ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চরের রাজা: ঘোড়ার গাড়ির ব্যবহার বেড়েছে


চরের রাজা: ঘোড়ার গাড়ির ব্যবহার বেড়েছে

তিস্তায় বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠছে। নদীর ঘাটগুলো অনেক দূরে সরে গেছে। চারপাশে শুধু চরের বিস্তীর্ণ বালুচর দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে যান্ত্রিক পরিবহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। তবে শীতকালীন ফসল ও অন্যান্য মালামাল পরিবহনে সমস্যা সৃষ্টি হচ্ছে।

এই সমস্যা সমাধানে গাইবান্ধার তিস্তার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, সদর থেকে জিনিসপত্র আনা কিংবা চর থেকে সদরে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির চাহিদা বর্তমানে অনেক বেড়ে গেছে। ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার কোচোয়ান (ঘোড়ার গাড়ির চালক)।

আরও পড়ুন: ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবককে ৭ বছরের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর এবং কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার খরস্রোতা রূপ এখন আর নেই। নদীটি দীর্ঘদিন ধরে খনন করা হয়নি। ফলে পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে ডুবোচর জেগে উঠছে।

এদিকে, জেগে ওঠা চরে চাষাবাদ করছেন ভাঙনের শিকার হয়ে জমি হারানো পরিবারগুলো। বাজারে তাদের উৎপাদিত ফসলের চাহিদা অনেক বেশি। সেসব ফসল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি এখন চরবাসীর একমাত্র ভরসা।

সম্প্রতি সরেজমিনে বেলকা ও হরিপুর ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। ঘাটগুলোতে সবসময় ১০ থেকে ১৫টি ঘোড়ার গাড়ি অপেক্ষমাণ অবস্থায় থাকে। খেয়া বা রিজার্ভ নৌকা আসা-যাওয়ার সময় ক্রম অনুসারে গাড়িতে মালামাল ওঠান কোচোয়ানরা।

বেলকার চরের কৃষক মান্নান মিয়া জানান, তার দুই বিঘা জমিতে এবার আমন ধান আবাদ হয়েছে। ধান কাটার পর জমি থেকে বাড়ি বা সংলগ্ন ধান মাড়াইয়ের জায়গার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ওই ধান বহনের জন্য কোচোয়ানকে অন্তত দুই হাজার টাকা দিতে হবে। যন্ত্রচালিত যানবাহন হলে খরচ কমতো বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: খুলনায় যুবক রানা কে এলোপাতাড়ি কুপিয়ে জখম

মান্নান মিয়া আরও জানান, বালুচরে অন্য কোনো যানবাহন সহজে চলাচল করতে পারে না। এমনকি তিস্তার শাখা নদী বা খালগুলোর হাঁটু ও গলাপানি পার হতে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো বাহন নেই। তাই খরচ বাড়লেও নিরাপদে ধান বাড়িতে নেওয়া যায়।

একই চরের সৈয়দ আলী জানান, শুধু ধান নয়, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার, বীজসহ যাবতীয় উপকরণ বহনে তিস্তার চরে এখন ঘোড়ার গাড়ির বিকল্প নেই।

হরিপুরের মুদি দোকানি সাহেব আলী বলেন, বেশ কয়েকটি শাখানদী পাড়ি দিয়ে মালামাল নিয়ে আসতে হয়। ঘোড়ার গাড়ি পানির ভেতর দিয়ে চলে আসে। তবে খরচ একটু বেশি। তাই পণ্য বিক্রির সময় দামও বেশি নিতে হয়।

বেলকা চরের গাড়িচালক সাদেকুল মিয়া জানান, সারাদিন ঘোড়ার গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা রোজগার করা যায়। ঘোড়ার খাবার এবং গাড়ির পেছনে প্রায় ৬০০ টাকা খরচ হয়। তবে বর্ষা মৌসুমে বেকার থাকতে হয়। গাড়ি চালানো যায় না। সব সময় ভাড়াও হয় না। এই সময় যা সঞ্চয় করে রাখা যায়।

আরও পড়ুন: পুষ্টির পাঠ ডিমে, প্রাণিসম্পদ সপ্তাহে আনন্দিত শিক্ষার্থীরা

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, তিস্তার চরাঞ্চল এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। পলি জমে থাকায় চরাঞ্চলের মাটিতে অনেক উর্বর। রাসায়নিক সার ছাড়াই ফলন ভালো হচ্ছে। বিশেষ করে ভুট্টা, গম, আলু, মরিচ, পিয়াজ, রসুন, সরিষা, তিল, তিশি; নানা রকমের শাকসবজি এবং ধানের চাষ বেশি হচ্ছে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, কৃষকরা নানা ফসল চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন, কিন্তু পণ্য সরবরাহের জন্য যানবাহন সংকট রয়েছে। তাই ঘোড়ার গাড়ি এখন চরের একমাত্র ভরসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সানগ্লাস পরলেই সোজা জিনিস বাঁকা দেখায় কেন?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সানগ্লাস পরলেই সোজা জিনিস বাঁকা দেখায় কেন?

রোদ থেকে চোখের সুরক্ষা নিশ্চিত করতে অনেকেই সানগ্লাস বা রোদচশমা ব্যবহার করেন। তবে কখনো কখনো সানগ্লাস পরার পর চারপাশের দৃশ্য অস্বাভাবিক মনে হতে পারে। সোজা রেখাকে বাঁকা দেখা, রঙের পরিবর্তন কিংবা কোনো বস্তুকে কিছুটা হেলে আছে বলে মনে হওয়ার অভিজ্ঞতাও হতে পারে। কিন্তু কেন এমন হয়?

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে ভাসান আই কেয়ারের জয়ানগর শাখার রেটিনা, ছানি ও রিফ্র্যাকটিভ সার্জন চিকিৎসক মধুরা এম এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

চিকিৎসকের মতে, সানগ্লাসের লেন্স আলোকে কীভাবে প্রতিফলিত, প্রতিসরিত ও পরিশোধিত করে, তার ওপর নির্ভর করে দৃষ্টিতে এমন পরিবর্তন দেখা দিতে পারে। লেন্সের বাঁক, উপাদান, রঙের প্রলেপ, পোলারাইজেশন এবং তৈরির মানও এর জন্য দায়ী হতে পারে।

পোলারাইজড সানগ্লাস কেন দৃশ্য আলাদা লাগে? পোলারাইজড সানগ্লাস রাস্তা, পানি ও কাচের মতো পৃষ্ঠ থেকে প্রতিফলিত আলো কমিয়ে চোখের ঝলকানি বা গ্লেয়ার নিয়ন্ত্রণ করে। এতে চোখের আরাম বাড়ে এবং দৃশ্য আরো স্পষ্ট হয়। তবে আলো ও বৈপরীত্যের পরিবর্তনের কারণে কারও কারও কাছে চারপাশের উজ্জ্বলতা, দূরত্ব বা গভীরতা কিছুটা আলাদা মনে হতে পারে। বিশেষ করে আলো-অন্ধকারের পরিবেশ পরিবর্তনের সময় কিংবা ডিজিটাল পর্দার দিকে তাকালে বিষয়টি বেশি বোঝা যায়।

সোজা রেখাও বাঁকা দেখায় কেন?

সানগ্লাসের লেন্সের বাঁক সমান না হলে, তৈরিতে ত্রুটি থাকলে কিংবা চোখের সঙ্গে লেন্সের অবস্থান ঠিকভাবে না মিললে দৃষ্টিতে বিকৃতি তৈরি হতে পারে। তখন সোজা রেখাকে বাঁকা, কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে সরে যাওয়া কিংবা চারপাশকে কিছুটা ঢেউখেলানো মনে হতে পারে।

প্রেসক্রিপশনযুক্ত সানগ্লাসের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিতে পারে। লেন্সের পাওয়ার ভুল হলে অথবা নতুন পাওয়ারের সঙ্গে চোখের মানিয়ে নিতে সময় লাগলে এমন অস্বস্তি হতে পারে।

চিকিৎসক মধুরার মতে, নতুন সানগ্লাস ব্যবহারের পর সামান্য দৃষ্টিবিভ্রম হলে অনেক সময় মস্তিষ্ক নতুন দৃশ্যের সঙ্গে মানিয়ে নেওয়ার পর তা ঠিক হয়ে যায়। তবে দীর্ঘ সময় ধরে এমন সমস্যা থাকলে, মাথাব্যথা, মাথা ঘোরা, বমিভাব, দূরত্ব বুঝতে অসুবিধা কিংবা ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এগুলো লেন্সের মান, প্রেসক্রিপশন বা ফ্রেমের অবস্থানজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে। কখনো চোখের অন্য সমস্যার কারণেও এমন হতে পারে।

সানগ্লাস কেনার সময় যা খেয়াল রাখবেন

সানগ্লাস কেনার সময় শুধু লেন্স কতটা গাঢ়, তা দেখে নির্বাচন করা ঠিক নয়। কারণ গাঢ় রঙের লেন্স মানেই বেশি অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা নয়। সূর্যের অতিবেগুনি রশ্মি দীর্ঘদিন চোখের ক্ষতি করতে পারে। তাই ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা দেয়—এমন সনদযুক্ত সানগ্লাস বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

সানগ্লাস পরার পর কয়েক দিন পার হলেও দৃষ্টির বিকৃতি না কমলে সেটি ব্যবহার বন্ধ করে চক্ষু বিশেষজ্ঞ বা অপটোমেট্রিস্টের মাধ্যমে লেন্স পরীক্ষা করানো উচিত। আর সানগ্লাস খুলে ফেলার পরও যদি কোনো বস্তু বাঁকা বা ঢেউখেলানো দেখায়, তাহলে দ্রুত চোখ পরীক্ষা করানো জরুরি। কারণ এ ধরনের সমস্যা রেটিনা বা ম্যাকুলার অসুস্থতার লক্ষণও হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠিত

 

"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালের দিকে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে শেরপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার এ. কে.এম জহিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী অফিসার আসমা বিনতে রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা আব্দুল বাতেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও জেলার বিভিন্ন রাজনীতিবিদ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ার গড়াই নদীতে নির্মিত হচ্ছে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


কুষ্টিয়ার গড়াই নদীতে নির্মিত হচ্ছে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’

কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মাণ হতে চলেছে দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’। কুমারখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতু নির্মাণের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

বর্ষাকালে নৌকায় এবং গ্রীষ্মকালে ধুধু বালুচর পায়ে হেঁটে কুষ্টিয়া শহরে আসতে হয় স্থানীয়দের। ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা, চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিন তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে নদীতে পানি বাড়লে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়, যা মাঝে মাঝে নৌকাডুবির ঘটনাও ঘটায়।

অন্যদিকে, শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে দীর্ঘ বালুচর পায়ে হেঁটে পার হতে হয় স্থানীয়দের।

স্থানীয়দের মতে, কুষ্টিয়া শহরে প্রতিদিন যাতায়াতকারী মানুষের একটি উল্লেখযোগ্য অংশ কয়া, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়ন থেকে আসেন। শহরের নিকটবর্তী বসবাস করেও গড়াই নদীর কারণে স্থানীয়রা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুষ্টিয়ার বড়বাজার থেকে ঘোড়াঘাট পর্যন্ত গড়াই নদীর ওপর একটি সংযোগ সেতু নির্মাণের। প্রায় ৫০ বছর ধরে এ দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছেন স্থানীয়রা। অবশেষে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ তাদের সেই প্রত্যাশাকে নতুন করে জাগিয়ে তুলেছে।

গত ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন। এ সময় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের আবেদন জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান সেতুটি নির্মাণ এবং শহীদ আবরার ফাহাদের নামে নামকরণের আশ্বাস দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়।

একইসঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।

শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ বলেন, গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার পর তিনি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সেতুটি নির্মিত হলে কুমারখালীর নদী তীরবর্তী ইউনিয়নগুলোর সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ির সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগ আরো সহজ হবে। একই সঙ্গে পাবনা জেলার সঙ্গেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে দুই সেতুর অনুমোদন এমপি দিপু ভূঁইয়ার প্রচেষ্টায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


রূপগঞ্জে দুই সেতুর অনুমোদন এমপি দিপু ভূঁইয়ার প্রচেষ্টায়

সরকার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি সেতু পুনর্নির্মাণের অনুমোদন প্রদান করেছে। এর মধ্যে একটি সেতুর কাজ ২৩ বছর ধরে আটকে ছিল। অপর সেতুর সংস্কার হয়নি বিএনপির আমলে নির্মাণের কারণে। এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু গত কয়েক মাস ধরে এ দুটি সেতুর জন্য চেষ্টা করে আসছিলেন। তিনি জাতীয় সংসদেও সেতু দুটি সম্পর্কে আলোচনা করেছেন। ২৪ নভেম্বর সেতু দুটি অনুমোদনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

রূপগঞ্জ উপজেলাধীন বালু নদীর ওপর ৭০০ মিটার চনপাড়া-ডেমরা সেতু এবং অপরটি হলো উপজেলাধীন বালুরপাড়-ইটাখোলা সড়কে ১৫৭০ মিটার চেইনেজে বালু নদীর ওপর ২০০ মিটার সেতু।

বালু নদীর ওপর নির্মিত চনপাড়া-ডেমরা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডি সেতুর উভয় পাশে ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়ে সাইনবোর্ড দিয়েছে। তবুও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

রাজধানী ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের যোগাযোগের সুবিধার্থে বালু নদীর ওপর ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের চনপাড়ায় ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এলজিইডির অর্থায়নে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটির দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। স্থানীয়দের মতে, সেতুটি বিএনপি সরকার নির্মাণ করেছিল, তাই গত ১৬ বছর এটিকে কেউ মেরামত কিংবা সংস্কার করেনি।

অপর সেতুটি বালু নদীর ওপর ঢাকা-নারায়ণগঞ্জের সীমানায় কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় অবস্থিত। বালু নদীর বুকের ওপর জং ধরা রড আর অসম্পূর্ণ পিলার নিয়ে সেতুটি দাঁড়িয়ে আছে। দীর্ঘ ২৩ বছরেও এ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়নি। রাজধানীর সঙ্গে এই সংযোগ সেতু না হওয়ায় লাখো মানুষকে পোহাতে হচ্ছে অন্তহীন দুর্ভোগ, পাড়ি দিতে হচ্ছে ১২-১৩ কিলোমিটার বাড়তি পথ।

সংসদে বিষয়টি তুলে ধরেছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি জানান, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীকালে ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র আটটি পিলার নির্মাণের পর প্রকল্পটি স্থবির হয়ে পড়েছে। পরে দিপু ভূঁইয়া মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%