প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, হয়রানি ও দালালের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। একাধিক সেবাগ্রহীতা জানিয়েছেন, নামজারি-খারিজ, খতিয়ান পোস্টিংসহ বিভিন্ন সেবা পেতে সরকারি ফির বাইরে টাকা দিতে হচ্ছে। তাদের অভিযোগ, টাকা দিয়েও দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অর্থ দাবি এবং প্রতিপক্ষের কাছ থেকে গোপনে টাকা নিয়ে একতরফা শুনানির অভিযোগ উঠেছে ভূমি অফিসের এক কর্মচারী ও এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন এবং মারুফ আহমেদ নামের এক ব্যক্তি বিভিন্ন ভূমিসেবা করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় করেন। নামজারি-খারিজ, মৌজা ও খতিয়ান পোস্টিংসহ নানা কাজের জন্য তাঁদের কাছে যেতে হয়। টাকা দিয়েও কাজ না হওয়া, নানা অজুহাতে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা অভিযোগ করেন, নামজারি-খারিজের কাজ করে দেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা নেন। কিন্তু টাকা দিয়েও কাজ হয়নি। দিনের পর দিন তাঁকে ভূমি অফিসে ঘুরতে হচ্ছে। তাঁর অভিযোগ, টাকা না দিলে নামজারি-খারিজের আবেদন বাতিল করে দেওয়া হয়। কখনো জমির দাগে সমস্যা রয়েছে বলে নানা অজুহাতে তাঁকে হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগী মনোয়ারা বেগম আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বাপ-দাদার সম্পত্তির কিছু অংশ প্রতিবেশীরা দখল করে নিয়েছেন এবং ভুয়া দলিল তৈরি করে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। মনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর লিখিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন ও মারুফ তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের কাছ থেকে গোপনে অর্থ নিয়ে তাঁকে না জানিয়ে একতরফা শুনানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া নামজারি-খারিজের
আবেদন করার পর শাকিল ও মারুফ তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন বলে দাবি
মনোয়ারার। দীর্ঘদিনেও কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে পরে শাকিলের নির্দেশে মারুফ ওই টাকা ফেরত দেন বলে জানান তিনি। মনোয়ারার প্রশ্ন, ভূমি অফিসে টাকা ছাড়া যদি কাজ না হয়, তাহলে সাধারণ ও দরিদ্র মানুষ কোথায় গিয়ে প্রতিকার চাইবে? ভূমি অফিসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়েও ক্ষোভ রয়েছে সেবাগ্রহীতাদের। তাঁদের দাবি, মারুফ আহমেদ নামে এক ব্যক্তিকে প্রায়ই অফিসের চেয়ারে বসে সেবাগ্রহীতাদের কাগজপত্র দেখাশোনা করতে দেখা যায়। এতে সাধারণ মানুষের পক্ষে তাঁকে সরকারি কর্মচারী নাকি বহিরাগত, তা বোঝা কঠিন হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে কাগজপত্র দেখার পর অফিসের বাইরে চায়ের দোকানে নিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেন তিনি। ভুক্তভোগী আব্দুল আলেম জানান, তাঁর মৌজার এসএ খতিয়ান পোস্টিংয়ের আবেদন সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দিতে ভূমি অফিসে যান। এ সময় মরফিদুল নামে ওই ব্যক্তি আবেদনসহ তাঁকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নিয়ে যান। পরে অফিস থেকে বের হওয়ার পর তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন। প্রথমে তাঁকে ভূমি অফিসের কর্মচারী মনে করলেও পরে জানতে পারেন, তিনি সরকারি কোনো কর্মচারী নন। আব্দুল আলিমের প্রশ্ন, সরকারি অফিসে সেবা নিতে এসে কেন বাইরের লোককে টাকা দিতে হবে? দালাল ছাড়া যদি কাজ না হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, ‘আপনারা তদন্ত করে আমার কাছে তাঁদের নিয়ে আসেন।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। অন্যদিকে, মারুফ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন বলেন, ‘ডকুমেন্টস ছাড়া কোনো বক্তব্য দেব না। আমাকে ডকুমেন্টস দেখান, এরপর বক্তব্য দেব। ডকুমেন্টস ছাড়া আমাদের বক্তব্য দেওয়া ঠিক নয়।’ ভূমি অফিসে বহিরাগত ব্যক্তিদের দিয়ে দাপ্তরিক কাজ করানোর বিষয়ে তিনি বলেন, ‘অফিসে কিছু ডাঁটা এন্ট্রির কাজ থাকে। এজন্য কানুনগো সাহেব বাইরের লোক দিয়ে কাজ করিয়ে নেন। এ বিষয়ে অনুমতি আছে।’ তবে অফিসের ভেতরে বহিরাগতদের দাপ্তরিক কাজ করার অনুমতি, তাঁদের দায়িত্ব ও জবাবদিহির প্রক্রিয়া কী—তা স্বচ্ছভাবে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছেন সেবাগ্রহীতারা। ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ভূমি অফিসে বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন ভূমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন