বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৭ পি.এম
কাহারোলে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালনের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর’২৬) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন।
এছাড়া, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান এবং উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুস সালাম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল মঞ্চে এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন ইসরায়েলি প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলঙ্কা। গত ২৪ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদযাপন চলাকালে অন্য প্রতিযোগীরা তাকে এড়িয়ে চলার কারণে মঞ্চে একাই নাচতে দেখা যায়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই নেটিজেনরা এই ঘটনার ব্যাখ্যা করছেন, যেখানে ইসরায়েলি প্রতিনিধিকে বর্জন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, উদযাপনের সময় ড্যানিয়েল ইয়াবলঙ্কা নাচছেন এবং আশপাশের অন্যান্য দেশের প্রতিযোগীদের তার সাথে যোগ দেওয়ার জন্য হাত নেড়ে ইশারা করছেন। কিন্তু তার আহ্বানে সাড়া না দিয়ে নিকটবর্তী প্রতিযোগীরা তাকে উপেক্ষা করে সেখান থেকে সরে যান। ফলে বিশাল মঞ্চে তিনি অনেকটা নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন অবস্থায় একাই নাচতে দেখা যায়।
এবারের আসরে পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন। অন্যদিকে, ২০০৫ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রতিনিধি হিসেবে শীর্ষ ৩০-এ জায়গা করে নিয়েছিলেন ইয়াবলঙ্কা। তবে মূল মঞ্চে তার এই একাকীত্ব ও অন্য প্রতিযোগীদের এড়িয়ে যাওয়ার দৃশ্য অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নেটিজেনদের একটি বড় অংশের মতে, গাজায় চলমান বর্বরতা ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, মিস ইউনিভার্সের মঞ্চে অন্য প্রতিযোগীদের এই আচরণ তারই প্রতিফলন। অনেকেই এটিকে ইসরায়েলের প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ ও প্রত্যাখ্যান হিসেবে দেখছেন।
এর আগে প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম বা জাতীয় পোশাক পর্বেও দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন এই ইসরায়েলি সুন্দরী। সে সময় তিনি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা একটি পোশাক পরে মঞ্চে এলে উপস্থিত দর্শকদের একাংশ দুয়োধ্বনি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদিও কিছু মানুষের মতে, মঞ্চের উদযাপনের সময় প্রতিযোগীদের আলাদাভাবে নাচা খুব স্বাভাবিক বিষয়; তবে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় ইসরায়েলি সুন্দরীর এই নিঃসঙ্গতা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাকেই সামনে নিয়ে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে চাঁদপুরে জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্তরে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলের সদস্যরা সমাবেশে অংশগ্রহণ করে। সেখান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
শহর জামায়াতের আমীর এডভোকেট মো শাহজাহান খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা শুরা সদস্য মাও. ইউনুস হেলাল, আবুল হাসানাত, মাও. আফসার উদ্দিন মিয়াজী।
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, "জনগণের কণ্ঠ রোধ করতে এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।"
তিনি আরো জানান, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, হয়রানি ও দালালের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। একাধিক সেবাগ্রহীতা জানিয়েছেন, নামজারি-খারিজ, খতিয়ান পোস্টিংসহ বিভিন্ন সেবা পেতে সরকারি ফির বাইরে টাকা দিতে হচ্ছে। তাদের অভিযোগ, টাকা দিয়েও দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অর্থ দাবি এবং প্রতিপক্ষের কাছ থেকে গোপনে টাকা নিয়ে একতরফা শুনানির অভিযোগ উঠেছে ভূমি অফিসের এক কর্মচারী ও এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন এবং মারুফ আহমেদ নামের এক ব্যক্তি বিভিন্ন ভূমিসেবা করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় করেন। নামজারি-খারিজ, মৌজা ও খতিয়ান পোস্টিংসহ নানা কাজের জন্য তাঁদের কাছে যেতে হয়। টাকা দিয়েও কাজ না হওয়া, নানা অজুহাতে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা অভিযোগ করেন, নামজারি-খারিজের কাজ করে দেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা নেন। কিন্তু টাকা দিয়েও কাজ হয়নি। দিনের পর দিন তাঁকে ভূমি অফিসে ঘুরতে হচ্ছে। তাঁর অভিযোগ, টাকা না দিলে নামজারি-খারিজের আবেদন বাতিল করে দেওয়া হয়। কখনো জমির দাগে সমস্যা রয়েছে বলে নানা অজুহাতে তাঁকে হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগী মনোয়ারা বেগম আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বাপ-দাদার সম্পত্তির কিছু অংশ প্রতিবেশীরা দখল করে নিয়েছেন এবং ভুয়া দলিল তৈরি করে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। মনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর লিখিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন ও মারুফ তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের কাছ থেকে গোপনে অর্থ নিয়ে তাঁকে না জানিয়ে একতরফা শুনানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া নামজারি-খারিজের
আবেদন করার পর শাকিল ও মারুফ তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন বলে দাবি
মনোয়ারার। দীর্ঘদিনেও কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে পরে শাকিলের নির্দেশে মারুফ ওই টাকা ফেরত দেন বলে জানান তিনি। মনোয়ারার প্রশ্ন, ভূমি অফিসে টাকা ছাড়া যদি কাজ না হয়, তাহলে সাধারণ ও দরিদ্র মানুষ কোথায় গিয়ে প্রতিকার চাইবে? ভূমি অফিসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়েও ক্ষোভ রয়েছে সেবাগ্রহীতাদের। তাঁদের দাবি, মারুফ আহমেদ নামে এক ব্যক্তিকে প্রায়ই অফিসের চেয়ারে বসে সেবাগ্রহীতাদের কাগজপত্র দেখাশোনা করতে দেখা যায়। এতে সাধারণ মানুষের পক্ষে তাঁকে সরকারি কর্মচারী নাকি বহিরাগত, তা বোঝা কঠিন হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে কাগজপত্র দেখার পর অফিসের বাইরে চায়ের দোকানে নিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেন তিনি। ভুক্তভোগী আব্দুল আলেম জানান, তাঁর মৌজার এসএ খতিয়ান পোস্টিংয়ের আবেদন সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দিতে ভূমি অফিসে যান। এ সময় মরফিদুল নামে ওই ব্যক্তি আবেদনসহ তাঁকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নিয়ে যান। পরে অফিস থেকে বের হওয়ার পর তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন। প্রথমে তাঁকে ভূমি অফিসের কর্মচারী মনে করলেও পরে জানতে পারেন, তিনি সরকারি কোনো কর্মচারী নন। আব্দুল আলিমের প্রশ্ন, সরকারি অফিসে সেবা নিতে এসে কেন বাইরের লোককে টাকা দিতে হবে? দালাল ছাড়া যদি কাজ না হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, ‘আপনারা তদন্ত করে আমার কাছে তাঁদের নিয়ে আসেন।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। অন্যদিকে, মারুফ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন বলেন, ‘ডকুমেন্টস ছাড়া কোনো বক্তব্য দেব না। আমাকে ডকুমেন্টস দেখান, এরপর বক্তব্য দেব। ডকুমেন্টস ছাড়া আমাদের বক্তব্য দেওয়া ঠিক নয়।’ ভূমি অফিসে বহিরাগত ব্যক্তিদের দিয়ে দাপ্তরিক কাজ করানোর বিষয়ে তিনি বলেন, ‘অফিসে কিছু ডাঁটা এন্ট্রির কাজ থাকে। এজন্য কানুনগো সাহেব বাইরের লোক দিয়ে কাজ করিয়ে নেন। এ বিষয়ে অনুমতি আছে।’ তবে অফিসের ভেতরে বহিরাগতদের দাপ্তরিক কাজ করার অনুমতি, তাঁদের দায়িত্ব ও জবাবদিহির প্রক্রিয়া কী—তা স্বচ্ছভাবে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছেন সেবাগ্রহীতারা। ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ভূমি অফিসে বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন ভূমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফরের সময় ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ভারত গত ১৫ বছর ধরে বাংলাদেশকে শোষণ করে চলেছে এবং দেশটির সাথে উপনিবেশের মতো আচরণ করছে। তিনি সতর্ক করে বলেছেন, যদি ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করে, তাহলে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।
স্পিকার ইসলামাবাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন। তার বক্তব্য পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালানোর পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্পিকার বলেন, দেশে ফিরে এলে হাসিনাকে কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি আরো দাবি করেন, আগামী ১০ বছরের মধ্যে হাসিনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
স্পিকার অভিযোগ করেন, হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন যে, ভারত যদি তাকে ফেরত না দেয়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের বিবেচনার কথাও জানান স্পিকার। তবে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে রয়েছেন। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এই সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।
এই সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ