বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৫৩ পি.এম
দীর্ঘকাল ধরে অচল থাকা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পটি পুনরুজ্জীবিত হতে যাচ্ছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাওয়ার প্রত্যাশা করছেন।
সূত্রে জানা গেছে, সরকারের উদ্যোগে প্রকল্পটির জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে। এর আওতায় ৯৬০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে, পাশাপাশি পাম্প হাউস ও সেচ অবকাঠামোও পুনর্বাসিত হবে।
১৯৬২ সালে যাত্রা শুরু করা জি-কে সেচ প্রকল্পের ওপর নির্ভরশীল চার জেলার হাজার হাজার কৃষক। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পাম্পের যন্ত্রপাতি বিকল হওয়া, পদ্মা নদীতে পানির স্বল্পতা এবং খাল ভরাট হয়ে যাওয়ার কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে শ্যালো ও গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন, যা উৎপাদন খরচ বাড়াচ্ছে। কোথাও কোথাও পানির অভাবে ফসলের আবাদ কমাতে হচ্ছে।
এই পরিস্থিতিতে জি-কে সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার জন্য এক হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, ‘প্রকল্পের আওতায় প্রায় ৯৬০ কিলোমিটার সেচ খাল পুনঃখনন ও সংস্কার, প্রধান দুটি পাম্প পুনঃস্থাপন, পাঁচটি সহায়ক পাম্প স্থাপন এবং ৬৬১টি সেচ অবকাঠামো পুনর্বাসন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ উপকেন্দ্র ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থারও সংস্কার করা হবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে। এতে সেচ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে, কৃষকের উৎপাদন খরচ কমবে এবং ফসলের উৎপাদন বাড়বে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে চার জেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এখন কৃষকদের অপেক্ষা, কবে শেষ হবে এই পুনর্বাসন কাজ, এবং ফিরবে জিকে সেচ প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর, ২৬ নভেম্বর, ২০২৬ : আজ রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা ও ধর্মীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকায় ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
এই আয়োজন আগামী ২৮ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম তিন দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হবে এসব কার্যক্রমের মাধ্যমে।
আখেরি মোনাজাত শনিবার অনুষ্ঠিত হবে, যা দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় নিবেদিত।
পীরগাছা থেকে আসা মেহাম্মদ শাহজাহান জানিয়েছেন, তিনি নিজের ঈমান আমলকে মজবুত করার উদ্দেশ্যে ইজতেমায় এসেছেন।
তিনি আরও বলেন, "মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও মতপার্থক্য দূর হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্য প্রতিষ্ঠিত হোক। মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক।"
তারাগঞ্জ থেকে আসা মুসফিকুর রহিম জানান, "আমি দোয়া করি আমরা প্রত্যেকে যেন ইজতেমাকে কেন্দ্র করে হেদায়েতপ্রাপ্ত হই। ইজতেমা শেষে আমরা সবাই যেন আল্লাহ্র রাস্তায় বের হয়ে দ্বীনি শিক্ষা বিস্তার করতে পারি।"
আয়োজক কমিটির দায়িত্বশীল মো. মাহমুদুল আমিন বলেছেন, "ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।"
তিনি উল্লেখ করেন, ইজতেমাকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি জামাত এসেছে এবং তাদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, জেলা ইজতেমায় এবার রংপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি সমাগম হবে।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন বিদেশি জামাতের মেহমানও ইজতেমায় অংশ নিচ্ছেন।
ফজরের নামাজের পর আম বয়ান-
আয়োজক কমিটির হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, "ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।"
স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম জানিয়েছেন, মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে এবং বসানো হয়েছে প্রয়োজনীয় সংখ্যক পানির কল। এসব কলের মাধ্যমে একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন।
আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম।
ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক নগদ ডলার বিক্রির জন্য সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করেছে। এখন থেকে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত বিসি সেলিং রেটের উপরে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো নগদ ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষা করা।
বাংলাদেশ ব্যাংক বুধবার (২৫ নভেম্বর) বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে এই বিষয়ে নির্দেশনা জারি করেছে এবং দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট এবং ওডি সাইটের বিনিময় হার অনুসরণ করা হয়ে থাকে। বিক্রির ক্ষেত্রে প্রচলিত বিসি বিনিময় হার ব্যবহৃত হয়।
এই প্রেক্ষাপটে, কেন্দ্রীয় ব্যাংক নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ সীমা হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করেছে। পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে নতুন নির্দেশনা যথাযথভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় শেখ হাসিনার কথিত মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের মানুষ আশা করেছিল যে, আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে করা একটি পুরোনো মানহানির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও পুলিশ মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে গিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। তার মতে, এই ঘটনা জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার দেউলিয়াত্বের নির্মম উদাহরণ।
ডা. ইরান আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য মাহমুদুর রহমান নির্যাতন, কারাভোগ এবং অসংখ্য মামলার শিকার হয়েছেন। যদি তার বিরুদ্ধে পুরোনো নিপীড়নমূলক মামলার বোঝা থেকে যায়, তাহলে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের দাবি অর্থহীন হয়ে পড়বে।
তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও রাজনৈতিক পরিচয় বা অতীতের ক্ষমতাসীনদের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যাচাই না করে পরোয়ানা তামিলের চেষ্টা পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, যদি তা না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের এই বৈপরীত্য গণতন্ত্রকামী মানুষের মধ্যে গভীর হতাশা তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুই বছর ধরে চেষ্টা করা হয়েছে। খাবারের তালিকায় পরিবর্তন আনা হয়েছে এবং চলাফেরার সুযোগও বাড়ানো হয়েছে। তবুও ওজন কমেনি। শেষ পর্যন্ত, ১৯ বছর বয়সী চিতাবাঘ বাওবাওয়ের ওজন কমানোর চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চীনের একটি চিড়িয়াখানা।
বাওবাও চীনের সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া চিড়িয়াখানায় বসবাস করে। তার গোলগাল চেহারা ও স্থূল শরীরের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সে বেশ জনপ্রিয়। অনেকেই তার চেহারার সঙ্গে অ্যানিমেশন চলচ্চিত্র ‘জুটোপিয়া’র পুলিশ কর্মকর্তা ক্লহাউজারের মিল খুঁজে পেয়েছেন। দর্শনার্থীদের তোলা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনলাইনেও চিতাবাঘটির পরিচিতি বৃদ্ধি পায়।
২০২৪ সালে বাওবাওয়ের অতিরিক্ত ওজন নিয়ে আলোচনা শুরু হলে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার জন্য বিশেষ ডায়েট পরিকল্পনা করে। খাবারের পরিমাণ ও খাওয়ানোর পদ্ধতিতে পরিবর্তন আনার পাশাপাশি চলাফেরার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য পাশের খাঁচার সঙ্গে মাঝের বেড়া সরিয়ে দেওয়া হয়, ফলে তার থাকার জায়গা বেড়ে দাঁড়ায় প্রায় ৪৫ বর্গমিটার।
তবে এসব উদ্যোগের পরও আশানুরূপ ফল পাওয়া যায়নি। দুই মাস পরও ওজনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। পরবর্তী সময়ে কিছুটা ওজন কমলেও সম্প্রতি আবারও আগের মতো গোলগাল হয়ে ওঠে বাওবাও। তার নতুন ছবি ও ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনা শুরু হয়।
সম্প্রতি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাওবাওয়ের বয়স বিবেচনায় এখন থেকে আর কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করা হবে না। অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা তার শারীরিক অস্বস্তির কারণ হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চিড়িয়াখানার কর্মীদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাওবাও প্রতিদিন প্রায় ৫০০ গ্রাম মাংস খায়। তার খাবারের তালিকায় রয়েছে গরু ও মুরগির মাংস। সম্প্রতি তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষায় উল্লেখযোগ্য কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্য পরিবেশে চিতাবাঘ সাধারণত ১২ থেকে ১৫ বছর বেঁচে থাকে। সেই হিসাবে ১৯ বছর বয়সী বাওবাও ইতিমধ্যে স্বাভাবিক আয়ুষ্কালের চেয়েও বেশি সময় পার করেছে। তাই এখন তার ওজন কমানোর চেয়ে সুস্থতা বজায় রাখা এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
দুই বছর ধরে ওজন কমানোর নানা চেষ্টা শেষে আপাতত সেই অধ্যায়ের ইতি ঘটেছে বাওবাওয়ের জীবনে। এখন খাওয়া, বিশ্রাম আর নিজের মতো সময় কাটানোই তার দৈনন্দিন রুটিন। গোলগাল চেহারার কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে সে এখনো বেশ জনপ্রিয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ