ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ড্রোন হামলার মধ্যেই গ্রীষ্ম কাটছে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায়


ড্রোন হামলার মধ্যেই গ্রীষ্ম কাটছে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায়

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শহরের আকাশে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি কি রুশ বিমান প্রতিরক্ষা মহড়া, নাকি ইউক্রেনের ড্রোন হামলা? স্থানীয় বাসিন্দা জর্জি কাঁধ ঝাঁকিয়ে বললেন, এতে আর অবাক হওয়ার কিছু নেই। সেভাস্তোপোল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি এএফপিকে বলেন, ‘এসবের সঙ্গে আমরা এখন অভ্যস্ত। সত্যি বলতে, এখন আর কিছুই আমাদের ভয় দেখাতে পারে না।’ সাড়ে চার বছরের যুদ্ধ চললেও কৃষ্ণসাগর উপকূলের এই অঞ্চল এখনো জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটনকেন্দ্র। তবে সাম্প্রতিক মাসগুলোতে জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেন। তারপরও পর্যটন খাতে কর্মরত জর্জির মতো অনেকেই স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘দেখুন, আমরা এখানে বসে কফি খাচ্ছি। কোনো শব্দ শোনা গেলেও সেটি সম্ভবত মহড়ার অংশ।’ নিরাপত্তার কারণে নিজের পদবি প্রকাশ করতে চাননি তিনি। সমুদ্রতীরে দেখা গেছে বয়স্ক নারীরা পানিতে নেমেছেন। এক শিশু তার ভাইয়ের গায়ে পানি ছিটাচ্ছে। সুগঠিত দেহের কয়েকজন পুরুষ ব্যায়াম করছেন। স্কেটপার্কে শহরের অসংখ্য বোমা আশ্রয়কেন্দ্রের একটির পাশে কিশোররা স্কেটবোর্ডে নানা কসরত করছে। সেভাস্তোপোলের গভর্নরের টেলিগ্রাম চ্যানেল যাচাই করে এ সময় কোনো বিমান হামলার সতর্কবার্তা পাওয়া যায়নি। তবে জুন মাস থেকে ইউক্রেন হামলা বাড়ানোর পর এমন সতর্কবার্তা আরও ঘন ঘন দেওয়া হচ্ছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে হওয়া হামলায় দুজন নিহত হয়েছেন। বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানির সংকট এখন ক্রিমিয়ার ২৪ লাখ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ক্রিমএনারগো প্রতিদিন তাদের ওয়েবসাইটে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময়সূচি প্রকাশ করছে। কর্তৃপক্ষ এরই মধ্যে স্থানীয় জরুরি অবস্থা জারি করেছে। পেট্রোল বিক্রিও বন্ধ রাখা হয়েছে। সমুদ্রতীরবর্তী অবকাশকেন্দ্র, ব্যবসাপ্রতিষ্ঠান ও যেসব হোটেলের সামর্থ্য রয়েছে, তারা জেনারেটরের ব্যবস্থা করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এর জেরে পশ্চিমা দেশগুলো প্রথম দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। ক্রিমিয়া রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের জন্য প্রতীকী ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয়দের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিয়েভের তুলনায় মস্কোর শাসনে তারা আরও ভালো জীবন পাবেন। তবে বিশ্বের প্রায় কোনো দেশই ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর চার বছরেরও বেশি সময় পর এখন ক্রিমিয়ার বিভিন্ন সড়কে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চোখে পড়ে। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর আংশিক দগ্ধ ভবনও দেখা যায়। অনেক পেট্রোলপাম্প বন্ধ রয়েছে। আবার কোথাও শুধু জরুরি পরিবহনের জন্য জ্বালানি দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা কখনো কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ চালকদের জন্য পেট্রোল বা ডিজেল বিক্রির ঘোষণা দেন। ৯৫ অকটেন আনলেডেড পেট্রোলের প্রতি লিটারের দাম এখন প্রায় ২৫০ রুবল, যা প্রায় ৩ ডলারের সমান। এটি আগের তুলনায় তিন থেকে চার গুণ বেশি। রাশিয়া থেকে সরবরাহ আনা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার নিয়ন্ত্রিত দক্ষিণ ইউক্রেন হয়ে ক্রিমিয়া ও রস্তভ-অন-দনের মধ্যকার উত্তরাঞ্চলীয় পথে চলাচলকারী তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী যানবাহনে ইউক্রেন প্রায়ই হামলা চালায়। এ পথ এখন ‘মৃত্যুর সড়ক’ নামে পরিচিত। আরেকটি পথ হলো পূর্বদিকে কের্চ সেতু। সড়ক ও রেল সংযোগের ১৯ কিলোমিটার দীর্ঘ বহুমূল্যের সেতুটি মস্কোর ক্রিমিয়া সংযুক্তির প্রতীক হয়ে উঠেছে। ইউক্রেন একাধিকবার এ সেতুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ২০২২ সালের এক হামলায় বিস্ফোরকভর্তি একটি ট্রাক সেতুর ওপর নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বর্তমানে জ্বালানিবাহী ট্যাংকারের এ সেতু ব্যবহার নিষিদ্ধ। কের্চ সেতু আবার অচল হয়ে গেলে বিকল্প পরিকল্পনা কী হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গবেষক মারিয়া স্নেগোভায়া এএফপিকে বলেন, ‘২০১৪ সালের পর রাশিয়ার ভূখণ্ড দখলের ইতিহাসে ক্রিমিয়াই সবচেয়ে মূল্যবান অর্জন। এটিকে ঘিরে একটি পূর্ণাঙ্গ জাতীয় কাহিনি গড়ে তোলা হয়েছে।’ তিনি বলেন, দনবাস দখলকে মূলত রুশভাষীদের সুরক্ষার যুক্তিতে ব্যাখ্যা করা হলেও ক্রিমিয়াকে ঐতিহাসিকভাবে পবিত্র রুশ ভূমি হিসেবে তুলে ধরা হয়। যুদ্ধ শুরুর পর অনেক বাসিন্দা ক্রিমিয়া ছেড়ে চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ক্রিমিয়ায় অভিযানের উদ্দেশ্য হলো ‘এমন পরিস্থিতি সৃষ্টি করা, যাতে রাশিয়া শান্তি বেছে নিতে বাধ্য হয়।’ ইউক্রেনের মতে, রাশিয়া তাদের শহরগুলোতে যেভাবে হামলা চালিয়েছে, তার ন্যায্য জবাবও এটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ভেস্তে দিচ্ছে বৃষ্টি: শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ভেস্তে দিচ্ছে বৃষ্টি: শান্ত

আগামী মাসে বাংলাদেশ দল অজিদের বিরুদ্ধে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। ইতোমধ্যে টাইগাররা সিরিজের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। তবে চলতি সময়ে টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে সমস্যা হচ্ছে শান্তদের।

এ কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা ঘাটতি অনুভব করছেন। তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে এই বিষয়টি তুলে ধরেন।

তিনি মন্তব্য করেন, "বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। কিন্তু আমরা চেষ্টা করেছি গ্রানাইটে এবং বোলিং মেশিনে প্রস্তুতি নিতে। প্রস্তুতির দিক থেকে কিছুটা ঘাটতি রয়েছেন।"

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে যাওয়া নিয়ে শান্ত বলেন, "অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছি, আমরা সত্যি খুবই ভাগ্যবান। আমার মতে, গত ২৩ বছরে আমাদের সেখানে আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল।"

দলের লক্ষ্য সম্পর্কে টাইগার অধিনায়ক জানান, "অস্ট্রেলিয়াতে আমাদের লক্ষ্য হবে কতটা ভালো ক্রিকেট খেলা যায়। আমরা যেভাবে খেলছি সেটাকে যেন ধরে রাখতে পারি। আমাদের যেন এর নিচে না যেতে হয়।"

দলের পেসারদের ওপর বিশ্বাস প্রকাশ করে শান্ত বলেন, "অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররা ২০ উইকেট নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাদের সঙ্গে দুইজন অভিজ্ঞ স্পিনারও রয়েছে। মুশফিক ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তাদের ২০ উইকেট নেওয়ার সক্ষমতা রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা যুদ্ধে ইসরায়েলকে বিপুল অস্ত্র-গোলাবারুদ সরবরাহের অভিযোগ ভারতের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


গাজা যুদ্ধে ইসরায়েলকে বিপুল অস্ত্র-গোলাবারুদ সরবরাহের অভিযোগ ভারতের বিরুদ্ধে

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের সময় ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানে আড়াই হাজারের বেশি চালানে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর নতুন প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য প্রকাশ করেছে।

‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব ওয়েপনস অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল’ নামক ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এসব সামরিক চালান পাঠানো হয়। এই চালানে মেশিনগানের যন্ত্রাংশ, ১৫৫ মিলিমিটারের কামানের গোলা, স্কাইস্ট্রাইকার ড্রোনের বিস্ফোরক এবং সাঁজোয়া যানের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, এসব চালানে সাড়ে পাঁচ লাখের বেশি বিস্ফোরক অস্ত্রের যন্ত্রাংশ, প্রায় চার লাখ ছোট অস্ত্রের উপাদান এবং প্রদেয় ২৯৮টি সামরিক যানের সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল।

সংস্থাটির গবেষকেরা আন্তর্জাতিক কাস্টমস ক্লাসিফিকেশন সিস্টেম বা ‘এইচএস কোড’ ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই তালিকা প্রস্তুত করেছেন। যদিও দ্বিমুখী ব্যবহারের অস্ত্র বা বেসামরিক কাজের সরঞ্জাম এই হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে গবেষকেরা ধারণা করছেন যে বাস্তবে ভারতের সামরিক সহায়তার পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।

প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ভারতের ৯টি কোম্পানি এবং সরকারের কাছে চিঠি পাঠানো হলেও অ্যামনেস্টি কোনো জবাব পায়নি।

সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে উল্লেখ করেছেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যেখানে গাজায় গণহত্যার ঝুঁকির কথা জানিয়ে নির্দেশনা দিয়েছেন, সেখানে ভারত ভান করে থাকতে পারে না। ইসরায়েলি বাহিনী যখন গাজায় অগণিত মানুষের মৃত্যু ও দুর্ভোগ সৃষ্টি করছে, তখন ভারতীয় কোম্পানিগুলো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে মুনাফা তৈরি করছে—এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক বেশ জোরদার হয়েছে। বর্তমানে ভারত ইসরায়েলি সমরাস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা। অন্যদিকে, আইসিজে-তে দক্ষিণ আফ্রিকার তোলা গণহত্যা মামলায় যোগ দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাবও প্রত্যাখ্যান করে এসেছে দিল্লি।

সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের অস্ত্র রপ্তানি সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি মেনেই পরিচালিত হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে জাতীয় নিরাপত্তার যেকোনো হুমকিতে ইসরায়েল সব সময় ভারতের পাশে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মুস্তাঈন বিল্লাহ সাব্বিরকে হত্যাচেষ্টা সংক্রান্ত মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালত গ্রেফতার দেখানোর পর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৮ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ আসামী কলিমুল্লাহকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম মুস্তাঈন বিল্লাহ সাব্বির ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণি রোড এলাকায়, আসামিরা মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উপস্থিত হয়ে অন্যান্য আসামিদের সহায়তায় ছাত্র-জনতার উপর আকস্মিকভাবে গুলি চালায়। এ সময় একটি গুলি বাদির বাম হাতের কুনই এর মাঝখানে লেগে বিপরীত পাশে বের হয়ে যায় এবং বাদি গুরুতর জখম হয় এবং আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। উপস্থিত লোকজন বাদিকে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ভর্তি করেন। ওই ঘটনার ফলে, ভিকটিম নিজে বাদি হয়ে ২০২৫ সালের ১৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি আছেন কারাগারে আটক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদ শেষ, কাজও অসমাপ্ত; সরকারি কোষাগারে ফেরত গেল ৫ কোটি ২২ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


মেয়াদ শেষ, কাজও অসমাপ্ত; সরকারি কোষাগারে ফেরত গেল ৫ কোটি ২২ লাখ টাকা

ময়মনসিংহের নান্দাইলে মেয়াদ ফুরালেও বিদ্যালয় উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়নি। হলো ঠিকাদারদের চরম গাফিলতির কারণে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) অধীনে ৫ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরৎ পাঠানো হয়েছে।

উপজেলা এলজিইডি অফিসের সূত্রে জানা যায়, নান্দাইলের এই প্রকল্পের অধীনে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ৫৮ লাখ টাকা ব্যয়ে ১৬টির সীমানা প্রাচীর এবং ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৩৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আলাদা কক্ষ নির্মাণের কাজ চলমান ছিল। ২০২৩ সালে শুরু হওয়া এই কাজগুলো ২০২৪ সালের মধ্যে সম্পন্ন হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ঠিকাদারের অবহেলা এবং ধীরগতির কারণে কিছু কিছু প্রকল্পে মাত্র ২০ শতাংশ কাজ শেষ হয়েছে।

এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নিয়ম অনুযায়ী মোট ৫ কোটি ২২ লাখ টাকা ফেরত পাঠানো হয়েছে।

নতুনভাবে যদি ফান্ড পাওয়া যায়, তাহলে বাকি কাজগুলোর জন্য নতুন দরপত্র আহ্বান করা হবে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে কাজের অবস্থা দেখতে পাওয়া যায়। কুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নতুন ভবনের নির্মাণ কাজ এখনও অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। জাহাঙ্গীরপুর বালিয়া পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা সবচেয়ে করুণ। সেখানে ভবন নির্মাণের কাজ এখনো প্রাথমিক পর্যায়েই আটকে রয়েছে। ভবনের গাঁথুনির জন্য মাটির ওপরে কেবল ভীম তৈরি করে সেভাবেই ফেলে রাখা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "ভবনটি সময়মতো না হওয়ায় একটি মাত্র ভবনে শিক্ষার্থীদের পাঠদান করাতে চরম হিমশিম খেতে হচ্ছে।" ক্লাসরুমের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

একই পরিস্থিতি চন্ডীপাশা মডেল সরকারি বিদ্যালয়, ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য প্রকল্পগুলোর।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ঠিকাদারদের গাফিলতির শাস্তি কেন শিক্ষার্থীরা পাবে? তারা অবিলম্বে এই সংকট নিরসন করে দ্রুত বিদ্যালয়ের ভবনগুলো সাধারণ শিক্ষার উপযোগী করার দাবি জানিয়েছেন।

এদিকে, নান্দাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানিয়েছেন, ঠিকাদারদের আবেদনের প্রেক্ষিতে সময় বৃদ্ধির পরও কাজ শেষ হয়নি। সেজন্য প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৫ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে। ভবিষ্যতে ফান্ড পেলে পুনঃটেন্ডার পক্রিয়া মাধ্যমে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%