ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ


চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ

গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে চাঁদপুরে জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্তরে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলের সদস্যরা সমাবেশে অংশগ্রহণ করে। সেখান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

আরও পড়ুন: চট্টগ্রামের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ৩১ ডিসেম্বর পর্যন্ত

শহর জামায়াতের আমীর এডভোকেট মো শাহজাহান খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা শুরা সদস্য মাও. ইউনুস হেলাল, আবুল হাসানাত, মাও. আফসার উদ্দিন মিয়াজী।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, "জনগণের কণ্ঠ রোধ করতে এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।"

তিনি আরো জানান, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

আরও পড়ুন: সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাবগঞ্জ ভূমি অফিসে দালালদের বিরুদ্ধে অভিযোগের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


নবাবগঞ্জ ভূমি অফিসে দালালদের বিরুদ্ধে অভিযোগের ঝড়

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, হয়রানি ও দালালের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। একাধিক সেবাগ্রহীতা জানিয়েছেন, নামজারি-খারিজ, খতিয়ান পোস্টিংসহ বিভিন্ন সেবা পেতে সরকারি ফির বাইরে টাকা দিতে হচ্ছে। তাদের অভিযোগ, টাকা দিয়েও দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অর্থ দাবি এবং প্রতিপক্ষের কাছ থেকে গোপনে টাকা নিয়ে একতরফা শুনানির অভিযোগ উঠেছে ভূমি অফিসের এক কর্মচারী ও এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন এবং মারুফ আহমেদ নামের এক ব্যক্তি বিভিন্ন ভূমিসেবা করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় করেন। নামজারি-খারিজ, মৌজা ও খতিয়ান পোস্টিংসহ নানা কাজের জন্য তাঁদের কাছে যেতে হয়। টাকা দিয়েও কাজ না হওয়া, নানা অজুহাতে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা অভিযোগ করেন, নামজারি-খারিজের কাজ করে দেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা নেন। কিন্তু টাকা দিয়েও কাজ হয়নি। দিনের পর দিন তাঁকে ভূমি অফিসে ঘুরতে হচ্ছে। তাঁর অভিযোগ, টাকা না দিলে নামজারি-খারিজের আবেদন বাতিল করে দেওয়া হয়। কখনো জমির দাগে সমস্যা রয়েছে বলে নানা অজুহাতে তাঁকে হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগী মনোয়ারা বেগম আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বাপ-দাদার সম্পত্তির কিছু অংশ প্রতিবেশীরা দখল করে নিয়েছেন এবং ভুয়া দলিল তৈরি করে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। মনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর লিখিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন ও মারুফ তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের কাছ থেকে গোপনে অর্থ নিয়ে তাঁকে না জানিয়ে একতরফা শুনানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া নামজারি-খারিজের

আবেদন করার পর শাকিল ও মারুফ তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন বলে দাবি

মনোয়ারার। দীর্ঘদিনেও কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে পরে শাকিলের নির্দেশে মারুফ ওই টাকা ফেরত দেন বলে জানান তিনি। মনোয়ারার প্রশ্ন, ভূমি অফিসে টাকা ছাড়া যদি কাজ না হয়, তাহলে সাধারণ ও দরিদ্র মানুষ কোথায় গিয়ে প্রতিকার চাইবে? ভূমি অফিসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়েও ক্ষোভ রয়েছে সেবাগ্রহীতাদের। তাঁদের দাবি, মারুফ আহমেদ নামে এক ব্যক্তিকে প্রায়ই অফিসের চেয়ারে বসে সেবাগ্রহীতাদের কাগজপত্র দেখাশোনা করতে দেখা যায়। এতে সাধারণ মানুষের পক্ষে তাঁকে সরকারি কর্মচারী নাকি বহিরাগত, তা বোঝা কঠিন হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে কাগজপত্র দেখার পর অফিসের বাইরে চায়ের দোকানে নিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেন তিনি। ভুক্তভোগী আব্দুল আলেম জানান, তাঁর মৌজার এসএ খতিয়ান পোস্টিংয়ের আবেদন সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দিতে ভূমি অফিসে যান। এ সময় মরফিদুল নামে ওই ব্যক্তি আবেদনসহ তাঁকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নিয়ে যান। পরে অফিস থেকে বের হওয়ার পর তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন। প্রথমে তাঁকে ভূমি অফিসের কর্মচারী মনে করলেও পরে জানতে পারেন, তিনি সরকারি কোনো কর্মচারী নন। আব্দুল আলিমের প্রশ্ন, সরকারি অফিসে সেবা নিতে এসে কেন বাইরের লোককে টাকা দিতে হবে? দালাল ছাড়া যদি কাজ না হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সার্টিফিকেট সহকারী শাকিল হোসেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, ‘আপনারা তদন্ত করে আমার কাছে তাঁদের নিয়ে আসেন।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। অন্যদিকে, মারুফ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন বলেন, ‘ডকুমেন্টস ছাড়া কোনো বক্তব্য দেব না। আমাকে ডকুমেন্টস দেখান, এরপর বক্তব্য দেব। ডকুমেন্টস ছাড়া আমাদের বক্তব্য দেওয়া ঠিক নয়।’ ভূমি অফিসে বহিরাগত ব্যক্তিদের দিয়ে দাপ্তরিক কাজ করানোর বিষয়ে তিনি বলেন, ‘অফিসে কিছু ডাঁটা এন্ট্রির কাজ থাকে। এজন্য কানুনগো সাহেব বাইরের লোক দিয়ে কাজ করিয়ে নেন। এ বিষয়ে অনুমতি আছে।’ তবে অফিসের ভেতরে বহিরাগতদের দাপ্তরিক কাজ করার অনুমতি, তাঁদের দায়িত্ব ও জবাবদিহির প্রক্রিয়া কী—তা স্বচ্ছভাবে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছেন সেবাগ্রহীতারা। ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ভূমি অফিসে বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন ভূমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনা ইস্যুতে আইসিজেতে ভারতের বিরুদ্ধে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


হাসিনা ইস্যুতে আইসিজেতে ভারতের বিরুদ্ধে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফরের সময় ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ভারত গত ১৫ বছর ধরে বাংলাদেশকে শোষণ করে চলেছে এবং দেশটির সাথে উপনিবেশের মতো আচরণ করছে। তিনি সতর্ক করে বলেছেন, যদি ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকার করে, তাহলে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।

স্পিকার ইসলামাবাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন। তার বক্তব্য পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালানোর পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্পিকার বলেন, দেশে ফিরে এলে হাসিনাকে কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি আরো দাবি করেন, আগামী ১০ বছরের মধ্যে হাসিনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।

স্পিকার অভিযোগ করেন, হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন যে, ভারত যদি তাকে ফেরত না দেয়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের বিবেচনার কথাও জানান স্পিকার। তবে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে রয়েছেন। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এই সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।

এই সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে হোটেল মালিকদের সঙ্গে এসপির মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে হোটেল মালিকদের সঙ্গে এসপির মতবিনিময়

কুষ্টিয়া, ২৬ নভেম্বর, ২০২৬ : আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমনের প্রেক্ষিতে জেলার হোটেল মালিক সমিতির সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভার উদ্দেশ্য ছিল সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিশ্ছিদ্র রাখা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। পুলিশ সুপার প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখার জন্য হোটেল ও রেস্তোরাঁ মালিকদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

তিনি প্রত্যেকটি হোটেল ও রেস্তোরাঁয় সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখার পরামর্শ দেন।

এছাড়া, যেকোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিআইও (১) ডিএসবি মো. আবু হেনা মিলন, অপরাধ শাখার ইনচার্জ মোর্তুজা খান এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর হামলা, এক চোখ নষ্ট করে দিলো প্রতিপক্ষরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর হামলা, এক চোখ নষ্ট করে দিলো প্রতিপক্ষরা

বাকেরগঞ্জে পূর্বশত্রুতার কারণে সজীব হাওলাদার (৩০) নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে ধারালো টিনের আঘাতে তাঁর একটি চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর বুধবার রাত ১১টার দিকে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের ফজর হাওলাদার বাড়িতে পূর্বশত্রুতার জেরে সজীব হাওলাদারের ওপর হামলা চালানো হয়, যার ফলে তাঁর একটি চোখ উপড়ে যায়।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার খান বাড়ির বাসিন্দা জালাল খাঁ ও ওরাকিব খাঁ পূর্বশত্রুতার কারণে সজীব হাওলাদারের ওপর হামলা করেন। এ সময় ধারালো টিন দিয়ে তাঁর চোখে আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন এবং একটি চোখ উপড়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, দুর্গাপুর গ্রামে যুবকের চোখ উপড়ে যাওয়ার ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%