প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর, ২৬ নভেম্বর, ২০২৬ : আজ রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা ও ধর্মীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকায় ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
এই আয়োজন আগামী ২৮ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম তিন দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হবে এসব কার্যক্রমের মাধ্যমে।
আখেরি মোনাজাত শনিবার অনুষ্ঠিত হবে, যা দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় নিবেদিত।
পীরগাছা থেকে আসা মেহাম্মদ শাহজাহান জানিয়েছেন, তিনি নিজের ঈমান আমলকে মজবুত করার উদ্দেশ্যে ইজতেমায় এসেছেন।
তিনি আরও বলেন, "মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও মতপার্থক্য দূর হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্য প্রতিষ্ঠিত হোক। মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক।"
তারাগঞ্জ থেকে আসা মুসফিকুর রহিম জানান, "আমি দোয়া করি আমরা প্রত্যেকে যেন ইজতেমাকে কেন্দ্র করে হেদায়েতপ্রাপ্ত হই। ইজতেমা শেষে আমরা সবাই যেন আল্লাহ্র রাস্তায় বের হয়ে দ্বীনি শিক্ষা বিস্তার করতে পারি।"
আয়োজক কমিটির দায়িত্বশীল মো. মাহমুদুল আমিন বলেছেন, "ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।"
তিনি উল্লেখ করেন, ইজতেমাকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি জামাত এসেছে এবং তাদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, জেলা ইজতেমায় এবার রংপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি সমাগম হবে।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন বিদেশি জামাতের মেহমানও ইজতেমায় অংশ নিচ্ছেন।
ফজরের নামাজের পর আম বয়ান-
আয়োজক কমিটির হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, "ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।"
স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম জানিয়েছেন, মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে এবং বসানো হয়েছে প্রয়োজনীয় সংখ্যক পানির কল। এসব কলের মাধ্যমে একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন।
আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম।
ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন