রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৪৩ পি.এম
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। সম্প্রতি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত চৌধুরী বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দীর্ঘ অভিনয়জীবনে রিফাত চৌধুরী পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা অর্জন করেছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও রিফাত চৌধুরীর দীর্ঘ পথচলা রয়েছে। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে কবিতার জগতে তার যাত্রা শুরু হয়। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসারের ব্যস্ততার মাঝে কখন শেষবার নিজের স্ত্রীকে মন খুলে প্রশংসা করেছেন? যদি মনে করতে না পারেন, তবে আজই হতে পারে সেই সুযোগ। কারণ আজ স্ত্রী প্রশংসা দিবস—এটি এমন একটি দিন, যখন জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও তার অবদানের স্বীকৃতি জানানো হয়।
প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার Wife Appreciation Day পালিত হয়। চলতি বছর ২০ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হচ্ছে। তবে দিবসটির প্রতিষ্ঠাতা বা শুরুর ইতিহাস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। বিভিন্ন সূত্রে ২০০৬ সালের দিকে এর প্রথম উল্লেখ পাওয়া যায়।
দাম্পত্য জীবনে প্রতিদিনের নানা দায়িত্ব পালনের সময় স্ত্রী অনেক কাজই নীরবে করে যান। তাই এই বিশেষ দিনে তার ছোট-বড় কাজগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। উপহার দেওয়ার পাশাপাশি আন্তরিক কিছু কথা বলা বিশেষ হয়ে উঠতে পারে।
আরো পড়ুন
ঘুম ভাঙার পর শাহরুখ প্রথমে যা করেন
যেভাবে নিজের স্ত্রীকে প্রশংসা করতে পারেন
মন খুলে প্রশংসা করুন: তার কোন কাজটি আপনার ভালো লাগে, সেটি সরাসরি তাকে বলুন। প্রশংসাটা যেন আনুষ্ঠানিক না হয়ে ব্যক্তিগত ও আন্তরিক হয়।
কিছুটা সময় দিন: ব্যস্ততার মাঝে ফোন বা অন্য কাজ সরিয়ে রেখে শুধু তার সঙ্গে কথা বলা কিংবা একসঙ্গে সময় কাটানোও একটি সুন্দর উপায় হতে পারে।
পছন্দের কিছু করুন: তার পছন্দের খাবার তৈরি করা, বাইরে খেতে নিয়ে যাওয়া বা প্রিয় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।
ছোট্ট উপহার দিন: ফুল, বই, প্রিয় কোনো খাবার অথবা তার পছন্দের ছোট কিছু দিয়ে তাকে চমকে দেওয়া যেতে পারে।
কাজে পাশে থাকুন: ঘরের কোনো দায়িত্ব নিজের হাতে নিয়ে তাকে কিছুটা সময় বিশ্রামের সুযোগ করে দেওয়া হতে পারে অর্থবহ একটি প্রশংসা।
কৃতজ্ঞতা জানান: জীবনের নানা সময়ে পাশে থাকার জন্য সরাসরি ‘ধন্যবাদ’ বলাও গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার সম্পর্কেও কৃতজ্ঞতার প্রকাশ অনেক সময় না বলা থেকে যায়।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি—‘স্ত্রী প্রশংসা দিবস’ মানে যাকে-তাকে স্ত্রী ভেবে প্রশংসা করা নয়! স্ত্রী যেন নিজেরই হয়। আর নিজের সেই জীবনসঙ্গীকে প্রশংসা করার জন্য বিশেষ কোনো দিবসের অপেক্ষা হয়তো দরকার নেই; প্রতিদিনের ছোট্ট যত্ন আর স্বীকৃতিই সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুদানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ড. তিজানি আবদুল কাদের হামিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল প্রায় ৭৫ বছর। তাঁর মৃত্যুতে বিশ্বের ইসলামী ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শনিবার দোহার মুসাইমির কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
অধ্যাপক ড. তিজানি আবদুল কাদের তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সুদান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, আমিরাত ও কাতারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইবনে খালদুন সেন্টার ফর হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে ইবন খালদুন সেন্টার এক শোক বার্তায় জানিয়েছে,
ইবনে খালদুন সেন্টারের সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. তিজানি আবদুল কাদের হামিদ ইন্তেকাল করেছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন ড. তিজানিকে তাঁর অশেষ রহমতে আবৃত করেন, তাঁকে জান্নাতের প্রশস্ত স্থান দান করেন এবং তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন। মরহুমের জানাজা আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দোহায় মাসাইমির কবরস্থানে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর শায়খ আবদুল্লাহ আল-আনসারি কমপ্লেক্সের খাদিমুল ইলম হলে পুরুষদের জন্য শোকসভা ও সমবেদনা গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ড. তিজানির ইন্তেকালে এক বিবৃতিতে ইউনিয়ন অব মুসলিম স্কলারস গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সংগঠনটি বলেছে, গবেষণা, শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি ইসলামী চিন্তাধারা, রাষ্ট্রবিজ্ঞান, কুরআনবিষয়ক গবেষণা ও সংস্কারমূলক চিন্তায় ড. তিজানি আবদুল কাদেরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর কর্মকাণ্ড সুদানসহ মুসলিম বিশ্বের একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। প্রয়াত এই শিক্ষাবিদ ছিলেন ব্যাপক জ্ঞান ও বহুমাত্রিক আগ্রহের অধিকারী। তাঁর গবেষণাকর্মে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী চিন্তাধারা, কুরআনবিষয়ক গবেষণা এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানের সমন্বয় ঘটেছিল।
ড. তিজানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ আলী মুহাম্মদ আস-সালাবি লিখেছেন, অধ্যাপক তিজানি আবদুল কাদেরের কয়েক দশকের কর্মময় জীবনজুড়ে গবেষণা, শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি ইসলামী চিন্তাধারা, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কার, রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং সুদান ও মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সুদান, আরব বিশ্ব ও মুসলিম বিশ্ব একজন চিন্তাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হারাল বলে উল্লেখ করেন আস-সালাবি।
তিনি বলেন, অধ্যাপক তিজানি আবদুল কাদের ছিলেন বিস্তৃত আগ্রহের একজন চিন্তাবিদ। তাঁর চিন্তাচর্চায় ছিল বিষয়গুলোর গভীর ও শান্ত বিশ্লেষণ। তিনি মানুষের বাস্তব জীবনের সঙ্গে চিন্তার সংযোগ এবং কুরআনের বাণীর সঙ্গে সমাজ ও রাজনীতির সমকালীন প্রশ্নগুলোর সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছেন।
ড. তিজানি আবদুল কাদের ১৯৫১ সালে উত্তর কর্ডোফানের উম্মু দাম এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি খার্তুম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে লন্ডনের হিল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘উসুল আল-ফিকর আল-সিয়াসি ফি আল-কুরআন আল-মাক্কি’ (মক্কি কোরআনে রাজনৈতিক চিন্তার মূলনীতি), ‘আল-ইসলাহ ফি আল-কুরআন’ (কোরআনে সংস্কার ভাবনা), ‘মুকাদ্দিমা ফি ফালসাফাহ আল-সিয়াসাহ’ (রাজনৈতিক দর্শনের ভূমিকা), ‘মুশকিলাতুল ফাকর: মুকাদ্দিমাতুন ফি উসূলিল ইকতিসাদিস সিয়াসি ফিল ইসলাম’ (দারিদ্র্যের সমস্যা: ইসলামী রাজনৈতিক অর্থনীতির মৌলিক ভিত্তির ভূমিকা), ‘আল-ইসলাহ ফিল কুরআন: ইস্তিকশাফুল মাফহুম ওয়া বিনাউন্নাজরিয়্যাহ’ (কোরআনে সংস্কার: ধারণার অনুসন্ধান ও তত্ত্ব নির্মাণ), ‘ইশকালিয়্যাতুল কুরআনিল মাক্কি ফি দিরাসাতিল মুশতাশরিকীন’ (প্রাচ্যবিদদের গবেষণায় মক্কি কুরআনের জটিলতা), ‘আল-মাফহুমুল কুরআনি ওয়াত-তানযীমুল মাদানি: দিরাসাতুন ফি উসূলিন্নিযামিল ইজতিমাইয়্যিল ইসলামী’ (কোরআনিক ধারণা ও নাগরিক সংগঠন: ইসলামী সামাজিক ব্যবস্থার মৌলিক ভিত্তির একটি অধ্যয়ন) এবং ‘নিজাউল ইসলামিয়্যিন ফি আস-সুদান’ (সুদানে ইসলামপন্থীদের দ্বন্দ্ব)। এ ছাড়া সুদানের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন নিয়েও তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে ভারত। ১৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানার দল মাত্র ৮১ রানে গুটিয়ে যায়। ম্যাচটি বাংলাদেশ ১১৪ রানের ব্যবধানে হারায়।
টস জিতে আগে ব্যাটিং শুরু করে ভারত। শেফালি ভার্মার সেঞ্চুরির সাহায্যে চার উইকেট হারিয়ে তারা ১৯৫ রান তোলে। ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শুরুতেই মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার মাইলফলক স্পর্শ করেন স্মৃতি মান্ধানা। ৮ রান করেই নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলেন তিনি।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শুরুতেই ধসে পড়ে। দ্বিতীয় ওভারে জুয়াইরিয়া ফেরদৌস ফিরে যান। এরপর একে একে বিদায় নেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা এবং স্বর্ণা। বাংলাদেশ মাত্র আট ওভারে চার উইকেট হারায়।
দলীয় ৪৯ রানে বিদায় নেন দিলারা আক্তার, যিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন। এরপর নাহিদা এবং রাবেয়াকে টানা দুই বলে ফেরান পেসার নন্দিনী শর্মা। তার হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তে তা আটকে দেন সুলতানা।
শেষ পর্যন্ত বাংলাদেশ ১৫.৪ ওভারে অলআউট হয়। ভারতের নন্দিনী শর্মা এবং দিপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে ভারত ফাইনালে পৌঁছেছে। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের শার্শা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে হাতিরঝিল এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিলের ওই স্থান থেকে তাকে আটক করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক সোহরাব হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টার সময় রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে হাতিরঝিল থানার পুলিশ শার্শা থানার পুলিশকে এই ঘটনার বিষয়ে অবহিত করে। গ্রেপ্তার হওয়া সোহরাব হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ