বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৭ পি.এম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ না করে যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করার ঘটনায় সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটি বাতিল করা এবং শিক্ষকের এমপিও স্থগিতসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগের বিষয়ে একটি রিটের রায়ে এই নির্দেশনা প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় মো. জাহাঙ্গীর আলম লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। কিন্তু ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ দিতে ব্যর্থ হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ২০১৯ সালে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে।
দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আদালত বলেন, "আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না।"
রায়ে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষেত্রে কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ ব্যবস্থা নিতে সক্ষম হবে।
আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সুমন হাওলাদার (২৪) নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় আসামিকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় চণ্ডীদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লামিয়া। সুমন হাওলাদারের সঙ্গে শিশুটির পরিবারের প্রতিবেশীসুলভ সম্পর্ক ছিল, কারণ তারা একই গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২৬ জুন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শিশুটির মা শিউলি আক্তার ইউনিয়ন পরিষদে গেলে লামিয়া বাড়িতে একা ছিল। এ সুযোগে সুমন তাদের বাড়িতে প্রবেশ করে শিশুটির মুখ চেপে ধরে এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় তার মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সুমন খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে তাকে খাটের নিচ থেকে বের হয়ে আসতে বললে সে দ্রুত পালিয়ে যায়। পরদিন শিশুটির মা শিউলি আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা রাকিব হোসেন।
আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।
এ বিষয়ে নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার দায়ে সুমন হাওলাদারকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘বিভিন্ন সময়ে সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হন এসব জেলে। তাদের ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও প্রচেষ্টা চালানো হয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার ৪৩ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।’
এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে ২৪ জেলেকে ফেরত আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা। পরে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ১৫৭ জন এবং রোহিঙ্গা ১৯১ জন। বর্তমানে মিয়ানমারের কারাগারে ৭০ জন বাংলাদেশি জেলে বন্দি রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জীববিদ্যার দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে। বরিশাল বিএম কলেজ কেন্দ্রে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে। হঠাৎ পরীক্ষক লক্ষ্য করেন, ছেলেটি মনে মনে কিছু ভাবছে। সন্দেহ হওয়ায়, কাছে গিয়ে দেখলেন, সে পরীক্ষার খাতায় না লিখে পাশের সিটের উপর কবিতা লেখার কাজে ব্যস্ত!
শিক্ষক মুচকি হেসে মন্তব্য করেন, ‘পরীক্ষার খাতায় না লিখে কবিতা লিখছো! এক ঘণ্টা তো শেষ হয়ে গেছে। তুমি তো পরীক্ষা দিতে এসেছো!’
বাকি দুই ঘণ্টায়, ছেলেটি একবারও কারো দিকে না তাকিয়ে মনোযোগ সহকারে লিখতে শুরু করে। মজার বিষয় হলো, সেদিনের কবিতা লেখার সেই ছাত্রটি দ্বিতীয় বিভাগে পাশ করে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীতে, কবিতার মাধ্যমে তিনি নিঃসঙ্গতাকে শিল্পে রূপান্তরিত করেন।
‘এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
তোমার ওখানে যাবো, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন,
তিনি যদি আমাকে বলেন, তুই শুদ্ধ হ’ শুদ্ধ হবো
কালিমা রাখবো না!’
আবুল হাসান নিঃসঙ্গতার কবি। তার কবিতা বিচ্ছিন্নতাবোধ, স্পর্শকাতরতার ভাষা ও শ্রুতির কথা বলে। তার ভাষা কথ্য কথার সঙ্গী। বাংলা সাহিত্যে তার আবির্ভাব ষাটের দশকে ঘটে। কবিতার মাধ্যমে তিনি নিঃসঙ্গ মানুষ ও মানুষের অন্তর্গত বেদনা এবং মানুষের সংবেদনশীল সত্তার সঙ্গে একাত্ম হয়েছেন। নিঃসঙ্গতাকে তিনি শিল্পে রূপান্তরিত করেছেন।
কবি পরিচয় দিতে গিয়ে কবিতার মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। ‘আবুল হাসান’ কবিতাটি তার ব্যক্তিত্বের একটি প্রতিফলন।
‘আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে, যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, যারা এঘরে ওঘরে যায়
সময়ের সাহসী সন্তান যারা সভ্যতার সুন্দর প্রহরী
তারা কেউ কেউ বলেছে আমাকে—
এটা তোর জন্মদাতা জনকের জীবনের রুগ্ণ রূপান্তর,
একটি নামের মধ্যে নিজেরি বিস্তার ধরে রাখা,
তুই যার অনিচ্ছুক দাস!’
১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বর্নি গ্রামের নানার বাড়িতে তার জন্ম হয়। আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। বাবার চাকরির কারণে ফরিদপুর থেকে ঢাকা চলে আসেন। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন। আরমানিটোলা স্কুলে পড়ালেখার সময় থেকেই তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন।
আবুল হাসান ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার্জন সম্পন্ন করেননি। এক সময় তিনি সাংবাদিকতা শুরু করেন। কাজ করেছেন দৈনিক ইত্তেফাক, গণবাংলা, দৈনিক জনপদ, দৈনিক গণকণ্ঠ-এর মতো প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে।
আবুল হাসানের জীবনে ১৯৭০ সাল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ‘শিকারী লোকটা’ শিরোনামে একটি কবিতার জন্য এ সময় সমগ্র এশিয়াভিত্তিক এক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশেষ পুরষ্কার লাভ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উৎপাদনমুখী শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার খাত সংশ্লিষ্টদের কাছ থেকে সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা চেয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের প্রকৃত মজুরি ও কল্যাণের প্রসঙ্গ তুলে ধরে নজরুল ইসলাম খান মন্তব্য করেন, ‘আমরা যে টাকা বেতন পাই, এই টাকা দিয়ে কী কিনতে পারি এবং কোথায় খরচ করি, তার ওপর নির্ভর করে এই টাকার মূল্য কত। শ্রমিকদের যদি চিকিৎসার ব্যবস্থা হয়, তার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এবং সে যদি ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পায়, তাহলে তার প্রকৃত মজুরি বাড়ে। এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের শ্রমিক আন্দোলন কার্যকর হবে।’
দেশের উন্নয়ন ও ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। এখানে সব মানুষের কল্যাণ সাধনের দায়িত্ব সরকারের, দেশের উন্নয়নও সরকারের দায়িত্ব। এই কাজগুলো করার ব্যাপারে সহযোগিতা করতে হবে। প্রতিনিয়ত সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা দেখছি। এমনকি পাশের দেশের একটি রাজ্যের মন্ত্রী বাংলাদেশকে দখলের কথা বলার মতো দুঃসাহস দেখাচ্ছে। কারণ এমন এক শক্তি তাদের হাতিয়ার হিসেবে কাজ করছে, যারা কখনও বাংলাদেশকে ভালোবাসে না। তারা ক্ষমতায় না থাকলেই বাংলাদেশ তাদের দেশ না; বাংলাদেশের যা হোক, তাতে তাদের কিছু আসে যায় না।’
তিনি আরও যোগ করেন, ‘চব্বিশের ছাত্র-শ্রমিক গণ অভ্যুত্থানে তারা পালিয়ে গেছে। তাদের ফিরে আসার পথ নেই। নেই এই কারণে যে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত ও ধিকৃত। কাজেই তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না, এ দেশের মানুষও তাদের বিশ্বাস করে না। এ রকম একটি পরিস্থিতিতে আমাদের কাজ করতে হবে দেশ ও দেশের মানুষের কল্যাণ সামনে রেখে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণের নির্বাচিত সরকার এবং এ দেশের শ্রমজীবী মানুষের আস্থার জায়গা জাতীয়তাবাদী শ্রমিক দল মিলে এই কাজটি করতে পারবে। আমি আপনাদের সহযোগিতা চাই, বরাবর আপনারা সহযোগিতা করেছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে জীবন ও সম্পদের সুরক্ষায় প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সচেতনভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, সিস্টেম ও হালনাগাদ তথ্য নিয়ে আয়োজিত এবারের মেলায় ৩০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান তাদের অগ্নিনির্বাপক প্রযুক্তি তুলে ধরছে।
এসময় বিকেএমইএর সভাপতি জানান, ফায়ার সেফটি নিশ্চিত না হলে কোনো পোশাক কারখানাকে সংগঠনটির সদস্যপদ দেয়া হয় না। বিকেএমইএর সদস্য হতে অবশ্যই পোশাক কারখানাকে শতভাগ ফায়ার সেফটি নিশ্চিত করতে হবে। তবে সনদ নেয়ার ক্ষেত্রে অযৌক্তিক বিড়ম্বনা দূর করার দাবি জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ