ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাত পাকে বাঁধা পড়বে বট-পাকুড় গাছ, রুহিৎপুরে বিয়ের আয়োজন


সাত পাকে বাঁধা পড়বে বট-পাকুড় গাছ, রুহিৎপুরে বিয়ের আয়োজন

মন্ত্রী, এমপি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের, শিল্পপ্রতিষ্ঠানের মালিকের সন্তান এবং ঢাকাই চলচ্চিত্রের নায়ক-নায়িকার বিয়েতে যেভাবে সানাই বাজানো হয়, হাজারো মানুষের সমাগম ঘটে এবং ভোজের আয়োজন করা হয়, ঠিক একইভাবে সব নিয়ম মেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী বিয়ে।

তবে এই বিয়েতে বর হিসেবে কোনো মানুষ নয়, বরং একটি পাকুড়গাছ। কনে হিসেবে রয়েছে একটি বটগাছ। পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই দুই গাছের বিয়েকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে।

আগামী ২৭ নভেম্বর সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে অনুষ্ঠিত হবে পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের। এই বিয়েকে ঘিরে গ্রামজুড়ে চলছে নানা আয়োজন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের দাওয়াতপত্র। আয়োজকদের আশাবাদ, সহস্রাধিক মানুষের সমাগমে বর্ণিল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: বিশ্বের ৫ বিচিত্র কেক: গোবরের মতো কেক থেকে কুৎসিত ভেড়া

স্থানীয় বাসিন্দাদের মতে, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ ও একটি পাকুড়গাছ পাশাপাশি বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ের কারণে গাছ দুটি ভেঙে পড়ে। পুরোনো এই জুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয় লোকজন পাশেই নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় চারা দুটি এখন বেশ বড় হয়ে উঠেছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা গাছ দুটিকে এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিয়ের আগে বর-কনের নামও ঠিক করা হয়েছে। পাকুড়গাছটির নাম রাখা হয়েছে তীর্থ শিকদার। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে গাছটিকে। অন্যদিকে, বটগাছটির নাম রাখা হয়েছে শুক্লা সরকার। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে তাকে। প্রথমে চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার এই নাম দুটি প্রস্তাব করেন। পরে গ্রামবাসী তাতে সম্মতি জানান।

বিয়েতে পুরোহিত মন্ত্র পাঠের মাধ্যমে শুভদৃষ্টি ও সাতপাকে বাঁধবেন নবদম্পতিকে। সানাইয়ের সুর, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে বিয়েতে। আয়োজনের ব্যয় বহন করবেন গ্রামবাসী।

সরেজমিনে রুহিৎপুর গ্রামে গিয়ে গাছের বিয়ের কথা জানতে চাইলে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। গ্রামের একটি চায়ের দোকানের সামনে চা পান করছিলেন অখিল চন্দ্র দাস (৬০)। তিনি আগ্রহের সঙ্গে দেখিয়ে দিলেন গাছ দুটি।

আরও পড়ুন: সানগ্লাস পরলেই সোজা জিনিস বাঁকা দেখায় কেন?

গ্রামের ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া পুরোনো গাছ দুটির গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। এর পাশে দাঁড়িয়ে আছে হবু বর-কনে। চিকন হলেও পাকুড়গাছটির উচ্চতা প্রায় ১৫ ফুট। আর বটগাছটির উচ্চতা প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে ইট-সিমেন্টের গোলাকার বেষ্টনী রয়েছে। এর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ পাশে আরও দুটি বটগাছ দেখা যায়।

অখিল চন্দ্র দাস জানান, ভেঙে পড়া বটগাছের শিকড় থেকেই ওই দুটি গাছের জন্ম। এলাকাবাসী সেগুলোরও যত্ন নেন।

গ্রামের বাসিন্দা ও বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, ভেঙে পড়া গাছ দুটির সঠিক বয়স কেউ জানেন না। তার জন্মের পর থেকেই তিনি গাছ দুটি দেখে আসছেন। তার বাবা ও দাদারাও গাছ দুটি দেখেছেন। গাছের পাশের জায়গায় প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হতো। তাদের এলাকার পরিচিতিই ছিল গাছ দুটিকে ঘিরে। তার ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি ছিল।

তিনি বলেন, ‘তিন বছর আগে হঠাৎ ঝড়ে জোড়া বট ও পাকুড়গাছ পড়ে যায়। গাছের গোড়া অর্ধেক উপড়ে গিয়েছিল। রাস্তার ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ কাটার লোক ডাকা হয়েছিল। কিন্তু গাছ দুটি অনেক পুরোনো, সেখানে পূজা-অর্চনাও হতো। এ কারণে কেউ কাটতে রাজি হননি। পরে রাস্তা পরিষ্কার করে গাছ দুটি পাশে সরিয়ে রাখা হয়। পাশের জায়গা পরিষ্কার করে আমরা নতুন করে বট ও পাকুড়গাছের চারা রোপণ করি। গাছ দুটি এখন বেশ বড় হয়েছে। শাস্ত্রমতে তাদের বিয়েও দিতে হবে।’

আরও পড়ুন: দুই বছর চেষ্টা করেও কমেনি চিতাবাঘের ওজন, ডায়েট বন্ধ করল চিড়িয়াখানা

গ্রামের বাসিন্দা লিটন মিয়া (৪৫) বলেন, ‘আমরাও একসময় গাছ দুটির ছায়ায় বসতাম। হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা করতেন। এখন ভক্তরা গাছ দুটির বিয়ের আয়োজন করছেন। বিষয়টি আমাদের জন্যও আনন্দের। আমরা বট-পাকুড় গাছের বিয়েতে অনেক আনন্দ করব।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়েতে সানাই বাজবে, গ্রামে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। থাকবে মধ্যাহ্নভোজের আয়োজনও। তবে দাওয়াতপত্র শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয় লোকজন দাওয়াত ছাড়াই বিয়ের ভোজে অংশ নেওয়া এবং বর-কনেকে দেখার অপেক্ষায় রয়েছেন। পুরো আয়োজনের ব্যয় বহন করবেন গ্রামবাসী।

বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তাঁর দুই মেয়ে রয়েছে। তিনি বলেন, ‘একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হবে। এ বিয়েতে কোনো যৌতুক থাকবে না।’

কনের বাবা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়েকে হারানোর সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির (শুক্লা সরকার) বাবা হয়েছেন।

আরও পড়ুন: আজ থ্যাংকসগিভিং ডে: কৃতজ্ঞতা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব

পবিত্র কুমার সরকারের ভাষ্য, ‘সাধারণত বিয়ের পর কনেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। এ নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যাও হয়। এই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার মেয়ের সঙ্গে কারও বিবাদ হবে না। বর-কনে আজীবন পাশাপাশি থাকবে। আমি আর চিত্ত রঞ্জনও সারা জীবন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মাকে হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে শাবলের আঘাত, যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


বরিশালে মাকে হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে শাবলের আঘাত, যুবক আটক

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মায়ের হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে শাবলের আঘাতের ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা ঘাতক ছেলে রবিউলকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ভাসানচর ইউনিয়নের হাজিকান্দা গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত নীরু বেগম (৫৫) ওই এলাকার রহিম ফকিরের স্ত্রী। জানা গেছে, এই দম্পতির ছেলে রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানিয়েছেন, রবিউল পেশায় কৃষক এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সকালে তিনি তার মায়ের কাছে টাকা চান। মা নিরু টাকা দিতে অস্বীকার করলে তর্কাতর্কির এক পর্যায়ে রবিউল তার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। বাড়ির অন্যান্য সদস্যরা নীরুকে উদ্ধার করে দফাদার হাটের মেডিফাস্ট ডায়গনেস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাতুব্বর আরো জানান, ঘটনার সময় রবিউল তার বৃদ্ধ পিতা রহিম ফকিরকেও মারধর করেছে। গ্রামবাসীরা রবিউলকে আটক করে কাজীরহাট থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

কাজীরহাট থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘টাকার জন্য রবিউল তার মা নিরু বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকিতে উচ্চশিক্ষায় ‘প্ল্যানেটরি হেলথ’ পাঠে গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকিতে উচ্চশিক্ষায় ‘প্ল্যানেটরি হেলথ’ পাঠে গুরুত্বারোপ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‌‘প্ল্যানেটরি হেলথ’ বা বৈশ্বিক পরিবেশগত স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার তাগিদ প্রদান করেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এসব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা এবং তীব্র তাপপ্রবাহ; জলবায়ু সংকটের সরাসরি প্রভাব দেশের মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় গবেষণাকে শুধুমাত্র পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে এটি কাজে লাগানো আবশ্যক। উচ্চশিক্ষার পাঠ্যক্রমে এ সংক্রান্ত শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষজ্ঞরা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্ল্যানেটারি হেলথ্ শিক্ষাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করার প্রয়োজন। এছাড়াও, প্রমাণ-ভিত্তিক এবং স্থানীয়ভাবে উপযুক্ত সমাধান তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় কমিউনিটির সঙ্গে গবেষণা ও অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশে সুপেয় পানি, রেলপথ আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ চিত্র তুলে ধরেন ইইউ প্রতিনিধি ড. মিখাল ক্রেইজা।

তিনি ঢাকা ও আশপাশের নদীগুলোর দূষণের বিষয়টি উল্লেখ করেন। একইসঙ্গে সুপেয় পানির স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও সতর্ক করেন।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, 'প্ল্যানেটরি হেলথ' কোনো বিলাসী বিষয় নয়, বরং জাতীয় উন্নয়নের অগ্রাধিকার। তিনি উচ্চশিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রকল্প শেষে এই শিক্ষা কাঠামো ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ীভাবে চালু রাখার ওপর জোর দেন অংশীজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ ধ্বংসে ওপার থেকে নির্দেশনা আসছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


দেশ ধ্বংসে ওপার থেকে নির্দেশনা আসছে: রিজভী

বাংলাদেশের ধ্বংসের জন্য সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এই কথা বলেন।

রিজভী বলেন, "দেশকে ধ্বংস করতে সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে। ভয়ের পরিস্থিতি তৈরি করতে দেশে নৈরাজ্য চালানো হচ্ছে।"

তিনি জানান, দখলদারের রাজনীতি আর মেনে নেয়া হবে না। রুহুল কবির রিজভী বলেন, "এ দেশটাকে লুটপাটের বাগানবাড়িতে পরিণত করা হয়েছিল। বড় বড় প্রজেক্টের নামে টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্টরা। আবারও দেশটাকে লুটের রাজ্যে পরিণত করার জন্য অস্থিতিশীল করতে চাচ্ছে তারা।"

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের সরকারকে বলতে চাই, এত মদদ দিয়েন না। যে সুসম্পর্ক আছে, তা নষ্ট কইরেন না। পশ্চিমবঙ্গের মন্ত্রী বলছেন, ডিসেম্বরে ঢাকা দখল করা হবে। আমরাও বসে বসে আঙ্গুল চুষব না। আমরা জীবন দিয়ে আধিপত্যবাদ ঠেকাব, এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেব না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রোন ভূপাতিত করতে প্রযুক্তি পরীক্ষায় ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ড্রোন ভূপাতিত করতে প্রযুক্তি পরীক্ষায় ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ

প্রথমবারের জন্য উন্নত ড্রোন হামলা প্রতিরোধের জন্য ২০ ধরনের প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যে যৌথ পরীক্ষা সম্পন্ন করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

‘ব্ল্যাক স্যান্ডস’ নামে পরিচিত এই প্রকল্পে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা গবেষণা সংস্থার পাশাপাশি বেসরকারি নিরাপত্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও অংশগ্রহণ করেছে। পরীক্ষায় আধুনিক চালকবিহীন আকাশযানের (ইউএভি) হুমকি মোকাবিলায় বিভিন্ন প্রযুক্তি এবং প্রতিরোধব্যবস্থার সক্ষমতা মূল্যায়ন করা হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই দেশের সামরিক বাহিনীর সরাসরি সহযোগিতায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে এসব পরীক্ষা পরিচালিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো উন্নত ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা বৃদ্ধি করা এবং নতুন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, প্রতিরক্ষা প্রযুক্তিতে ইসরাইলের কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবেই ‘ব্ল্যাক স্যান্ডস’ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। তবে পরীক্ষাগুলোর নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%