বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৩ পি.এম
রংপুর নগরীতে পুলিশ অটোরিকশা চালক আরিফুল ইসলাম (২৯) এর মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ভগিবালাপাড়া এলাকার সেনা সদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম লিটন মিয়ার ছেলে এবং ভগিবালাপাড়া এলাকার বাসিন্দা।
এই ঘটনার পর পুলিশ গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) এবং ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে। বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আরিফুল ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরের দিন, ২৪ নভেম্বর, আরিফুলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার ভোরে সেনা সদস্য শাহীনের বাসা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, আরিফুলকে মাথায় মসলা বাটার শীলপাটা দিয়ে আঘাত করা হয়েছে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। ওয়াদুদ আলম বলেন, নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং রাসেল মিয়াকে আদালতে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দিনাজপুরের চিরিরবন্দরে ২০ জন শিক্ষিত বেকার যুবককে বৈদ্যুতিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ প্রদান করে সনদপত্র ও কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে যাচ্ছে বিজিবি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচারসহ আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি কাজ করছে। এ লক্ষ্যে নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্যসহায়তা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সেক্টর কমান্ডার বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবককে সনদপত্রের পাশাপাশি বৈদ্যুতিক কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। এই সরঞ্জাম ব্যবহার করে তাঁরা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবি এবং ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চাঁন মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০ জন বেকার যুবককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার তাঁদের মধ্যে সনদপত্র ও বৈদ্যুতিক কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার কলমাকান্দায় মুন্সীপুর হাজি ইসরাইল ইসলামি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মিছিল করে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, প্রতিষ্ঠানের কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।
এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, ভুক্তভোগী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ অন্যান্য বক্তারা। বক্তারা বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়।" শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তাঁরা আরও উল্লেখ করেন, শুধু প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ নয়, আব্দুল্লাহকে তাঁরা আর এই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে চান না। এ সময় তাঁরা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি চলাকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার,
(২৫ নভেম্বর) উপজেলার ঝোলগাঁও এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে
বিজিবির একটি টহল দল এই অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল
ভারতীয় মদ উদ্ধার করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
নুরুল আজীম বায়েজিদ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে
জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যাচ্ছে বেগুন গাছে সবুজ পাতার সমারোহ। কৃষি বিভাগের পরামর্শ এবং অনুকূল আবহাওয়ার কারণে ক্রমাগত বেড়ে উঠছে বেগুন গাছ। কৃষকেরা আশা করছেন, ফলন ভালো হবে। বাজারে সন্তোষজনক দাম পাওয়ার সম্ভাবনা তাঁদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাই স্থানীয় কৃষকরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ হিসেবে বিবেচনা করছেন। জামালপুরের ইসলামপুরে কাঁসা, বেগুন ও আখের গুড়ের সমন্বয়ে কৃষি কার্যক্রম চলছে। ইসলামপুরের কৃষকদের উৎপাদিত বেগুন সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় সারাদেশে এই অঞ্চলের বেগুনের চাহিদা ব্যাপক। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ইসলামপুরে বারি-১ জাতের বেগুন বেশি চাষ করা হয়। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে বেগুনের চাষ হচ্ছে। প্রতি একর জমিতে কমপক্ষে ১৫ মেট্রিক টন বেগুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে কৃষি বিভাগ এ বছর বেগুনের বাম্পার ফলনের আশা করছে।
ইসলামপুর উপজেলার লক্ষীপুর গ্রামের কৃষক আবুল হোসেন এবং হাছেন আলী জানিয়েছেন, এ বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুন খেতের অবস্থা অনেক ভালো হয়েছে। ডিগ্রিীরচর গ্রামের চাষি মনছুর আলী জানিয়েছেন, এলাকার মানুষ বেগুন টাল (খেত)কে টাকা উৎপাদন খেত হিসেবে উল্লেখ করেন এবং বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলেও অভিহিত করেন। তাঁরা বলেন, এ বছর বেগুন গাছের অবস্থা খুবই ভালো, তাই আমড়া ফলনের আশা করছেন। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ভালো মূল্য পাওয়া গেলে তাঁদের পরিশ্রম স্বার্থক হবে বলে মনে করছেন। বেগুন বিক্রির আয় দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিকাজেও বিনিয়োগ করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য খুবই উপযোগী। এ কারণে কৃষকরা লাভজনক ফসল চাষে আগ্রহী। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বেগুনের ভালো উৎপাদন হবে বলে তিনি আশা করছেন। ফলন ভালো হলে কৃষকের মুখে হাসি ফুটবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ