প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘকাল ধরে অচল থাকা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পটি পুনরুজ্জীবিত হতে যাচ্ছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাওয়ার প্রত্যাশা করছেন।
সূত্রে জানা গেছে, সরকারের উদ্যোগে প্রকল্পটির জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে। এর আওতায় ৯৬০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে, পাশাপাশি পাম্প হাউস ও সেচ অবকাঠামোও পুনর্বাসিত হবে।
১৯৬২ সালে যাত্রা শুরু করা জি-কে সেচ প্রকল্পের ওপর নির্ভরশীল চার জেলার হাজার হাজার কৃষক। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পাম্পের যন্ত্রপাতি বিকল হওয়া, পদ্মা নদীতে পানির স্বল্পতা এবং খাল ভরাট হয়ে যাওয়ার কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে শ্যালো ও গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন, যা উৎপাদন খরচ বাড়াচ্ছে। কোথাও কোথাও পানির অভাবে ফসলের আবাদ কমাতে হচ্ছে।
এই পরিস্থিতিতে জি-কে সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার জন্য এক হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, ‘প্রকল্পের আওতায় প্রায় ৯৬০ কিলোমিটার সেচ খাল পুনঃখনন ও সংস্কার, প্রধান দুটি পাম্প পুনঃস্থাপন, পাঁচটি সহায়ক পাম্প স্থাপন এবং ৬৬১টি সেচ অবকাঠামো পুনর্বাসন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ উপকেন্দ্র ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থারও সংস্কার করা হবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে। এতে সেচ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে, কৃষকের উৎপাদন খরচ কমবে এবং ফসলের উৎপাদন বাড়বে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে চার জেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এখন কৃষকদের অপেক্ষা, কবে শেষ হবে এই পুনর্বাসন কাজ, এবং ফিরবে জিকে সেচ প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন