বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৮ পি.এম
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘প্ল্যানেটরি হেলথ’ বা বৈশ্বিক পরিবেশগত স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার তাগিদ প্রদান করেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এসব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা এবং তীব্র তাপপ্রবাহ; জলবায়ু সংকটের সরাসরি প্রভাব দেশের মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় গবেষণাকে শুধুমাত্র পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে এটি কাজে লাগানো আবশ্যক। উচ্চশিক্ষার পাঠ্যক্রমে এ সংক্রান্ত শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষজ্ঞরা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্ল্যানেটারি হেলথ্ শিক্ষাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করার প্রয়োজন। এছাড়াও, প্রমাণ-ভিত্তিক এবং স্থানীয়ভাবে উপযুক্ত সমাধান তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় কমিউনিটির সঙ্গে গবেষণা ও অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশে সুপেয় পানি, রেলপথ আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ চিত্র তুলে ধরেন ইইউ প্রতিনিধি ড. মিখাল ক্রেইজা।
তিনি ঢাকা ও আশপাশের নদীগুলোর দূষণের বিষয়টি উল্লেখ করেন। একইসঙ্গে সুপেয় পানির স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও সতর্ক করেন।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, 'প্ল্যানেটরি হেলথ' কোনো বিলাসী বিষয় নয়, বরং জাতীয় উন্নয়নের অগ্রাধিকার। তিনি উচ্চশিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রকল্প শেষে এই শিক্ষা কাঠামো ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ীভাবে চালু রাখার ওপর জোর দেন অংশীজনরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ধ্বংসের জন্য সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, "দেশকে ধ্বংস করতে সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে। ভয়ের পরিস্থিতি তৈরি করতে দেশে নৈরাজ্য চালানো হচ্ছে।"
তিনি জানান, দখলদারের রাজনীতি আর মেনে নেয়া হবে না। রুহুল কবির রিজভী বলেন, "এ দেশটাকে লুটপাটের বাগানবাড়িতে পরিণত করা হয়েছিল। বড় বড় প্রজেক্টের নামে টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্টরা। আবারও দেশটাকে লুটের রাজ্যে পরিণত করার জন্য অস্থিতিশীল করতে চাচ্ছে তারা।"
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের সরকারকে বলতে চাই, এত মদদ দিয়েন না। যে সুসম্পর্ক আছে, তা নষ্ট কইরেন না। পশ্চিমবঙ্গের মন্ত্রী বলছেন, ডিসেম্বরে ঢাকা দখল করা হবে। আমরাও বসে বসে আঙ্গুল চুষব না। আমরা জীবন দিয়ে আধিপত্যবাদ ঠেকাব, এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেব না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রথমবারের জন্য উন্নত ড্রোন হামলা প্রতিরোধের জন্য ২০ ধরনের প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যে যৌথ পরীক্ষা সম্পন্ন করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।
‘ব্ল্যাক স্যান্ডস’ নামে পরিচিত এই প্রকল্পে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা গবেষণা সংস্থার পাশাপাশি বেসরকারি নিরাপত্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও অংশগ্রহণ করেছে। পরীক্ষায় আধুনিক চালকবিহীন আকাশযানের (ইউএভি) হুমকি মোকাবিলায় বিভিন্ন প্রযুক্তি এবং প্রতিরোধব্যবস্থার সক্ষমতা মূল্যায়ন করা হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই দেশের সামরিক বাহিনীর সরাসরি সহযোগিতায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে এসব পরীক্ষা পরিচালিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো উন্নত ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা বৃদ্ধি করা এবং নতুন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, প্রতিরক্ষা প্রযুক্তিতে ইসরাইলের কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবেই ‘ব্ল্যাক স্যান্ডস’ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। তবে পরীক্ষাগুলোর নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক কিম্বারলি প্রস্ট যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করার দায়িত্ব পালন করছেন। তবে, এই দায়িত্ব পালনের কারণে তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন, যা তার পেশাগত জীবনকে প্রভাবিত করছে।
নিষেধাজ্ঞার প্রভাব এতটাই ব্যাপক যে, তিনি লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে গুগল ম্যাপস ব্যবহার করতে পারছেন না। ব্যাংক লেনদেন এবং দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডেও তিনি নানা বাধার সম্মুখীন হচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডীয় বিচারক প্রস্ট বলেন, "নিষেধাজ্ঞার কারণে প্রতিদিনের জীবনেই তাকে নানা চাপ মোকাবিলা করতে হচ্ছে।" অর্থ স্থানান্তরের সময় লেনদেন সম্পন্ন হবে কি না, কিংবা ক্রেডিট কার্ড ছাড়া কীভাবে প্রয়োজনীয় কাজ করবেন—এসব বিষয় নিয়ে ভাবতে হচ্ছে তাকে। এমনকি, নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে এক নবদম্পতিকে বিয়ের উপহার পাঠানোর অর্থও আটকে দেওয়া হয়েছিল।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে একটি নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশের মাধ্যমে আইসিসির তদন্তে সহযোগিতা প্রদানকারীদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয় প্রশাসনকে। পরবর্তীতে আদালতের বিচারক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রতিষ্ঠানটির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ার আইসিসির আপিল চেম্বারের সিদ্ধান্তে অংশ নেওয়ার কারণে ২০২৫ সালের আগস্টে নিষেধাজ্ঞার শিকার হন প্রস্ট।
তবে তিনি নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়ে বলেন, "প্রমাণের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আজও একই সিদ্ধান্ত নিতেন।" ২০০২ সালে আইসিসি প্রতিষ্ঠার জন্য রোম সংবিধি প্রণয়নের আলোচনায় তিনি অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে ১২৫টি দেশ এই চুক্তির সদস্য। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও ইসরায়েল এর সদস্য নয়। তবে আইসিসির কাছে ফিলিস্তিন ও আফগানিস্তানে সংঘটিত কথিত অপরাধের তদন্তের এখতিয়ার রয়েছে।
গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, "প্রয়োজনে ইটের পর ইট খুলে আইসিসি ভেঙে ফেলা হবে।" প্রস্টের মতে, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত সতর্কতা দেখাচ্ছে। এর ফলে আদালতের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে মার্কিন ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে আইসিসি।
সম্প্রতি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির একটি বেঞ্চ। প্রসিকিউশনের সক্ষমতা নিয়ে আস্থার অভাবকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউটরের দপ্তর।
এত চাপের মধ্যেও আদালতের কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন প্রস্ট। তার ভাষায়, "ভীতি প্রদর্শনের মুখে আইসিসিকে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।" কারণ, আদালতের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে আসা ভুক্তভোগীদের গুরুত্ব অনেক বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর সাদিয়া আফরিনকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান এবং কেন্দ্রীয় দপ্তর বরাবর সশরীরে জবাব জমা দিতে বলা হয়েছে তাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ