০৮:৪৩ পি.এম
নাটোর, ২৫ নভেম্বর ২০২৬ : সদর উপজেলায় আজ শুরু হয়েছে বিনামূল্যে রবি মৌসুমে চাষাবাদের লক্ষ্যে তিনটি শস্যের প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম, যা দুইহাজার ১৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পরিচালিত হচ্ছে।
আজ বুধবার, বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান।
আরও পড়ুন: ফিরোজের বাগানে ইউটিউব দেখে চাষ করা কমলার সফলতা
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষক পর্যায়ে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান ছাড়াও কৃষি ঋণ মওকুফ, খাল খনন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। তারা জানান, আগামীতে এ কার্যক্রম আরো বেগবান হবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে একবিঘা জমি চাষের জন্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। এর মধ্যে দুইহাজার জনকে সরিষা বীজ, ১৫০ জনকে মশুর ডালের বীজ ও ৩০ জনকে খেসারী ডালের বীজ এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন