্ষক ও শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষকসহ নিয়মিত শিক্ষক রয়েছেন তিনজন। ইংরেজি বিষয়ের একজন শিক্ষক বিএড প্রশিক্ষণে থাকায় কার্যত নিয়মিত পাঠদানে শিক্ষকসংকট আরও প্রকট হয়ে উঠেছে। বিজ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা ও ধর্ম বিষয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। বাধ্য হয়ে চারজন খণ্ডকালীন অতিথি শিক্ষক দিয়ে পাঠদান চালু রাখা হয়েছে।

শিক্ষক সংকটের পাশাপাশি কর্মচারীর সংকটও রয়েছে বিদ্যালয়টিতে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির অনুমোদিত চারটি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র একজন নৈশপ্রহরী। ২০১৫ সাল থেকে অফিস সহকারী এবং ২০২১ সাল থেকে দপ্তরি পদ শূন্য রয়েছে। নেই কোনো আয়া বা পরিচ্ছন্নতাকর্মী।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন তথ্য দিলেন জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ

বিদ্যালয় সূত্র আরও জানায়, জেএসসি ও এসএসসি পরীক্ষার সমন্বিত কেন্দ্র হিসেবে নির্মিত ছয়তলা ভবনটিতে বর্তমানে বিদ্যালয়ের পাঠদান চলছে। অন্যান্য ভবনগুলো বোর্ড পরীক্ষার সময় ব্যবহার করা হলেও বাকি সময় পরিত্যক্ত থাকে।

কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতাকর্মী না থাকায় ভবন ও এর আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কয়েকটি শৌচাগারের অবস্থাও নাজুক বলে জানায় তারা। একসময় নারী শিক্ষায় সুনাম থাকা প্রতিষ্ঠানটিতে শিক্ষকসংকট ও পাঠদানের নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় ক্লাস নিয়মিত হয় না। বিজ্ঞানাগার থাকলেও শিক্ষকসংকটের কারণে দীর্ঘদিন ধরে সেখানে ব্যবহারিক কার্যক্রম হচ্ছে না। ঘাটতি পূরণে তাদের বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চন্দ্র মণ্ডলের ভাষ্য, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে এখানে যোগদানের পরই শিক্ষক-কর্মচারীর সংকটের বিষয়টি লিখিতভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চলের উপপরিচালককে জানিয়েছি। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়কেও জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।’ সরকারি কোনো বরাদ্দ না থাকায় স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে অতিথি খণ্ডকালীন শিক্ষকদের সামান্য সম্মানী দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের দাবি জানান তিনি।

আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, ‘বিষয়টি জানার পর সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়েছি। শিক্ষক-সংকট নিরসনে আমার পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, শিগগিরই শূন্য পদে শিক্ষক দেওয়া হবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।’

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের দাবি, মাধ্যমিক নারী শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠানটিকে রক্ষা ও নারী শিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় ও সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-মোদি ফোনালাপে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


ট্রাম্প-মোদি ফোনালাপে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেছেন।

মোদি উল্লেখ করেন, দুই দেশ তাদের বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেছেন।

এদিকে, এই ফোনালাপের কয়েকদিন আগে রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ রেখে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্র। এই আইনটি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে।

ভারতের বাণিজ্যমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি দুই দেশের বাণিজ্য বিরোধ সমাধানের জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

গত ফেব্রুয়ারিতে ভারত এবং যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ নিরসনে একটি অন্তর্বর্তী কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। এর আগে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার দনিয়া ও মদিনাবাগে ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বৃহস্পতিবার দনিয়া ও মদিনাবাগে ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্যাস সরবরাহ ছয় ঘণ্টা বন্ধ থাকবে গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ এবং দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ চলবে। এই কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া এবং রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি গরুবোঝাই ভটভটি (ভুটভুটি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ফলে বাবা ও ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গরু ব্যবসায়ী আয়েস উদ্দিন (৭০), তার ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং আব্দুল হামিদ (৩৫)। আহত আটজনের বাড়িও কানসাট ইউনিয়নে অবস্থিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নাচোল উপজেলার সোনাচণ্ডী গরুর হাট থেকে চারটি গরু নিয়ে ভুটভুটিতে করে বাড়ি ফিরছিলেন আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং আরও কয়েকজন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যখন ভুটভুটিটি চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় পৌঁছায়, তখন চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভুটভুটিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম ও আব্দুল হামিদ মারা যান।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আটজনের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এতদিন মুসলিমদের ক্ষোভ-দুঃখ ঠিকমতো শোনা হয়নি, এবার পরিবর্তনের বার্তা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


এতদিন মুসলিমদের ক্ষোভ-দুঃখ ঠিকমতো শোনা হয়নি, এবার পরিবর্তনের বার্তা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যে নতুন সরকারের অধীনে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত লেবার পার্টির বার্ষিক সম্মেলনে ফরেন অফিসের মিনিস্টার উমা কুমারান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, বিগত বছরগুলোতে ব্রিটিশ মুসলিমদের আওয়াজ এবং মতামত যথাযথভাবে শোনা হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন যে, বর্তমান সরকার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ।

লিভারপুলের হিলটন হোটেলে ব্রিটিশ মুসলিমভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সংস্থা ‘ইকুই’ (Equi)-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য এবং মুসলিম নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী উমা কুমারান বলেন, “আমি জানি, গত দুই বছরে ব্রিটিশ মুসলিম সম্প্রদায় এবং তাঁদের নেতৃত্ব বহুবার মনে করেছেন যে তাঁদের কথা শোনা হচ্ছে না। কথাটি সত্য এবং আমি এখানে এসে তা অস্বীকার করতে চাই না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও মনে করেন এই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি।” তিনি আরও সতর্ক করে বলেন যে, কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো দেশকে বিভক্ত করার যে চেষ্টা করছে, তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৎকালীন কনজারভেটিভ (কনজারভেটিভ/টোরি) সরকারের আমলে মুসলিম নাগরিক সমাজের সাথে সরকারের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে গাজা পরিস্থিতির কারণে লেবার পার্টির সাথেও মুসলিম ভোটারদের সম্পর্কে ফাটল ধরেছিল। তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সরকারের দায়িত্ব নেওয়ার পর এই সম্পর্কে নতুন আশা বা “A New Hope” সঞ্চারিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করার পর মুসলিম সমাজের পক্ষ থেকেও সরকারের এমন পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। ইকুই-এর ডিরেক্টর প্রফেসর জাভেদ খান জানান, পররাষ্ট্র নীতি ও তার অভ্যন্তরীণ প্রভাব নিয়ে সরকার যেভাবে মুসলিম প্রতিনিধিদের সাথে আলোচনা করছে, তা অতীতে দেখা যায়নি।

তবে সম্পূর্ণ পরিবর্তন হতে এখনও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ যুক্তরাজ্যের সবচেয়ে বড় মুসলিম প্রতিনিধিত্বকারী ছাতা সংগঠন ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ (MCB)-এর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক দূরত্ব এখনও পুরোপুরি মেটেনি। তবুও, বার্নহাম সরকারের অধীনে ব্রিটেনে বসবাসরত মুসলিমদের অধিকার ও মর্যাদা সুসংহত করতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%