বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার খুলনায় সাম্প্রতিক সময়ে এবং চলতি বছরজুড়ে সন্ত্রাসী হামলায় নাগরিকদের হতাহত হওয়া এবং মানুষের চরম নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, খুলনা মহানগরী, জেলা ও আশপাশের অঞ্চলে সম্প্রতি ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, এবং সন্ত্রাসীরা এ অঞ্চলকে খুনের অভয়ারণ্যে পরিণত করেছে। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল সংস্থাগুলো পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, যা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। তিনি সব ধরনের হত্যাকাণ্ড, খুন ও ডাকাতির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকার নিন্দা জানান।
গোলাম পরওয়ার বলেন, ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকাসহ সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন। তার মতে, এটি খুলনা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
গণমাধ্যমের খবর উদ্ধৃত করে তিনি বলেন, ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতেই ছয়জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। এ সময়ে অন্তত ১৩ বার গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরীতে ৩৯টি ও জেলায় ৪০টি মিলিয়ে মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হন। কিছু হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পতিত ফ্যাসিস্ট শক্তি, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকরভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। অতিমাত্রায় দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে বহু সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন। সরকারের ভূমিকা এবং কিছু ক্ষেত্রে শাসক দলের নেতাকর্মীদের দলীয় সন্ত্রাসে প্রশ্রয় দেওয়ার তৎপরতায় তারা অত্যন্ত উদ্বিগ্ন বলে জানান তিনি। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি পতিত স্বৈরাচারের প্রেতাত্মাদের পুনর্বাসনে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, খুলনাসহ সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করতে হবে, প্রয়োজনে লজিস্টিক সহায়তা বাড়াতে হবে এবং সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকায় বিশেষ অভিযান জোরদার করে অপরাধীদের নির্মূল করতে হবে। তা না হলে সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসের মদদদাতা হিসেবে সরকার দায় এড়াতে পারবে না বলে সতর্ক করেন তিনি। স্থিতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়তে সব ধরনের সন্ত্রাস ও দুর্বৃত্তপনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের মহেশখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপন করা হয়েছে বিভিন্ন আয়োজনের মাধ্যমে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার ব্যবস্থা করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় উপজেলা টিডিসি মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তিনি মহেশখালী প্রাণিসম্পদ হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাসও প্রদান করেন।
সভাটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মাসুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৌভ্রাত দাশ, দৈনিক ইনকিলাবের মহেশখালী সংবাদদাতা মো. রমজান আলী এবং গণমাধ্যমকর্মী জয়নাল আবেদীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় দুর্বৃত্তদের দ্বারা একটি পুলিশ বক্সে আগুন লাগানো হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। এতে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে যায়। তবে পুলিশ জানায়, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ভোরে দুর্বৃত্তরা পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন লাগানোর চেষ্টা করে। এর ফলে জানালার কিছু অংশ পুড়ে যায় এবং আগুনের ধোঁয়ায় পুলিশ বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি উল্লেখ করেন, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এর আগে, গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির সময় বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে নগরের মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়া হয়। এসব ঘটনার মধ্যে এবার হালিশহরের বড়পোল এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার কারণে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালিবের হত্যা মামলায় আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সাথে, প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। মামলার প্রেক্ষাপটে জানা যায়, দুই আসামি এখনও পলাতক রয়েছে।
মামলার বিবরণ অনুসারে, জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার কারণে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালিবকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামিদের গ্রেফতার করে।
পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, আদালত এই মামলায় ১৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া আদালত নবী নামে এক আসামিকে খালাস দিয়েছেন। রায় প্রদানের সময় হোসাইন ও তানজিল নামে দুই আসামি পলাতক ছিলেন।
রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সাতজন মিলে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে। আমি আসামিদের সবার ফাঁসি চাই। আমি ন্যায়বিচার চাই। আমি ন্যায়বিচারের জন্য হাইকোর্টে আপিল করব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় নিজ গ্রামবাসীর সমর্থন ও ভালোবাসা নিয়ে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে নামছেন সিলেট মহানগর যুবদলের নেতা মোঃ রনি মিয়া।
তিনি গতকাল নিজ গ্রামের মানুষের সমর্থন, উৎসাহ ও পরামর্শে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর নির্বাচনে অংশগ্রহণের আগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। গ্রামবাসী আগামী ২১শে জানায়ারী ২০২৭ ইং ১ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধ্যনগর সদর ইউনিয়নে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে জানা গেছে।
মোঃ রনি মিয়া জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি আশা করি এলাকাবাসীর সহযোগিতায় নির্বাচিত হয়ে এত্র এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। তিনি বলেন,
নির্বাচিত হলে মধ্যনগর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে চান এই যুবদল নেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ