প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ না করে যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করার ঘটনায় সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটি বাতিল করা এবং শিক্ষকের এমপিও স্থগিতসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগের বিষয়ে একটি রিটের রায়ে এই নির্দেশনা প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় মো. জাহাঙ্গীর আলম লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। কিন্তু ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ দিতে ব্যর্থ হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ২০১৯ সালে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে।
দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আদালত বলেন, "আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না।"
রায়ে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ক্ষেত্রে কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ ব্যবস্থা নিতে সক্ষম হবে।
আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন