ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিবিদ্যালয়, রংপুর-এ শহিদ আবু সাঈদের স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) বিকেলে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলা বিভাগকে পরাজিত করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর ফাইনাল ম্যাচে ছাত্রদের মধ্যে খেলায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

খেলা শেষ হওয়ার পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। তিনি মন্তব্য করেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। উপাচার্য শিক্ষার্থীদের মানবিক বিকাশে পড়ালেখার পাশাপাশি এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। একই সময়ে নতুন করে ২৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালের ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১১৯ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাইরে) ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রয়েছেন।

চলতি বছরের জন্য এখন পর্যন্ত মোট ৯ হাজার ৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। বর্তমানে হাসপাতলে ভর্তি আছেন ৯১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত দেশের মধ্যে মোট ১০ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জুন মাসে, যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন।

চলতি মাসে মোট আক্রান্ত রয়েছেন ৩ হাজার ৯০৮ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী, আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু ঘটেছে। এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার

খুলনায় চাঞ্চল্যকর কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি, ভুক্তভোগীর বাবা আলিম হোসেন ওরফে আকাশকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৬ জানায়, গ্রেফতার আলিম হোসেন আকাশ খুলনা সদর থানাধীন মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা। তিনি চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি।

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আলিম হোসেন আকাশকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চাপের মুখে পড়ায় ইরানের কট্টরপন্থিদের ‘অভ্যুত্থানের’ হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চাপের মুখে পড়ায় ইরানের কট্টরপন্থিদের ‘অভ্যুত্থানের’ হুঁশিয়ারি

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা স্মারক সই হলেও সম্প্রতি কয়েকদিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় যুদ্ধবিরতি চাপের মুখে এসে দাঁড়িয়েছে। এতে বিষয়টিকে ভালোভাবে দেখছে না ইরানের কট্টরপন্থিরা। তারা বর্তমান শাসনব্যবস্থা নিয়ে শীর্ষ কূটনীতিকদের বিরুদ্ধে ‘অভ্যুত্থানের’ অভিযোগ এনেছেন।

গত সপ্তাহে তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির কফিনের পাশ দিয়ে যাওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চারপাশে থাকা কালো পোশাক পরিহিত শোকাহতদের মধ্যে কয়েকজন প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নয়, বরং সরাসরি তাকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন – ‘আপোষকারীর মৃত্যু হোক।’

সেই ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে নয়, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি, যিনি ট্রাম্প প্রশাসনের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছিলেন এবং ইসলামী প্রজাতন্ত্রের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে ভূমিকা রেখেছিলেন, তাকে ‘বিশ্বাসঘাতক দালাল’ আখ্যা দিয়ে মৃত্যু-ধ্বনি করতে করতে একদল উন্মত্ত জনতা পাথর ছুঁড়ে মারলে তিনি অন্ত্যেষ্টিক্রিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন শীর্ষ কর্মকর্তাদের প্রতি যে বৈরী আচরণ দেখা গেছে, তাতে এই ইঙ্গিত পাওয়া যায়, যা গত কয়েক মাস ধরে ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে জনপ্রিয়তা লাভ করছে: আর তা হলো, ইরানের যুদ্ধকালীন নেতারা, যারা ওয়াশিংটনের সাথে আলোচনা করে চুক্তিটি স্বাক্ষর করেছিলেন, তারা ইসলামী প্রজাতন্ত্র এবং এর বিপ্লবী আদর্শের বিরুদ্ধে একটি নরম ‘অভ্যুত্থান’ ঘটাচ্ছেন, আর নতুন সর্বোচ্চ নেতা নিজের জীবনের ভয়ে—অথবা, যেমনটা কেউ কেউ বলছেন, তিনি অক্ষম বলে—প্রায় অদৃশ্য হয়ে আছেন।

অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত কট্টরপন্থি দলগুলো মনে করে যে, খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার পরিবর্তে, ইরানি কর্মকর্তারা প্রয়াত নেতার পুত্র ও উত্তরাধিকারী, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আদেশ অমান্য করে একটি চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। কিন্তু খামেনি জনসমক্ষে আড়ালে রয়েছেন; তিনি সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন না বা দৃশ্যত নিজের কর্তৃত্ব জাহির করছেন না, যদিও কর্মকর্তারা তার নামেই আলোচনা বা শাসনকার্য পরিচালনা করছেন।

কট্টরপন্থিরা ইরানের দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যারা খামেনি আত্মগোপনে থাকায় দেশ পরিচালনা ও প্রতিনিধিত্ব করছেন—সংসদ স্থগিত করে কিংবা আলোচনায় তার আদেশ অমান্য করে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কট্টরপন্থিরা।

‘ইরানের জনগণের প্রতি সতর্কবার্তা: অভ্যুত্থান কি আসন্ন?’ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েক দিন আগে এই প্রশ্নটি করেছিলেন স্পষ্টভাষী র‌্যাডিক্যাল আইনপ্রণেতা মাহমুদ নাভাবিয়ান।

এদিকে, মোজতবার অনুপস্থিতিতে, প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ, পেজেশকিয়ান এবং আরাঘচি যুদ্ধ-পরবর্তী ইরানের দায়িত্বে থাকা সবচেয়ে দৃশ্যমান মুখ হয়ে উঠেছেন। নতুন সর্বোচ্চ নেতার কাছে প্রবেশাধিকার না থাকায়, তাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট কট্টরপন্থিরা উল্টো তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে, সিএনএন-কে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরান বিশেষজ্ঞ এবং ‘হোয়াট ইরানিয়ানস ওয়ান্ট’ বইয়ের লেখক আরাশ আজিজি।

আজিজি বলেন, ‘মোজতবার ক্রমাগত অনুপস্থিতির অর্থ হলো, তারা তার কাছে পৌঁছাতে পারছে না এবং এর ফলে গালিবফ ও তার মিত্ররা কার্যত দেশের দায়িত্বে রয়েছে… তাই চরমপন্থিরা গালিবফ এবং পেজেশকিয়ানের বিরুদ্ধে মোজতবার বিরুদ্ধে ‘অভ্যুত্থানের’ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।’

গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ইসরাইলি বিমান হামলায় নিহত খামেনির সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়াটি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে কট্টরপন্থি সমর্থকদের জন্য একটি শক্তিশালী প্রদর্শনীতে পরিণত হয়। তারা এই উপলক্ষটিকে ওয়াশিংটনের সাথে নতুন করে যুদ্ধের মাধ্যমে তাদের নেতার হত্যার প্রতিশোধ নেয়ার দাবি জানান এবং ট্রাম্পের সাথে যেকোনো ধরনের চুক্তি প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের জন্য ইয়ামাল শতভাগ ফিট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ফাইনালের জন্য ইয়ামাল শতভাগ ফিট

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনার বিপক্ষে দলের সেরা তারকা লামিন ইয়ামাল শতভাগ ফিট বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুকা দিনিয়ের সাথে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যাথা পান ইয়ামাল। তবে ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন তিনি। কিন্তু ফাইনালের আগে ইয়ামাল দলের সাথে অনুশীলন করেননি। এর ফলে ইয়ামালের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু ডি লা ফুয়েন্তে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামলাকে নিয়ে স্পেন কোচ জানান, শিরোপা নির্ধারনী ম্যাচ খেলতে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত আছেন তারকা এই ফরোয়ার্ড।

ডি লা ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ২২ মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকার সাথে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যাথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই সে বেশ অস্বস্তিবোধ করছিল। তবুও পুরো ম্যাচ খেলেছে ইয়ামাল। ম্যাচ শেষে বিশ্রামে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম যে, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সবকিছুই ইতিবাচক রয়েছে।’

ডি লা ফুয়েন্তে জানান, ইয়ামাল দলের সাথে অনুশীলন করেছে। তিনি বলেন, ‘ফাইনালের দু’দিন আগে দলের সাথে অনুশীলন করেছে ইয়ামাল। আজ দলের সবাই একসাথে অনুশীলন করেছে। আগামীকাল আমাদের শেষ অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। শেষ অনুশীলন পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

এদিকে, পেশিতে টান লাগায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়েন রাইটব্যাক পেদ্রো পোরো। ইয়ামালের মত তিনিও দলের সাথে অনুশীলন করেননি। তবে ফাইনালের আগে পোরোও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে একবারের চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ২০১০ সালে প্রথম ফাইনালে উঠে শিরোপা জয় করেছিল স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%