প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল মঞ্চে এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন ইসরায়েলি প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলঙ্কা। গত ২৪ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদযাপন চলাকালে অন্য প্রতিযোগীরা তাকে এড়িয়ে চলার কারণে মঞ্চে একাই নাচতে দেখা যায়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই নেটিজেনরা এই ঘটনার ব্যাখ্যা করছেন, যেখানে ইসরায়েলি প্রতিনিধিকে বর্জন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, উদযাপনের সময় ড্যানিয়েল ইয়াবলঙ্কা নাচছেন এবং আশপাশের অন্যান্য দেশের প্রতিযোগীদের তার সাথে যোগ দেওয়ার জন্য হাত নেড়ে ইশারা করছেন। কিন্তু তার আহ্বানে সাড়া না দিয়ে নিকটবর্তী প্রতিযোগীরা তাকে উপেক্ষা করে সেখান থেকে সরে যান। ফলে বিশাল মঞ্চে তিনি অনেকটা নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন অবস্থায় একাই নাচতে দেখা যায়।
এবারের আসরে পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন। অন্যদিকে, ২০০৫ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রতিনিধি হিসেবে শীর্ষ ৩০-এ জায়গা করে নিয়েছিলেন ইয়াবলঙ্কা। তবে মূল মঞ্চে তার এই একাকীত্ব ও অন্য প্রতিযোগীদের এড়িয়ে যাওয়ার দৃশ্য অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নেটিজেনদের একটি বড় অংশের মতে, গাজায় চলমান বর্বরতা ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, মিস ইউনিভার্সের মঞ্চে অন্য প্রতিযোগীদের এই আচরণ তারই প্রতিফলন। অনেকেই এটিকে ইসরায়েলের প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ ও প্রত্যাখ্যান হিসেবে দেখছেন।
এর আগে প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম বা জাতীয় পোশাক পর্বেও দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন এই ইসরায়েলি সুন্দরী। সে সময় তিনি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা একটি পোশাক পরে মঞ্চে এলে উপস্থিত দর্শকদের একাংশ দুয়োধ্বনি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদিও কিছু মানুষের মতে, মঞ্চের উদযাপনের সময় প্রতিযোগীদের আলাদাভাবে নাচা খুব স্বাভাবিক বিষয়; তবে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় ইসরায়েলি সুন্দরীর এই নিঃসঙ্গতা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাকেই সামনে নিয়ে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন